চলে গেলেন ওয়ানডে ইতিহাসের প্রথম উইকেট শিকারি
৭৬ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার অ্যালান থমসন।
অ্যালান থমসন ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি ওয়ানডে ম্যাচ খেলে উইকেট নিয়েছেন স্রেফ একটি। তবে সেই একটি উইকেটই তাকে অমর করে রাখবে চিরকাল। ওয়ানডে ইতিহাসের প্রথম উইকেট নেওয়া বোলার যে তিনিই। অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার ৭৬ বছর বয়সে মঙ্গলবার মারা গেছেন।
থমসন বোলিং করতেন অদ্ভুত অ্যাকশনে। অস্ট্রেলিয়ার হয়ে তিনি টেস্ট খেলেছেন চারটি, সবগুলিই ১৯৭০-৭১ মৌসুমে সাত টেস্টের অ্যাশেজ সিরিজে। উইকেট নিয়েছেন মোট ১২টি।
ওই সিরিজে ব্রিজবেন ও পার্থে প্রথম দুটি টেস্টে খেলেন থমসন। ডানহাতি পেসার মেলবোর্নে তৃতীয় টেস্টের একাদশে সুযোগ পাননি। বৃষ্টির কারণে একটি বলও খেলা ছাড়াই পরিত্যক্ত হয় ওই ম্যাচ। থমসন যখন পরের টেস্ট খেলতে যাবেন, তার আগেই তিনি গড়ে ফেলেন ইতিহাস।
ভেস্তে যাওয়া মেলবোর্ন টেস্টের পঞ্চম দিন একটি ওয়ানডে ম্যাচ খেলতে সম্মত হয় দুই দল। অনেকটা আচমকাই যাত্রা শুরু হয়ে যায় ওয়ানডে ক্রিকেটের।
সেটি ছিল ৮ বলে ওভার, ৪০ ওভারের ম্যাচ। দ্বিতীয় বোলার হিসেবে বোলিং শুরু করে থমসন নেন ম্যাচের প্রথম উইকেট। তাকে পুল করতে গিয়ে স্কয়ার লেগে বিল লরির হাতে ধরা পড়েন জেফ বয়কট।
ইংল্যান্ডকে ১৯০ রানে থামিয়ে অস্ট্রেলিয়ার ৫ উইকেটে জয়ের ওই ম্যাচে ৮ ওভারে ২২ রান দিয়ে ওই একটি উইকেট নিয়েছিলেন থমসন।
প্রথম শ্রেণির ক্রিকেটে থমসনের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ৪৪ ম্যাচে তার প্রাপ্তি ১৮৪ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট আছে ১২ বার। ১৯৬৯-৭০ মৌসুমে ভিক্টোরিয়ার শেফিল্ড শিল্ড জয়ে তার ছিল বড় অবদান।
‘ফ্রগি’ নামে পরিচিত থমসন তার খেলোয়াড়ী জীবনের সময়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন। এছাড়া ভিক্টোরিয়ান ফুটবল লিগে ফিল্ড আম্পায়ার হিসেবেও কাজ করেছিলেন তিনি।
