২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাকিব ভাই যখন থাকবে না, বাংলাদেশ দলকে তখনও তো এগোতে হবে’

সিনিয়র ক্রিকেটারদের ছাড়াও জেতার আত্মবিশ্বাস আছে দলের, আফগানিস্তানকে উড়িয়ে দেওয়ার পর বললেন লিটন দাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 06:01 PM

Updated : 17 Jun 2023, 06:01 PM

ফিট থাকলে একাদশে অবশ্যই থাকতেন তামিম ইকবাল আর দলকে নেতৃত্ব দিতেন সাকিব আল হাসান। চোটের জন্য আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ছিলেন না দুজনের কেউই। তাদের ছাড়াই ৫৪৬ রানের রেকর্ড গড়া জয় পায় বাংলাদেশ। একপেশে ম্যাচ শেষে লিটন দাস বললেন, সিনিয়র ক্রিকেটারদের ছাড়াও জয়ের আত্মবিশ্বাস এখন আছে তাদের। 

বলা যায়, এই আত্মবিশ্বাস তারা পেয়েছেন গত বছরের মাউন্ট মঙ্গানুই টেস্ট থেকে। সাকিব-তামিমকে ছাড়া খেলতে নেমে নিউ জিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন। 

বোলিংয়ে ভালো করেছিলেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ। সবাইকে ছাপিয়ে যান ইবাদত হোসেন। দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে তিনিই গড়ে দেন জয়ের ভিত। লম্বা সময়ের মধ্যে এশিয়ার কোনো দলের বিপক্ষে সেটাই ছিল নিউ জিল্যান্ডের প্রথম হার।   

এবার মিরপুর টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। একটি করে ফিফটি করেছেন দুই ওপেনার জয় ও জাকির হাসান। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন মুমিনুল, টেস্ট নেতৃত্বের অভিষেকে ফিফটি করেছেন লিটন। 

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও অবদান অনেকের। প্রথম ইনিংসে উজ্জ্বলতম ইবাদত, দ্বিতীয়টিতে তাসকিন। দুই ইনিংসেই ভালো করেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। সবাই এগিয়ে আসায় দেশের সফলতম ব্যাটসম্যানদের একজন তামিম ও বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন সাকিবের অভাব একদমই বোঝা যায়নি। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার চার দিনেই একমাত্র টেস্টটি জিতে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক লিটনের সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে উঠল দুই মহারথীর অনুপস্থিতির প্রসঙ্গ। কিপার-ব্যাটসম্যান বললেন, তাদের ছাড়াই এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস এখন আছে তাদের। 

“না, (কোনো ধরনের পালা) বদল না। নিউ জিল্যান্ডে যে আমরা জিতেছি, একই রকমের কিন্তু। তামিম ভাই, সাকিব ভাই কেউই সেখানে খেলেনি। আমরা তরুণ দল ছিলাম এবং দেশের বাইরে গিয়ে জিতেছিলাম। আমরা যখন দেশের বাইরে গিয়ে জিতলাম, তখন আমাদের ভেতর একটা বিশ্বাস এলো যে, কষ্ট করলে সাফল্য পাওয়ার হার বাড়ে।” 

“সবাই এখন একটা ব্যাপারে উন্মুখ যে কখন টেস্ট আসবে, কখন টেস্ট আসবে। দুই-তিন বছর পরে গিয়ে তিন-চারজন সিনিয়র খেলোয়াড়কে পাবেন না। এখন থেকে এটা যদি সামলাতে না পারেন, তাহলে হুট করে বদল হয়ে গেলে কঠিন হবে। তারা খেললে ভালো হতো, কিন্তু এমন না যে (উনারা না খেললে) ওখান থেকে আমরা কামব্যাক করতে পারব না। পাইপলাইনে, আমাদের ব্যাটিং অর্ডারে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। নতুন যারা আসছে তারা সামর্থ্যবান।” 

অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে বাংলাদেশের একাদশে সাকিবের বিকল্প পাওয়া কঠিন। বাঁহাতি এই অলরাউন্ডারের অনুপস্থিতিতে ভারসাম্যপূর্ণ একাদশ সাজানো কঠিন হয়ে পড়ে। তাকে ছাড়া খেলতে নেমে একাদশ সাজানোর একটা পরীক্ষাও হয়ে গেলো লিটনের? 

“দেখেন, ম্যাচের আগে হয়তো এরকম ছিল যে সাকিব ভাই খেললে ভালো হতো। ম্যাচের পরে (প্রশ্ন) আসছে যে উনি খেললে ভালো হতো কিনা। জিনিসটা এমন না, কে থাকবে না, এটা নিয়ে চিন্তা করার সময় নেই। হয়তো দুই বছর বা চার বছর পর এমন দিন আসবে যখন সাকিব ভাই থাকবে না। বাংলাদেশ দলকে তো এগোতে হবে। আমি যে দলটা নিয়ে খেলেছি, সেটা বাংলাদেশের সেরা দল ছিল। তারা তাদের ভূমিকা পালন করেছে।