২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরাজ-সাইফের কাছে মাশরাফির প্রত্যাশা

মূলত ব্যাটসম্যান, টুকটাক বোলিং পারে এই মুহূর্তে এমন অলরাউন্ডার প্রয়োজন নেই বাংলাদেশের। মাশরাফি বিন মুর্তজা খুঁজছেন এমন অলরাউন্ডারকে যে মূলত বোলার হিসেবেই খেলতে পারবে, তার ব্যাটিং হবে বোনাস। মোহাম্মদ সাইফ উদ্দিন ও মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক জানিয়ে দিলেন, বিশ্বকাপে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে তাদের কাছ থেকে অনেক বেশি চাইবেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 07:33 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

কোর্টনি ওয়ালশ, স্টিভ রোডস, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের মতো মাশরাফিও নিশ্চিত ইংল্যান্ডে বাংলাদেশের বোলারদের জন্য অনেক বড় পরীক্ষা অপেক্ষা করছে। তাই ব্যাটিং অলরাউন্ডারের জায়গায় বোলিং অলরাউন্ডারদের এবার বাড়তি গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক।
 
“আমার মনে হয় মিরাজই আমাদের একমাত্র স্পিনার যে ওপরে ব্যাটিং করতে পারে। আমাদের দলে যারা সাত বা আটে ব্যাটিং করে তারা যদি ব্যাটসম্যান কাম বোলার হয়, তাহলে দলের জন্য সমস্যা হয়ে যায়। যারা আট-নয়-দশ-এগারো নম্বরে ব্যাটিংয়ে নামে তাদের কাছ থেকে বোলিং সবচেয়ে গুরুত্বপূর্ণ।” 
 
“যেমন সাইফ উদ্দিন, ও যদি ব্যাটিং কিছুই না পারে, তারপরও সমস্যা নেই। ওর কাছ থেকে আমরা বোলিং আশা করি। মিরাজ ব্যাটিং-বোলিংয়ে ভালো করছে।” 
 
ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিংয়ে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। দীর্ঘদেহী এই অফ স্পিনার পেতে পারেন বাড়তি বাউন্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডেথ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে নিউ জিল্যান্ডকে এলোমেলো করে দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। স্পিন ব্যবহার করে প্রতিপক্ষকে চমকে দিতে নাঈম-মোসাদ্দেকের ওপর নির্ভর করবেন অধিনায়ক।
 
“নাঈম ওভার-আর্ম ডেলিভারির জন্য বাড়তি বাউন্স পেতে পারে, ওই চিন্তা করেই ওকে নেওয়া। মোসাদ্দেক চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্রেক-থ্রু দিয়েছিল। … এ সব কিছু চিন্তা করেই আসলে ওদেরকে দলে রাখা।” 
 
“এ ছাড়া মোসাদ্দেক এখন ব্যাটিংয়েও ভালো করছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলেছে। মিডল অর্ডারে যারা আছে, (মোহাম্মদ) মিঠুন ও (মাহমুদউল্লাহ) রিয়াদ ওদের ব্যাকআপ লাগলে মোসাদ্দেকই আছে, যে ওখানে ভালো করতে করতে পারে।”