২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে রাসেলের ছক্কার ডাবল সেঞ্চুরি

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেও দুইশ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ক্যারিবিয়ান এই বিধ্বংসী ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2024, 10:45 PM

Updated : 23 Mar 2024, 10:49 PM

মুখোমুখি ষষ্ঠ বলে মায়াঙ্ক মারকান্ডেকে ছক্কায় উড়িয়ে শুরু। এরপর আর থামাথামির নাম নেই আন্দ্রে রাসেলের। সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের ওপর ঝড় বইয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী ব্যাটসম্যান। গড়লেন দারুণ কীর্তি।

চলতি আইপিএলের দ্বিতীয় দিন শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে আট নম্বরে নেমে ২৫ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রাসেল। তার ইনিংসটি ৭ ছক্কা ও ৩ চারে সাজানো।

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে নবম ক্রিকেটার হিসেবে দুইশ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন রাসেল। যেখানে কলকাতার হয়ে তার ছক্কা ১৯৭টি। বাকি তিনটি মারেন তিনি দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে।

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ক্রিস গেইলের। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের ছক্কা ৩৫৭টি। আর কেউ মারতে পারেননি তিনশ ছক্কাও। দ্বিতীয় সর্বোচ্চ রোহিত শার্মার ২৫৭টি।

হায়দরাবাদের বোলারদের কচুকাটা করে কলকাতার প্রথম ক্রিকেটার হিসেবে দুইশ ছক্কা মারার কীর্তিও গড়েন রাসেল। দলটির জার্সিতে তার ছক্কা এখন মোট ২০২টি। এর পাঁচটি মারেন তিনি ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে।

চতুর্দশ ওভারে উইকেটে যাওয়া রাসেল প্রথম পাঁচ বলে করেন ২ রান। এরপর মারকান্ডের ওপর তাণ্ডব চালান তিনি। এই লেগ স্পিনারের ওভারে মারেন তিনটি ছক্কা।

এরপর ভুবনেশ্বর কুমারকে ছক্কার পর হাঁকান চার। এই পেসারের পরের ওভারে মারেন দুটি ছক্কা, একটি চার। ২০ বলে ফিফটিতে পা রাখেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান।

হায়দরাবাদের বিপক্ষে প্রথমবার পঞ্চাশের স্বাদ পেলেন রাসেল। দলটির বিপক্ষে এর আগে তিনবার ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

রাসেল যখন উইকেটে যান, তখন কলকাতার রান ছিল ৬ উইকেটে ১১৯। তার বিস্ফোরক ব্যাটিংয়ে শেষ ৬ ওভারে ৮৯ রান তোলে কলকাতা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০৮ রান করে দলটি।