ভবিষ্যৎ নেতৃত্বের ছবি আঁকার সুযোগ লিটনের
চোটে ছিটকে যাওয়া তামিম ইকবালের বদলে নেতৃত্ব দেবেন এই কিপার ব্যাটসম্যান।
মাঠের এক প্রান্তে ঘোমটায় মোড়ানো ট্রফি রাখা আনুষ্ঠানিক উন্মোচনের অপেক্ষায়। রোহিত শর্মা সেখানে এসে অপেক্ষায় রইলেন কিছুক্ষণ। একটু পর এলেন লিটন কুমার দাস। এই সিরিজের বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ককে হাসিমুখে অভিনন্দন জানালেন ভারতীয় অধিনায়ক। এরপর ট্রফি উন্মোচন হলো, ট্রফি নিয়ে ছবি-ভিডিওর জন্য পোজ দিলেন দুই অধিনায়ক। রোহিতের জন্য এটি নিয়মিত অভিজ্ঞতা। কিন্তু লিটনের জন্য? দিন দুয়েক আগেও তার সুদূরতম কল্পনায় ছিল না এমন দৃশ্য।
ট্রফি উন্মোচনের একটু আগেই অবশ্য উত্তরটা দিয়ে গেছেন লিটন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণা করার দিন তিনি জানতে পেরেছেন দায়িত্ব পাওয়ার কথা। দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগে তিনি দারুণ রোমাঞ্চিত।
নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের কুঁচকির চোট এই সুযোগ করে দিয়েছে লিটনকে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তিনি। তার জন্য যেমন এটি দারুণ এক সম্মান ও সুযোগ, তেমনি সুযোগ বাংলাদেশ ক্রিকেটের জন্যও। এই যে তিনি অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন করলেন, ট্রফি উন্মোদন করলেন, প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত মেলালেন, টুকরো টুকরো এই ছবিগুলো তো ভবিষ্যতের নিয়মিত দৃশ্যও হতে পারে!
লিটনের জন্য এই সিরিজে হাতছানি নিজেকে নতুনভাবে মেলে ধরার, নেতৃত্ব দিয়ে ছাপ রাখার। বাংলাদেশ ক্রিকেটের জন্য সুযোগ ভবিষ্যতের সম্ভাব্য এক নেতাকে পরখ করে দেখার।
আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক লিটনকে অবশ্য দেখা গেছে আগেও। গত বছরই নিউ জিল্যান্ড সফরে একটি টি-টোয়েন্টিতে তিনি টস করেছেন। তবে সেটি ছিল নিয়মিত অধিনায়কের চোটে হঠাৎ করে পাওয়া দায়িত্ব। ২০ ওভারের সেই ম্যাচ বৃষ্টিতে নেমে আসে ১০ ওভারে। কিছু বুঝে ওঠার আগেই আসলে ম্যাচ শেষ। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচেও অধিনায়কত্ব করেছেন। সেটিও নিয়মিত অধিনায়কের চোটে হুট করেই পাওয়া দায়িত্ব।
সেই অভিজ্ঞতাগুলো আসলে খুব একটা ধর্তব্যই নয়। লিটন নিজেই শনিবার সংবাদ সম্মেলনে বললেন, ওই অভিজ্ঞতাগুলো ছিল তার কাছে, ‘ভ্যাকেশনের মতো।’
এবার তিনি সিরিজ শুরুর আগে দায়িত্ব পেয়েছেন পুরো সিরিজের জন্য। একাদশ বাছাই, পরিকল্পনা সাজানো, মাঠের ভেতর-বাইরে সামলানোর মতো সবকিছুর যথাযথ অভিজ্ঞতা এবারই হবে। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়কের নেতৃত্বের সত্যিকারের ভ্রমণ হবে এবারই।
সেই পথচলায় চ্যালেঞ্জ অনেক। তামিমের মতো অভিজ্ঞ ওপেনার গোটা সিরিজে নেই, অন্তত প্রথম ম্যাচে নেই দলের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদ। তবে এই দুজনের ঘাটতি পূরণের চেয়ে চ্যালেঞ্জটা আসলে আরও বেশি। ভারতের বিপক্ষে সিরিজ যে কোনো সময়ই যে কোনো দলের জন্য বড় কিছু। এবার চোটাক্রান্তদের ছাড়া সম্ভাব্য পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে তারা। সিরিজের ওজন ও গুরুত্বও তাতে বেড়ে গেছে অনেক।
চ্যালেঞ্জ পাহাড়সম বলেই প্রাপ্তির হাতছানিও অনেক বেশি। ওয়ানডেতে বাংলাদেশের কোনো সহ-অধিনায়ক নেই অনেক দিন ধরেই। লিটনের জন্য তাই এই সিরিজ হতে পারে অনেকটা মহড়ার মতো। এত বড় সিরিজে যদি নেতৃত্বের ছাপ তিনি রাখতে পারেন, সেই চিহ্ন উজ্জ্বল হবে আরও বেশি। বোর্ড ও টিম ম্যানেজমেন্টের আস্থাও আদায় করে নিতে পারবেন। ভবিষ্যতের জন্যও নির্ভরতার ছবি হয়তো মেলে ধরতে পারবেন।
২০২৩ বিশ্বকাপ পর্যন্ত হয়তো ওয়ানডে অধিনায়ক তামিমই থাকবেন। তবে চোটাঘাত তো যে কোনো সময় যে কোনো ক্রিকেটারকে ছোবল দিতে পাবে। এমনকি বিশ্বকাপের আগে বা বিশ্বকাপেও আততায়ী হয়ে হানা দিতে পারে চোট। লিটন যদি এই সিরিজে নিজেকে আলাদা করে চেনাতে পারেন, সামনেও কোনো সুযোগে যদি নেতৃত্বে মেলে ধরতে পারেন নিজেকে, বাংলাদেশ দল জানবে বিকল্প অধিনায়ক তৈরিই আছে। ভারতের মতো প্রবল চাপের সিরিজে নেতৃত্ব দিলে তা আরও বড় মঞ্চের জন্য সহায়ক হবে নিশ্চিতভাবেই।
বাংলাদেশের ক্রিকেট যেমন আগ্রহভরে তাকিয়ে থাকবে লিটনের নেতৃত্ব দিকে, তেমনি লিটনের নিজের জন্যও সুযোগ নিজেকে চেনার ও জানার। দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত নিজের সামর্থ্যের পরিধি অনেক সময় জানা থাকে না নিজেরও। লড়াইয়ের ময়দানে নেমে অনেকে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন, নতুন সীমানায় ছুটতে থাকেন, নতুন উচ্চতায় উঠতে থাকেন। পুরো একটি সিরিজে নেতৃত্বের সুযোগ লিটনের জন্য খুলে দেবে সেই দুয়ার।
এমনিতে একটু অন্তর্মুখী বলেই পরিচিতি লিটনের। বাংলাদেশ দলের নেতৃত্বের ক্ষেত্রে যা অনেক সময় খুব একটা আদর্শ নয়। তবে সব অধিনায়কেরই নিজস্ব ধরন থাকে। অধিনায়ক লিটন খোলস ছেড়ে বের হবেন নাকি নিজের চেনা ব্যক্তিত্বের ভেতরে থেকেই নেতা হিসেবে নিজের ছাপ রাখবেন, এটা ঠিক করতে হবে তাকেই। হয়তো সময় ও পরিস্থিতিও তাকে ধাবিত করবে নানা দিকে। এই সিরিজ নিশ্চিতভাবেই তাকে সহায়তা করবে আপন পথ বেছে নিতে।
দেশকে নিয়মিত নেতৃত্ব দেওয়ার সুপ্ত বাসনা যে তিনি মনে লালন করেন, তা বোঝা গেছে অধিনায়ক হিসেবে তার প্রথম সংবাদ সম্মেলনে নানা কথায়।
“আমি সত্যিই রোমাঞ্চিত, বড় একটা সিরিজে আমাকে অধিনায়ক করা হয়েছে। চেষ্টা করব আমার যতটুকু সামর্থ্য আছে, তা দেখানোর।”
“অনেক মজার ছিল (ক্যারিয়ারের পথচলা)। অনেক উত্থান-পতন ছিল। আমি অনেক অনেক রোমাঞ্চিত। প্রত্যেকেরই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। আর সবচেয়ে বড় স্বপ্ন দেশকে নেতৃত্ব দেওয়া।”
নেতৃত্বের দর্শন বা ভাবনা, দলকে পরিচালনার সম্ভাব্য পথ বিশদভাবে খোলাসা তিনি করেননি। হয়তো নিজের সঙ্গে বোঝাপড়ার সময় কিংবা সুযোগ ততটা হয়নি এখনও। ছোট্ট করে শুধু বোঝাতে চাইলেন, দায়িত্ব পেয়ে খুব বেশি ভারাক্রান্ত মনে করছেন না নিজেকে।
“খেলোয়াড় হিসেবে যখন খেলি, তখন যে দায়িত্ব থাকে, অধিনায়ক হিসেবে একটি দায়িত্বই থাকবে, সবাইকে গাইড করার। এর চেয়ে বেশি কিছু না।”
হয়তো চাপটাকে চেপে বসতে না দিতেই এভাবে বলছেন বা ভাবছেন লিটন। বাস্তবে যে দায়িত্ব আরেকটু বেশি কিছু, তার তা অজানা থাকার কথা নয়। সেই চ্যালেঞ্জগুলো তিনি কীভাবে আলিঙ্গন করবেন, সেটির প্রভাব শুধু এই সিরিজে নয়, নিশ্চিতভাবেই থাকবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্বের ভাবনায়ও।
ব্যাট হাতে তিনি ছবির মতো সুন্দর সব শট খেলেন। এবার সুযোগ, নেতৃত্বের তুলি হাতে নতুন কিছু আঁকার।
