বড় হারের পর জরিমানাও গুনল বাংলাদেশ
মন্থর ওভার রেটের জন্য বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের পর শাস্তিও পেল বাংলাদেশ। মন্থর ওভার রেটের জন্য বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশের শাস্তির বিষয়টি জানায়।
এ দিনই ধারামশালায় ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ।
আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।
ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পর ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে হারে বাংলাদেশ।
