ইংল্যান্ডকে গুঁড়িয়ে ভারতের ছয়ে ছয়
ছোট পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে দারুণ জয় পেল বিশ্বকাপের স্বাগতিকরা।
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের পুনঃমঞ্চায়ন নাকি! ধন্দে পড়ে যেতে পারেন অনেকে। প্রথমে ব্যাট করা দলের একই রান। রান তাড়ায় নামা দলের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। মিল থাকল অনেক কিছুতেই। আরেকটি হতশ্রী ব্যাটিংয়ের প্রদর্শনীতে ফের হারের হতাশায় ডুবল ইংল্যান্ড। অব্যাহত রইল ভারতের জয়যাত্রা।
ছোট পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে দারুণ জয় পেল বিশ্বকাপের স্বাগতিকরা। ২২৯ রান করেও তারা জিতল ১০০ রানে।
আসরে নিজেদের প্রথম ছয় ম্যাচের সবগুলিই জিতে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ভারত। সমান ম্যাচে ইংল্যান্ড পেল টানা চতুর্থ ও সব মিলিয়ে পঞ্চম হারের তেতো স্বাদ।
এই প্রথম বিশ্বকাপের এক আসরে পাঁচ ম্যাচ হারল ইংলিশরা। ১৯৯৬, ২০১১ ও ২০১৫ আসরে হেরেছিল ৪টি করে ম্যাচ।
অথচ লক্ষ্ণৌর পেস সহায়ক উইকেটে রোববার ভারতকে অল্পে থামিয়ে জয়-খরা কাটানোর ভালো সুযোগ তৈরি করে দেন ইংলিশ বোলাররা। কিন্তু ব্যাটসম্যানরা ব্যর্থ আরেকবার। ২১৫, ১৭০, ১৫৬ রানের পর বিশ্ব চ্যাম্পিয়নরা এবার গুটিয়ে গেল স্রেফ ১২৯ রানে।
১০১ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের নায়ক অধিনায়ক রোহিত শার্মা। ৪৭ বলে মূল্যবান ৪৯ রান করেন সুরিয়াকুমার ইয়াদাভ।
দুর্দান্ত বোলিংয়ে ২২ রানে ৪ উইকেট নিয়ে বোলিংয়ে বড় অবদান রাখেন মোহাম্মদ শামি। ৩৩ বছর বয়সী পেসার আসরে দুই ম্যাচ খেলেই উইকেট নিলেন ৯টি!
৩২ রানে ৩ উইকেট নেন আরেক পেসার জাসপ্রিত বুমরাহ। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভের প্রাপ্তি ২টি।
শেষটা যতটা উজ্জ্বল, ভারতের শুরুটা ছিল ততটাই বিবর্ণ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪০ রানের মধ্যে শুবমান গিল, ভিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে হারিয়ে চাপে পড়ে যায় তারা। তিন জনের কেউ দুই অঙ্কে যেতে পারেননি।
দারুণ ছন্দে থাকা কোহলি এবার ৯ বল খেলে খুলতে পারেননি রানের খাতা। বিশ্বকাপে ৩২ ইনিংসে প্রথমবার শূন্য রানে আউট হলেন তিনি।
ওই ধাক্কা ভারত সামাল দেয় রোহিত ও লোকেশ রাহুলের ৯১ রানের জুটিতে। ডেভিড উইলিকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় রাহুল ফেরেন ৫৮ বলে ৩৯ রান করে।
রোহিত ৬৬ বলে ফিফটি করে আসরে দ্বিতীয় শতকের পথে ছুটছিলেন। কিন্তু লেগ স্পিনার আদিল রশিদের গুগলি উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে থামেন তিনি। তার ৮৭ রানের ইনিংস গড়া ১০ চার ও ৩ ছক্কায়।
এরপর সুরিয়াকুমারের ৪টি চার ও একটি ছক্কায় গড়া ৪৯ রানের ইনিংস এবং বুমরাহ ও কুলদিপের ২১ রানের নবম উইকেট জুটিতে লড়াইয়ের পুঁজি পায় ভারত।
রান তাড়ায় ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুতে ছিল ভালো কিছুর ইঙ্গিত। প্রথম ৪ ওভারে ২৬ রান তুলে ফেলেন জনি বেয়ারস্টো ও দাভিদ মালান। এরপরই ছন্দপতন। পঞ্চম ওভারে পরপর দুই বলে মালান ও জো রুটকে ফিরিয়ে দেন বুমরাহ।
শামি পরপর দুই ওভারে বোল্ড করে দেন বেন স্টোকস ও বেয়ারস্টোকে। প্রথম স্পেলে তার বোলিং ফিগার ছিল, ৪-১-৫-২!
জস বাটলারকে টিকতে দেননি কুলদিপ। বিনা উইকেটে ৩০ থেকে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৫২!
সেখান থেকে ২৯ রানের একটা জুটি গড়েন মইন আলি ও লিয়াম লিভিংস্টোন। দ্বিতীয় স্পেলে ফিরে মইনকে দারুণ ডেলিভারিতে ফেরান শামি। সর্বোচ্চ ২৭ রান করা লিভিংস্টোনকে ফিরিয়ে দ্বিতীয় শিকার ধরেন কুলদিপ।
ভারতের পেস ও স্পিনের ভেল্কিতে নিয়মিত উইকেট হারিয়ে অল্পেই থমকে যায় ইংলিশরা।
প্রায় একইরকম ম্যাচে আগের দিন কলকাতায় বাংলাদেশকে হারায় নেদারল্যান্ডস। ভারতের মতো ২২৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশকে ১৪২ রানে গুটিয়ে ৮৭ রানের জয় পায় ডাচরা।
বাংলাদেশের চেয়ে কিছু কম রান করা ইংল্যান্ড এখন পয়েন্ট টেবিলেও বাংলাদেশের নিচে, ১০ নম্বরে!
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২২৯/৯ (রোহিত ৮৭, গিল ৯, কোহলি ০, শ্রেয়াস ৪, রাহুল ৩৯, সুরিয়াকুমার ৪৯, জাদেজা ৮, শামি ১, বুমরাহ ১৬*, কুলদিপ ৯; উইলি ১০-২-৪৫-৩, ওকস ৯-১-৩৩-২, রশিদ ১০-০-৩৫-২, উড ৯-১-৪৬-১, লিভিংস্টোন ৪-১-২৯-০, মইন ৮-০-৩৭-০)
ইংল্যান্ড: ৩৪.৫ ওভারে ১২৯ (বেয়ারস্টো ১৪, মালান ১৬, রুট ০, স্টোকস ০, বাটলার ১০, মইন ১৫, লিভিংস্টোন ২৭, ওকস ১০, উইলি ১৬*, রশিদ ১৩, উড ০; বুমরাহ ৬.৫-১-৩২-৩, সিরাজ ৬-০-৩৩-০, শামি ৭-২-২২-৪, কুলদিপ ৮-০-১২৪-২, জাদেজা ৭-১-১৬-১)
ফল: ভারত ১০০ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রোহিত শার্মা
