নিগারদের ম্যাচে বৃষ্টির জয়
বৃষ্টিতে দুই ম্যাচের একটিতেও কোনো ফল আসেনি।
ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের তৃতীয় দিনে দাপট দেখাল বৃষ্টি। থেমে থেমে আসা বৃষ্টিতে ভেসে গেল দিনের দুটি ম্যাচই।
বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫১ রান করে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ।
ফিফটির সম্ভাবনা জাগিয়েও ছুঁতে পারেননি নিগার সুলতানা, ফারজানা হক। আগের ম্যাচে সেঞ্চুরি করা নিগার অপরাজিত থাকেন ৪১ রানে। সেদিন ৯২ রানের অপরাজিত ইনিংস খেলা ফারজানার এবারের সংগ্রহ অপরাজিত ৩৯ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান পায় রুপালি ব্যাংক। সাথি রানি আউট হন ৩৬ বলে ৩৩ রান করে। ৯০ রানের মাথায় আরেক ওপেনার ফারজানা আক্তার ফেরেন ৬৮ বলে ৩৪ রান করে।
অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৬৯ বলে ৬১ রান যোগ করেন ফারজানা ও নিগার। ৬২ বল খেলে ২ চার মারেন ফারজানা। ৩৯ বলের ইনিংসকে ৪টি চার ও ১ ছক্কায় সাজান অধিনায়ক নিগার।
এরপর আর খেলা চালানো সম্ভব হয়নি।
নিজেদের প্রথম ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাবকে ১৪৮ রানে হারিয়েছিল রুপালি ব্যাংক। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩২ রানে হেরেছিল কলাবাগান।
সংক্ষিপ্ত স্কোর:
রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ: ৩৪ ওভারে ১৫১/২ (সাথি ৩৩, ফারজানা আক্তার ৩৪, ফারজানা হক ৩৯, নিগার ৪১*; ফারিহা ৭-০-৩০-০, মেহেরুন ৬-০-৩৫-১, কুলসুমা ৬-০-২৫-০, মুমতা হেনা ৭-১-১৯-০, লাখি ৭-০-৩৬-১, অপু ১-০-৬-০)
ফল: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত
বিকেএসপির বোলিং দাপটের পর বৃষ্টির বাগড়া
বিকেএসপির এক নম্বর মাঠে বৃষ্টি নামার আগে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে দাপট দেখান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপির বোলাররা। খেলা বন্ধ হওয়ার আগে ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০২ রান করে গুলশান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন মন্দ ছিল না গুলশানের। দেখেশুনে খেলছিলেন দুই ওপেনার নিপা আক্তার ও শারমিন সুলতানা। অষ্টম ওভারে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শারমিন।
দলের ৫৫ রানের মাথায় নিপা ৩২ রান করে ফিরলে প্রথম উইকেট হারায় তারা। ৪২ বলের ইনিংসে ৬টি চার মারেন তিনি।
এরপর বাকিরা কেউ ইনিংস বড় করতে পারেননি। পুনরায় ব্যাটিংয়ে নেমে ২৫ রানে অপরাজিত থাকেন শারমিন।
প্রথম ম্যাচে রুপালি ব্যাংকের বিপক্ষে ১৪৮ রানে হেরেছিল গুলশান। সিটি ক্লাবকে ৬৬ রানে হারিয়েছিল বিকেএসপি।
সংক্ষিপ্ত স্কোর:
গুলশান ইয়ুথ ক্লাব: ৩৬ ওভারে ১০২/৭ (নিপা ৩২, শারমিন ২৫*, মিশু ১২, তাহিন ১১, লেকি ৭, রিয়া ৭, মুর্শিদা ০, শিরিন ৪, ইয়ামিম ০*; মারুফা ৮-২-২৫-১, ফাহমিদা ৪-১-১৩-০, নিশিতা ৮-১-২৫-২, ফারজানা ৩-০-৯-০, রাবেয়া ৭-২-১৫-২, সুবর্ণা ৬-০-১৫-১)
ফল: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত
