‘আইপিএলে প্রতি ম্যাচে ৩ উইকেট পাবে তাসকিন’
আইপিএলের পরবর্তী আসরে তাসকিন আহমেদের সুযোগ পাওয়া উচিত মনে করেন আকাশ চোপড়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই সেরা খেলোয়াড় ছিলেন তাসকিন আহমেদ। সবমিলিয়ে পুরো আসরেই দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি এই পেসার। তাকে প্রশংসায় ভাসিয়ে আইপিএলে খেলার সম্ভাবনার কথা বলেছেন আকাশ চোপড়া।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে স্বপ্নের মতো শুরু করেছিলেন তাসকিন। ইনিংসের প্রথম দুই বলে নেন দুই উইকেট। সেদিন ক্যারিয়ার সেরা ২৫ রানে ৪ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। পরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়ে দলকে জেতান তাসকিন।
বাংলাদেশ সুপার টুয়েলভ থেকে বিদায় নিলেও পাঁচ ম্যাচে ওভারপ্রতি ৭.২৭ রান খরচায় ৮ উইকেট নিয়ে নজর কেড়েছেন ২৭ বছর বয়সী গতিময় এই পেসার। বিশেষ করে নতুন বলে প্রথম স্পেলে তার বিরুদ্ধে হিসেব কষে ব্যাট চালাতে হয়েছে প্রতিপক্ষকে।
এমন দ্যুতিময় পারফরম্যান্সের পর তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ ভারতের সাবেক ওপেনার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। বিশ্বকাপ থেকে আইপিএলে ডাক পাওয়ার সম্ভাবনা জাগানো খেলোয়াড়দের নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন তিনি।
তার মতে, আইপিএলে প্রতি ম্যাচে ৩টি করে উইকেট পেতে পারেন তাসকিন। তবে সেজন্য তাকে ১২-১৩ ওভারের মধ্যে বোলিং করিয়ে ফেলতে হবে বলেছেন আকাশ।
“তাসকিন আহমেদ খুব ভালো বোলার। অনেক জোরে বোলিং করে। (আইপিএলের) গত আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে নিতে চেয়েছিল। কিন্তু বিসিবি অনাপত্তিপত্র দেয়নি। এবার যদি অনাপত্তিপত্র পায়, তাহলে সে ভালো করতে পারে।”
“একটা বিষয় আছে তাসকিনের বিপক্ষে যায়, ডেথ বোলিং। শেষ দিকে সে রান খরচ করে ফেলে। তবে নতুন বলে সে তছনছ করে দিতে পারে। আপনি যদি তাকে নতুন বলে ২-৩ ওভার ও পরে ১২-১৩ ওভারের দিকে আবার বোলিং করান, আইপিএলে প্রতি ম্যাচে ৩ উইকেট নিতে পারে।”
অস্ট্রেলিয়ার পেস সহায়ক কন্ডিশন বলেই নয়, যেকোনো মাঠে তাসকিনের বিরুদ্ধে রান করতে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন আকাশ।
“নতুন বলে শুধু তাসকিন আর উইকেটরক্ষকই থাকে খেলায়। এমন না যে অস্ট্রেলিয়ার মাঠ থেকে এতটা ভালো করেছে। আপনি তাকে সহজে মারতে পারবেন না। তার বিপক্ষে আপনাকে দেখেশুনে খেলতে হবে। তার বিরুদ্ধে রান করতে হলে ভালো ক্রিকেটীয় শট খেলতে হবে।”
তাসকিন ছাড়া আকাশের দৃষ্টিতে এবারের বিশ্বকাপ থেকে আইপিএল খেলার সম্ভাবনা রয়েছে জিম্বাবুয়ে সিকান্দার রাজা, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা, আয়ারল্যান্ডের জশ লিটল এবং নেদারল্যান্ডসের পল ফন মেকেরেন অথবা বাস লেডে।
