আরেকটি সেঞ্চুরিতে নায়ক ডি কক
৯ বছর পর আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন এই কিপার-ব্যাটসম্যান।
চলতি বিশ্বকাপ দিয়েই শেষ। এরপর ওয়ানডেতে আর দেশের হয়ে খেলবেন না কুইন্টন ডি কক। বিদায়ী টুর্নামেন্টের শুরুটা হলো তার দুর্দান্ত। এবি ডি ভিলিয়ার্সের পর দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর দুই ম্যাচে করলেন সেঞ্চুরি। দলকে আরেকটি বড় জয় এনে দিয়ে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
লক্ষ্ণৌতে বৃহস্পতিবার একপেশে ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। রানের হিসেবে বৈশ্বিক এই টুর্নামেন্টের সফলতম দলটির এটাই সবচেয়ে বড় হার।
দক্ষিণ আফ্রিকার এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা ডি ককের। ১০৬ বলে ৫টি ছক্কা ও ৮টি চারে তিনি খেলেন ১০৯ রানের দুর্দান্ত ইনিংস। পরে উইকেটের পেছনে নেন দুটি ক্যাচ।
এবারের আগে বিশ্বকাপে কোনো সেঞ্চুরি ছিল না ডি ককের, ছিল না ম্যাচ সেরার কোনো সুখস্মৃতি। এবার পরপর দুই ম্যাচে পেলেন সেঞ্চুরি, প্রথমবার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
সব মিলিয়ে ওয়ানডেতে ১৮ বার ম্যাচ সেরা হলেন ডি কক, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয়বার। ২০১৪ সালের পর দেশটির বিপক্ষে প্রথম!
টেম্বা বাভুমার সঙ্গে শতরানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন ডি কক। অস্ট্রেলিয়ার বোলারদের চাপে রেখে ৫১ বলে করেন ফিফটি, ৯০ বলে সেঞ্চুরি। এরপর যেতে পারেননি বেশিদূর। তবে তার গড়ে দেওয়া ভিত কাজে লাগিয়ে অন্য ব্যাটসম্যানরা দলকে নিয়ে যান তিনশ রানের ঠিকানায়। মিলিত চেষ্টায় বাকিটা অনায়াসেই সারেন বোলাররা।
