জাতীয় নির্বাচনের পরপরই আগামী বিপিএল
১০ জানুয়ারিতে আগামী বিপিএল শুরু করতে চায় বিসিবি, তবে তা নির্ভর করছে জাতীয় নির্বাচনের তারিখের ওপর।
২০২৪ সালের বিপিএল শুরুর সম্ভাব্য একটি সময় আগেই ঠিক করে রেখেছে বিসিবি। তবে আগের সেই সিদ্ধান্ত অনুযায়ী নয়, বোর্ডকে এখন পরিকল্পনা সাজাতে হচ্ছে জাতীয় নির্বাচনের তারিখ ভাবনায় রেখে। জাতীয় নির্বাচনের ঠিক পরই টুর্নামেন্ট আয়োজন করতে চান তারা। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে গেলে ১০ জানুয়ারি শুরু হতে পারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই টুর্নামেন্টের দশম আসর।
গত বছরের জুলাইয়ে বিসিবির পরিচালনা পর্ষদের একটি সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, পরবর্তী তিন বিপিএলের তারিখ চূড়ান্ত করে ফেলেছেন তারা। তখন তিনি বলেছিলেন, ২০২৩ বিপিএল হবে ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ বিপিএল ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালে হবে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।
সেই ছক অনুযায়ীই এই বছরের বিপিএল হয়ে যায় ৬ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি। তবে আগামী আসরের আয়োজন যে জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করবে, তা অনুমিত ছিল আগে থেকেই। বিসিবির গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক শনিবার বিসিবিতে সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিশ্চিত করলেন সেটিই।
“বিপিএল কবে শুরু করতে পারি, সেই আলোচনা আমাদের একটি বোর্ড মিটিংয়ে হয়েছে। সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, জাতীয় নির্বাচনের পরপরই আমরা বিপিএল করব। জাতীয় নির্বাচন জানুয়ারীর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে পত্রপত্রিকায়। সেক্ষেত্রে আমরা ১০ তারিখ বা এর আগে-পরে একটা উপযুক্ত তারিখ দেখে বিপিএল শুরু করব। জানুয়ারীতে শুরু করে আবার ফেব্রুয়ারিতেই শেষ করতে হবে। কারণ শ্রীলঙ্কা সিরিজ আছে।”
অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ থেকে ফেরার পরই দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই আবার নিউ জিল্যান্ড সফরে গিয়ে আছে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে আছে দেশের মাঠে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি। ঠাসা এই সূচির মধ্যে বিপিএলের জন্য জানুয়ারি-ফেব্রুয়ারি ছাড়া অন্য কোনো সময় বের করা সম্ভব নয় বলে জানালেন ইসমাইল হায়দার মল্লিক।
“আমরা চাই ১০ জানুয়ারি থেকেই বিপিএল শুরু করতে। এর আগেও যদি করার সুযোগ থাকে এবং জাতীয় নির্বাচন যদি আগে হয়ে যায়, তাহলে আগেও করতে পারি। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে বিপিএলের উইন্ডো কম থাকে। জাতীয় দলের খেলাটাকে আমরা সর্বাধিক প্রাধান্য দেই। এর বাইরে এক মাস (ফায়কা) নেই, যেখানে আমরা বিপিএলটা করতে পারি। ভালো হতো নভেম্বর-ডিসেম্বরে করতে। কিন্তু ওই সময়ে জাতীয় দলের খেলা আছে।”
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন এই বোর্ড পরিচালক।
“বিপিএলে প্রত্যেকটি সিকিউরিটি এজেন্সি সম্পৃক্ত থাকে। একটা আন্তর্জাতিক সিরিজে যেরকম ব্যবস্থা, বিপিএলেও তা-ই। উনাদের সঙ্গে আলোচনা করেই আমরা সময়টা ঠিক করছি।”
টুর্নামেন্টর প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য সময়ও ঠিক করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রতিবার একদম শেষ সময়ে ড্রাফট হয় বলে উপযুক্ত ক্রিকেটারদের পেতে ভোগান্তির শিকার হতে হয় দলগুলিকে। এবার প্লেয়ার্স ড্রাফট আগেভাগেই সেরে ফেলতে চান আয়োজকরা।
“প্লেয়ার্স ড্রাফট চেষ্টা করব সেপ্টেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে শেষ করে ফেলতে, যেন প্রত্যেকটি দল নিজেদের গোছাতে পর্যাপ্ত সময় পায়। সম্ভাব্য যারা ফ্রাঞ্চাইজি আছে, তাদের প্রত্যেককে আমরা গতকাল ও পরশু জানিয়ে দিয়েছি যে, সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করব এবং খেলাটা শুরু করতে চাই।”
নির্বাচনের কারণে টুর্নামেন্টের ভেন্যু এবারও ৩টির বেশি করার সুযোগ নেই বালে দাবি গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের। তবে গতবারের ৭ ফ্র্যাঞ্চাজির সঙ্গে এবার যোগ হতে পারে আরেকটি।
“আমাদের কাছে আগ্রহী তিন-চারটা প্রতিষ্ঠানের নাম নেওয়া আছে। আগের কেউ যদি চালিয়ে যেতে না চায়, তাহলে আমরা পরিবর্তন করে দিতে পারি। আমাদের যদি স্লট বাড়ে, তাহলে একটা দল বাড়াতেও পারি। এরকম আলাপ-আলোচনা হয়েছে বোর্ডে। আর্থিক শর্ত ও টুর্নামেন্টের নিয়ম-কানুন যারা মানবে না, তাদেরকে নিয়ে আমরা পরবর্তী আসরে এগোব না।”
“সব ফ্রাঞ্চাইজি এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে। ভালো সাড়া পাচ্ছি। রাজশাহীর জন্য দুটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। (পুরনো) কেউ যদি দল চালাতে না চায়, তাহলে রাজশাহীর সুযোগ থাকবে। আবার যদি আমরা বিপিএল ৮ দল নিয়ে করি, তাহলেও তাদের সুযোগ হতে পারে।”
