২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকার-গাভাস্কারদের মাঠে ভালোবাসার আয়োজনে ধোনির সেই ছক্কাও

ওয়াংখেড়ে স্টেডিয়ামের নানা গ্যালারি আর গেটের নামকরণে সম্মানিত করা হয়েছে মুম্বাইয়ের নায়কদের, ধোনির সেই বিশ্বকাপ জয়ের ছক্কাটিকেও স্মরণীয় করে রাখা হয়েছে সমাদরে।

টেন্ডুলকার-গাভাস্কারদের মাঠে ভালোবাসার আয়োজনে ধোনির সেই ছক্কাও

২০১১ বিশ্বকাপের ফাইনালে মাহেন্দ্র সিং ধোনির সেই শিরোপা জয়ী ছক্কাকে চিরস্মরণীয় করে রাখার আয়োজন করা হয়েছে এভাবে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

মুম্বাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 11:32 PM

Updated : 23 Oct 2023, 03:01 AM

সংবাদকর্মীদের জন্য নিদের্শনা ছিল, ২ নম্বর গেট দিয়ে মাঠে ঢুকতে হবে। সেই গেটের সামনে উবার থেকে নামতেই চোখে পড়ল বড় বড় আক্ষরে লেখা, ‘ভিনু মানকাড গেট।’ এই সময়ে, এই যুগেও প্রায়ই মানকাডের নাম ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে উচ্চারিত হয় নিয়মিতই। তবে সেটি মূলত ‘মানকাডিং’ বা তুমুল আলোচিত এক আউটের ধরনের কারণে। অনেকেরই মনে থাকে না, কত বড় ক্রিকেটার ছিলেন সাবেক এই অলরাউন্ডার! মুম্বাইয়ের এই সন্তানকে ঠিকই সম্মানিত করা হয়েছে তার নিজ শহরের স্টেডিয়ামে।

এটা তো কেবল শুরু। ভেতরে ঢুকতেই চারপাশে চোখে পড়ল মুম্বাইয়ের আরও অনেক নায়ককে। নাহ, সশরীরে তারা কেউ নেই। তবে তাদের কীর্তি, তাদের অবদানের মহিমা, তাদের প্রতি কৃতজ্ঞতা-ভালোবাসা-শ্রদ্ধাবোধের নানা নিদর্শন চোখে পড়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামের নানা প্রান্তে।

মাঠের এক নম্বর গেটের নাম ‘পলি উমরিগর গেট।’ স্কুলে পড়ার সময় মুম্বাইতে (সেই সময়ের বোম্বে) এসেছিলেন উমরিগর। এই শহরেই খেলে বেড়ে ওঠেন। ভারতীয় দলে জায়গা করে নেন এবং টেস্ট ক্রিকেট রাঙান। ১৯৬২ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি, তখন ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার (৫৯), সবচেয়ে বেশি সেঞ্চুরি (১২টি) ও দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড তার।

Image

মুম্বাইয়ের নায়ককে সম্মানিত করা হয়েছে।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় একসঙ্গেই খেলেছেন উমরিগর ও মানকাড। ওয়াংখেড়েও তাদের জায়গা পাশাপাশি। এক নম্বর গেটের খুব কাছেই মানকাড গেট। ৪৪ টেস্টে ২ হাজারের বেশি রান করার পাশাপাশি বাঁহাতি স্পিনে ১৬২ উইকেট নিয়েছেন তিনি। ১৯৫৬ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে পঙ্কজ রয়ের সঙ্গে ৪১৩ রানের যে জুটি গড়েছিলেন, তা উদ্বোধনী জুটির বিশ্বরেকর্ড হয়ে ছিল ৫২ বছর ধরে।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট জয়ের নায়ক তিনি। স্পিন প্রতিকূল উইকেটেও সেই টেস্টে নিয়েছিলেন ১২ উইকেট। ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে খেলেছিলেন ৭২ ও ১৮৪ রানের দুটি ইনিংস। দ্বিতীয় ইনিংসে তো এক দিনে ৩১ ওভার বল করার পর আবার ব্যাট হাতে নেমে গিয়েছিলেন সেদিনই। ওই ম্যাচে বোলিং করেছিলেন মোট ৯৭ ওভার। আরও কত স্মরণীয় কীর্তি আছে তার!

Image

সাচিন টেন্ডুলকারের ভাস্কর্য আপাতত নীল চাদরে ঢেকে রাখা হয়েছে। বিশ্বকাপের সময়ই তা উদ্বোধন হবে।

অথচ সময়ের স্রোতে ওসবে পলি পড়ে গেছে আরেকটি ঘটনায়। ১৯৪৮ সালে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে মানকাডের বোলিংয়ের সময় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বিল ব্রাউন আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় নন-স্ট্রাইক প্রান্তে রান আউট করেন তিনি। ওই সফরে একটি প্রস্তুতি ম্যাচেও ব্রাউনকে ওভাবে আউট করেছিলেন তিনি। টেস্টের ঘটনার পর অস্ট্রেলিয়ান মিডিয়া তেতে ওঠে। সমালোচনার ঝড়ও শুরু হয়। এই আউটের নামই হয়ে যায় ‘মানকাডিং।’

যদিও এটি বৈধ আউট, এমসিসিও বারবার মনে করিয়ে দেয় তা, এমনকি ব্রাউনের অধিনায়ক স্যার ডন ব্র্যাডম্যান এখানে আপত্তির কিছুই দেখেন না, তবু এখনও এই আউট নিয়ে তুমুল আলোচনা চলে এবং মানকাডের প্রসঙ্গও উঠে আসে। কিন্তু ওয়াংখেড়েতে তাকে প্রাপ্য সম্মান দেওয়া হয়েছে ঠিকই।

মানকাড গেট দিয়ে ভেতরে ঢুকলেই ডানপাশে চোখে পড়ে ঝা চকচকে একটি ভবন। নাম ‘শারাদ পাওয়ার উইং।’ মহারাষ্ট্রের চারবারের মুখ্যমন্ত্রী, ভারতীয় বোর্ড ও আইসিসির সাবেক প্রধানের নামে নামকরণ হওয়া এই ভবনে প্রশাসনিক নানা কাজ চলে।

Image

ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি প্রবেশপথ। 

এই ভবনের সামনেই চোখে পড়বে স্বয়ং ওয়াংখেড়েকে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েন ও ভারতীয় বোর্ডের সাবেক প্রধান শেশরাও কৃষ্ণারাও ওয়াংখেড়ের জেদ ও উদ্যোগেই তৈরি হয়েছিল এই স্টেডিয়াম। মাঠের নামকরণও করা হয় তার নামেই। তার একটি চমৎকার আবক্ষ মূর্তি গড়া হয়েছে সেখানে।

মাঠের ভেতরে তো নায়কদেরই মেলা! সাচিন টেন্ডুলকার স্ট্যান্ড, বিজয় মার্চেন্ট প্যাভিলিয়ন, দিলিপ ভেংসারকার স্ট্যান্ড, সুনিল গাভাস্কার প্যাভিলিয়ন…।

কোনোটি স্ট্যান্ড আর কোনোটি প্যাভিলিয়ন কেন, তা একটা প্রশ্ন বটে। তবে পার্থক্য কিছু নেই। সবই একইরকম গ্যালারি।

টেন্ডুলকার, গাভাস্কারদের কীর্তি নিয়ে নতুন করে বলার আছে সামান্যই। মুম্বাইয়ের ময়দান মাতিয়ে ভারতীয় দলের হয়ে তারা ব্যাট হাতে রাজত্ব করেছেন ক্রিকেট বিশ্বে। মুম্বাই ক্রিকেটের সমার্থক তারা।

Image

যার নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। 

টেন্ডুলকার স্ট্যান্ডের পাশে তার একটি ভাস্কর্য গড়ার কাজও শেষ পর্যায়ে। এখন তা নীল চাদরে ঢেকে রাখা হয়েছে। এই বিশ্বকাপের মধ্যেই তা উদ্বোধন করবেন স্বয়ং টেন্ডুলকার। এই শহরের সন্তান তিনি, তার ঘরের মাঠ এটি। জীবনের শেষ ম্যাচটিও খেলেছেন এখানেই। এই মাঠেই তার সেই আবেগময় বিদায়ী বক্তৃতা। তার অনেক ইনিংসের মতো সেই বক্তৃতাও তো লোকের হৃদয়ে গেঁথে আছে দারুণভাবে। তাকে ঘিরে কত আবেগের প্লাবন বয়ে গেছে এই আঙিনায়। ভাস্কর্যের সম্মান তো তার প্রাপ্যই!

বিজয় মার্চেন্ট টেস্ট খেলেছেন মাত্র ১০টি। তবু তাকে ভারতের সবসময়ের সেরাদের একজন মনে করা হয়। কারণটা বুঝতে প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড়টা দেখলেই চলবে। প্রায় সাড়ে ১৩ হাজার রান করেছেন তিনি ৭১.২৮ গড়ে। ৪০টির বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে ইতিহাসে মার্চেন্টের চেয়ে বেশি গড় কেবল একজনেরই। টেস্ট গড়ের মতো প্রথম শ্রেণির ক্রিকেটেও স্যার ডনের গড় অবিশ্বাস্য, ৯৫.১৪।

শুধু গড়ের কারণেই নয়, দারুণ আনন্দদায়ী ও সময়ের চেয়ে এগিয়ে থাকা স্ট্রোকপ্লেয়ার ছিলেন তিনি।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিথালদাস জামানদাস ডিভেচার নামেও আছে একটি স্ট্যান্ড। ক্রিকেটের বাইরের একজনের নামেই একটি স্ট্যান্ড আছে, ‘গারওয়ারে স্ট্যান্ড।’ মহারাষ্ট্রের শিল্পপতি, শিল্পোন্নয়নের অগ্রপথিক ভালাচান্দ্রা দিগাম্বার গারওয়ারে ও তার গারওয়ারে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নামে এই স্ট্যান্ড। ‘গারওয়ারে’ নামটি এই মাঠে খোদাই হয়ে থাকার পেছনে আছে একটি গল্প।

Image

ওয়াংখেড়ে স্টেডিয়াম।

মুম্বাইয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট হতো জিমখানা মাঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ক্রিকেটের কেন্দ্র হয়ে ওঠে ব্রাবোর্ন স্টেডিয়াম। সেভাবেই চলছিল। কিন্তু এই মাঠের মালিকপক্ষ ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার সঙ্গে টিকেট ভাগাভাগি নিয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) দ্বন্দ্ব ক্রমেই বাড়ছিল। ১৯৭৩ সালে সেই দ্বন্দ্ব চরম আকার ধারণ করার পর এমসিএ নিজেরাই স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নেন। স্রেফ এক বছরের একটু বেশি সময়ে তৈরি হয়ে যায় মাঠ। প্রাথমিক পর্যায়ে ১২ লাখ রুপি অনুদান দিয়ে সহায়তা করেন গারওয়ারে। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে তাকেও ধারণ করা হয়েছে এই মাঠে।

১১৬ টেস্ট খেলা ভেংসারকারের নামে স্ট্যান্ড থাকা নিয়েও খুব বেশি কিছু বলার নেই। সত্তর-আশির দশকে তিনি, গুন্ডাপা বিশ্বনাথ আর গাভাস্কারই তো ছিলেন ভারতীয় ব্যাটিংয়ের প্রাণ। বিশ্বনাথ মুম্বাইয়ের নন, বাকি দুই মুম্বাইয়ের সন্তানের নাম জ্বলজ্বল করছে ওয়াংখেড়েতে।

মুম্বাইয়ের না হয়েও অবশ্য এই মাঠে অমর করে রাখা হয়েছে আরেকজনকে। বলা ভালো, তার একটি কীর্তিকে। ২০১১ বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছিল মাহেন্দ্র সিং ধোনির যে ছক্কায়, যে শট জায়গা পেয়ে গেছে ভারতীয় ক্রিকেটর রূপকথায়, সেই শটকেও চিরস্মরণীয় করে রাখার আয়োজন করা হয়েছে এখানে।

ধোনির ওই ছক্কায় বল আছড়ে পড়েছিল গ্যালরির জে২৮২ থেকে জে২৮৬ পর্যন্ত সিটের মধ্যেই। ওই ৫টি চেয়ার উঠিয়ে সেখানে একটি মঞ্চের মতো গড়ে তোলা হয়েছে। দুটি বিশেষ চেয়ার সেখানে বসানো হয়েছে, পাশে আছে বিশ্বকাপ ট্রফির দুটি রেপ্লিকা। পেছনে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ছবি। ওই মঞ্চের নাম দেওয়া হয়েছে ‘ওয়ার্ল্ড কাপ ২০১১ ভিক্টরি মেমোরিয়াল স্ট্যান্ড।’ আসন দুটির নাম ‘এমএস ধোনি সিট।’

গত আইপিএলের সময় ধোনির সম্মানে এটির কাজ শুরু হয়। ধোনি নিজেই ফিতা কেটে কাজের সূচনা করেন। শনিবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গ্যালারির ওই অংশটায় যেন বেশ একটা রাজকীয় ভাব!

সব মিলিয়ে মুম্বাই আর ভারতীয় ক্রিকেটের অনেক কিছুই যেন জীবন্ত হয়ে ওঠে ওয়াংখেড়ের আনাচেকানাচে।