বিশ্বকাপে ‘চেনা কন্ডিশনের সুবিধা নেবে’ আফগানিস্তান
ভারতের মাঠে খেলার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চান আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
আইপিএলে নিয়মিত মুখ রাশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মাদ নাবিরা। আফগানিস্তান দলের আরও কয়েকজনের রয়েছে জমজমাট এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা। এর বাইরে অন্যরাও ভারতের মাঠে খেলেছেন অনেক। সেই অভিজ্ঞতার ফায়দা এবার বিশ্বকাপে নিতে চান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
এবারের বিশ্বকাপের স্বাগতিক ভারত। তবে দীর্ঘ দিন সেই দেশে খেলার সৌজন্যে আফগানরাও নিজেদেরকে ‘ঘরের মাঠের দল’ বলতেই পারে। কারণ, প্রায় পাঁচ বছরের বেশি সময় ভারতের তিন মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে আফগানিস্তান।
ওই সময় লখনৌ, দেরাদুন ও গ্রেটার নয়ডায় অনেক ম্যাচ খেলেছে আফগানিস্তান। এবার বিশ্বকাপে সেই চেনা কন্ডিশনে খেলার অভিজ্ঞতাই কাজে লাগবে মনে করেন শাহিদি।
“আপনারা জানেন, আমাদের ক্রিকেটাররা আইপিএলে অনেক খেলেছে। আবার অনেকে আছে যারা আইপিএল খেলেনি। তারাও এই কন্ডিশনে খেলেছি কারণ ভারত আমাদের হোম ভেন্যু ছিল। তো কন্ডিশন আমাদের চেনা। টুর্নামেন্ট জুড়ে আমরা এই সুবিধাটা নেবো।”
রশিদ, মুজিব, নাবি ছাড়াও আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে ফাজাল হাক ফারুকি, নাভিন উল হক, নুর আহমাদ, রহমানউল্লাহ গুরবাজের। স্কোয়াডের বাকি ৮ জনের প্রায় সবাই-ই ভারতের মাঠে অনুশীলন বা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
আইপিএলের ৭ ক্রিকেটার, ভারতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করা ছাড়াও নিজেদের কোচিং স্টাফেও এক ভারতীয় যুক্ত করেছে আফগানিস্তান। চলতি আসরে দলটির মেন্টর হিসেবে কাজ করছেন অজয় জাদেজা।
প্রায় ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে দুইশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই সাবেক ক্রিকেটারের কাছ থেকেও সামনে এগোনোর রসদ পাচ্ছেন শাহিদি, রশিদ, নাবিরা।
“তিনি ভারতের হয়ে অনেক খেলেছেন, সেই অভিজ্ঞতা তার আছে। ভারতের কন্ডিশন সম্পর্কে তিনি জানেন। আমাদের সঙ্গে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই তার সঙ্গে কথা বলছি। তিনি খুব ইতিবাচক ব্যক্তি এবং দলের উন্নতির লক্ষ্যে সবসময় ইতিবাচক কথা বলেন। আমরা এর সুবিধা পাব। তার প্রতিটি কথার ফায়দা নেওয়ার চেষ্টা করছি আমরা। এটি টুর্নামেন্টজুড়ে আমাদের সাহায্য করবে।”
ধারামশালায় শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপ অভিযান।
