টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচ পোলার্ড
প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক দলের কোচ হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডার।
কাইরন পোলার্ডকে কোচিং স্টাফে যুক্ত করেছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডার আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের সহকারী কোচ হিসেবে কাজ করবেন।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) রোববার এক বিবৃতিতে এই নিয়োগের কথা জানিয়েছে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ পোলার্ড। এই সংস্করণে তিনি খেলেছেন ছয়শর বেশি ম্যাচ।
৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ১০১টি টি-টোয়েন্টি। ১৩৫ এর বেশি স্ট্রাইক রেটে করেছেন দেড় হাজারের বেশি রান। মিডিয়াম পেসে নিয়েছেন ৪২ উইকেট। ২০১২ সালে শ্রীলঙ্কায় জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০২২ সালের এপ্রিলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন পোলার্ড। এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে কাজ করবেন তিনি। আইপিএলে নিজের সাবেক দল মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি এখন ব্যাটিং কোচ, আসন্ন আসরে নতুন এই ভূমিকায় কাজ করবেন।
ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, ক্যারিবিয়ান বিভিন্ন দ্বীপের কন্ডিশন সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়ার জন্য নেওয়া হয়েছে পোলার্ডকে।
গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই সংস্করণে সময়টা ভালো কাটছে না ইংল্যান্ডের। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র আসরে শিরোপা ধরে রাখতে পোলার্ডের অভিজ্ঞতার ওপরও কিছুটা নির্ভর করছে তারা।
সবশেষ সিরিজে জস বাটলারের দল ওয়েস্ট ইন্ডিজে হেরেছে ৩-২ ব্যবধানে। এর আগে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে বাংলাদেশে। নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজ ড্র করেছে ২-২ ব্যবধানে।
