বৃষ্টিতে শেষ ইংল্যান্ডের আশা, ‘ছাইদানি’ ধরে রাখল অস্ট্রেলিয়া
ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে খেলাই হতে দিল না বৃষ্টি।
রাতভর বৃষ্টি। সকালে থামল কিছুটা। জাগল খেলা শুরুর আশা। কিন্তু কাভার সরাতেই আবার বৃষ্টির হানা। বৃষ্টির দাপটে ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে তাই খেলাই শুরু হতে পারল না। তাতে অ্যাশেজ পুনরুদ্ধারের আশার সমাধি হয়ে গেল ইংল্যান্ডের। ঐতিহ্যবাহী এই সিরিজের ট্রফি, বিখ্যাত সেই ‘ছাইদানি’ ধরে রাখল অস্ট্রেলিয়া।
বৃষ্টির বাগড়ার পরও চতুর্থ দিনে তবু খেলা হয়েছিল ৩০ ওভার। পঞ্চম দিনে হতে পারল না একটি বলও। ড্র হলো তাই সিরিজের চতুর্থ টেস্ট।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে অস্ট্রেলিয়ার জয়ের পর তৃতীয়টি জিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। এখন শেষ ম্যাচ ইংলিশরা জিতলেও সিরিজ শেষ হবে ২-২ সমতায়। সবশেষ সিরিজ জেতা অস্ট্রেলিয়ার কাছেই থাকছে তাই ট্রফি।
চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ২১৪। ইংল্যান্ডকে আবার ব্যাটিংয়ে পাঠাতে রোববার শেষ দিনে সফরকারীদের করতে হতো আরও ৬১ রান। সুবিধাজনক অবস্থানে থাকা ইংল্যান্ড জয়ের চেষ্টার কোনো সুযোগই পেল না।
স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
১৮২ বলে ১৮৯ রানের বিধ্বংসী ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি।
ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের অপেক্ষা বেড়ে গেল আরও। সবশেষ তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল ২০১৫ সালে, ঘরের মাঠে।
অ্যাশেজে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের জয়হীন পথচলাও আরও দীর্ঘ হলো। ১৯৮১ সালের পর এখানে অস্ট্রেলিয়াকে আর হারাতে পারেনি তারা। ২০৩১ সালের আগে এই মাঠে আর কোনো অ্যাশেজ টেস্ট নেই।
আগামী বৃহস্পতিবার ওভালে শুরু হবে পঞ্চম টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩১৭
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৯২
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২১৪/৫
ফল: ড্র
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া
ম্যান অব দা ম্যাচ: জ্যাক ক্রলি
