সেঞ্চুরিতে সমাপ্তি এলগারের ২০ বছরের পথচলার
ক্যারিয়ারের শেষ ইনিংসে সেঞ্চুরি উপহার দিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ হাজারের বেশি রান করা ব্যাটসম্যান।
ক্যারিয়ারজুড়ে ডিন এলগারের পরিচিতি ছিল লড়িয়ে ক্রিকেটার হিসেবে। পেশাদার ক্যারিয়ারের শেষ ইনিংসেও সেই লড়াইয়ের ছাপ রাখলেন তিনি। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এসেক্সের হয়ে উপহার দিলেন দারুণ এক সেঞ্চুরি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে শনিবার গ্ল্যামরগনের বিপক্ষে ১৮১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন এলগার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ বছরের ক্যারিয়ারে তার ৫৭তম সেঞ্চুরি এটি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬ টেস্ট খেলঅ ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন ২০২৪ সালের জানুয়ারিতে। এরপরই এসেক্সের সঙ্গে চুক্তি করেন তিনি তিন বছরের। ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান গত মাসে জানান, এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ দিয়েই অবসরে যাবেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকে।
তার বিদায়ী ম্যাচে এসেক্স লড়ছে ম্যাচ বাঁচানো। কার্ডিফে গ্ল্যামরগনের প্রথম ইনিংস শেষ হয় ৫০৫ রানে। এসেক্স প্রথম ইনিংসে গুটিয়ে যায় স্রেফ ১২৯ রানে। এলগার ফেরেন ২ রানে। ফলো-অনের পর দলের লড়াইয়ে নেতৃত্ব দেন তিনি। এসেক্স তৃতীয় দিন শেষ করে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৩১ রান নিয়ে।
প্রথম শ্রেণির ক্রিকেটে এলগারের অভিষেক ২০০৬ সালে। ২৮৪ ম্যাচে ১৯ হাজার ৩৬২ রান করে শেষ হচ্ছে ক্যারিয়ার। ৫৭ সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৭৭টি। নিজ দেশে খেলেছেন তিনি টাইটান্স, ঈগলস ও ফ্রি স্টেটের হয়ে। কাউন্টিতে এসেক্সের আগে খেলেছে সারে ও সমারসেটে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে ১৪ সেঞ্চুরিতে ৫ হাজার ৩৪৭ রান করেছেন তিনি ৩৭.৯২ গড়ে। দেশকে নেতৃত্ব দিয়েছেন ১৮ টেস্টে।
এসেক্সের হয়ে এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। তবে গত মাসের বিদায়ের ঘোষণার সময় বলেছিলেন, পরিবারকে সময় দিতেই তার এই সিদ্ধান্ত।
"আমার মনে হয়, এটাই সঠিক সময় (অবসরের)। বয়স তো আর কমছে না, ৩৯ বছর হয়ে গেছে। বাড়িতে আমার ছোট কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠা পরিবার আছে এবং অনেক কিছু করতে হচ্ছে। এখন আমার জন্য বাড়িতে থাকা এবং আমার সঙ্গিনী ও সন্তানদের পাশে থাকাটাই সঠিক সময়।
এখন পর্যন্ত এই যাত্রাটা দারুণ ছিল। এখনও শেষ হয়নি, তবে এই মৌসুমের শেষে আমি অবসর নেব।”
