বিশ্বকাপেই টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ছোঁবেন কোহলি, বিশ্বাস পন্টিংয়ের
ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছুঁতে ভিরাট কোহলির চাই আর দুটি।
বর্ণাঢ্য ক্যারিয়ারে এরই মধ্যে সাচিন টেন্ডুলকারের বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছেন ভিরাট কোহলি। আরেকটি রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে এই তারকা ব্যাটসম্যানকে। ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে কিংবদন্তি টেন্ডুলকারের পাশে বসতে কোহলির চাই আর দুটি। চলমান বিশ্বকাপেই তিনি পূর্বসূরিকে ছুঁয়ে ফেলবেন বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।
ওয়ানডেতে ৪৫২ ইনিংসে টেন্ডুলকারের সেঞ্চুরি ৪৯টি। সবচেয়ে বেশি রানের (১৮ হাজার ৪২৬) রেকর্ডও তার। কোহলির ৪৭ সেঞ্চুরি হয়ে গেছে অবশ্য ২৭০ ইনিংসেই।
বিশ্বকাপের প্রথম ম্যাচে আরেকটি সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ১৫ রানের জন্য পাননি কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়ায় ভীষণ চাপের মুখে খেলেন ৮৫ রানের ইনিংস। টুর্নামেন্টে প্রথম রাউন্ডে ভারতের ম্যাচ বাকি আরও আটটি।
আইসিসি রিভিউয়ে অস্ট্রেলিয়ার দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিং বললেন, বাকি টুর্নামেন্টে কোহলির দুটি সেঞ্চুরি খুব সম্ভব বলেই তার মনে হচ্ছে।
“আমার মনে হয়, সে পারবে, সে অবশ্যই দুটি সেঞ্চুরি পাবে। তিনটি পাবে কি-না, সেটা অন্য ব্যাপার। কিন্তু ভারতের ভেন্যু, উইকেট এবং মাঠগুলো রান করার জন্য, বড় রান করার জন্য খুবই উপযোগী।”
“কে জানে, এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। যদি সে সেই মানসিকতায় থাকে, আমরা দেখেছি যে, সে খুব ভালো ছন্দে আছে এবং আমরা জানি সে সবসময় ক্ষুধার্ত। সে একজন বিজয়ী, সে নিজের জন্য এবং তার দলের জন্য সাফল্য চায়। সাচিনের রেকর্ড ভাঙতে না পারলেও এই বিশ্বকাপে তাকে স্পর্শ করতে পারে কোহলি।”
বিশ্বকাপে এখন পর্যন্ত ২৭ ম্যাচে কোহলির সেঞ্চুরির দুটি। যার প্রথমটি করেছিলেন বিশ্বকাপে অভিষেকেই, ২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০০। অন্যটি করেন ২০১৫ আসরে অ্যাডিলেইডে পাকিস্তানের বিপক্ষে, ১০৭।
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেন তিনি ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। সবশেষটি গত মাসে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে।
মাঝে একটা সময় দীর্ঘ সেঞ্চুরি খরা ছিল তার। ২০১৯ সালের অগাস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল না কোনো ওয়ানডে সেঞ্চুরি। এরপর অবশ্য ১৫ ইনিংসে তার শতক হয়ে গেছে চারটি।
