২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাকিব দুই বছর খেলবে?’ প্রশ্ন বিসিবি সভাপতির

সময় নিয়ে সব কিছু চিন্তাভাবনা করে দীর্ঘ মেয়াদে ওয়ানডের নতুন অধিনায়ক ঠিক করতে চান নাজমুল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 10:01 PM

Updated : 06 Aug 2023, 01:17 PM

বছরখানেক ধরে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। ওয়ানডে অধিনায়কত্ব থেকে তামিম ইকবালের পদত্যাগের পর এখন তিন সংস্করণেই দায়িত্ব পাওয়ার হাতছানি তার সামনে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করতে চায় বিসিবি।

এশিয়া কাপ শুরুর বাকি আর কয়েক সপ্তাহ৷ বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি ঠিক দুই মাস৷ কিন্তু এখনও নিশ্চিত নয়, বড় দুটি টুর্নামেন্টে কার নেতৃত্বে খেলবে বাংলাদেশ। নতুন অধিনায়ক হিসেবে অনেকেই দেখতে চাইছেন সাকিবকে। দৌড়ে আছেন ওয়ানডের সহ-অধিনায়ক লিটন দাসও।

তামিমের অধিনায়কত্ব ছাড়ার সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক ঠিক করার জন্য ৪-৫ দিন সময় লাগবে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। প্রায় ৪৮ ঘণ্টা পর তিনি জানালেন, এই বিষয়ে বোর্ডের এখনও কোনো আলোচনা হয়নি।

আবাহনী প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিনের আয়োজনে শনিবার ধানমণ্ডির ক্লাবটিতে সংবাদমাধ্যমের সামনে ওয়ানডে অধিনায়কত্বের বিষয়ে বিসিবির অবস্থান ও ভাবনা তুলে ধরেন নাজমুল হাসান৷

“(অধিনায়কত্ব নিয়ে) এখনও আলাপ হয়নি। একটু বিরতি দিয়ে, সময় নিয়ে চিন্তা করতে হবে। আগেও যেটা বলেছি, যদি একটা সিরিজ হতো, তাহলে যে সহ-অধিনায়ক, তাকে দিয়ে চালিয়ে দেওয়া যেত। কিন্তু আমাকে এখন দীর্ঘ মেয়াদে চিন্তা করতে হবে। মানে দুটি সমস্যা, একটা দীর্ঘমেয়াদি চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে, বিশ্বকাপ।”

“বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। নতুন কাউকে হঠাৎ বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না... আবার যদি দীর্ঘ মেয়াদে চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানাব, দেখা যাবে এক বছর পর হয়তো সে থাকবে না। তো লং টার্ম হবে কিভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করেই একটা সিদ্ধান্তে আসতে হবে।”

এদিনই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে সাকিবই হতে পারেন সেরা পছন্দ। বিসিবি সভাপতির ভাবনাও অভিন্ন।

তবে সরাসরি সাকিবের নাম ঘোষণা করার আগে কিছু বিষয় আলোচনার প্রয়োজন বলে জানালেন নাজমুল হাসান।

“সাকিবের নাম আসা তো খুব স্বাভাবিক। এটা অবধারিত পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন, দুই বছর খেলবে সাকিব? ওর পরিকল্পনা জানি না তো! ওর সাথেও তো কথা বলতে হবে। আমরা একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ সমাধান হচ্ছে, সাকিবকে (অধিনায়ক) করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।”

অবশ্য প্রক্রিয়া অনুসরণ করলে সাকিবেরও আগে বিবেচনায় আসার কথা লিটনের নাম। গত মাসেই তাকে সহ-অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। এখন নিয়মিত অধিনায়ক সরে দাঁড়ানোয় স্বয়ংক্রিয়ভাবে দায়িত্ব পাওয়ার কথা লিটনের।

তবে এক্ষেত্রে লিটনের ব্যাটিং নিয়ে দুর্ভাবনার জায়গা তৈরি হতে পারে বলে মনে করেন বিসিবি সভাপতি।

“যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ সমাধান। শুধু সমস্যা হলো দ্বিপাক্ষিক সিরিজ এক জিনিস, বিশ্বকাপ আরেক জিনিস। ওইটা (অধিনায়কত্ব) আবার ওর ব্যাটিংয়ে কোনো প্রভাব রাখে কি না, বিশ্বকাপের মতো জায়গায় এত বড় দায়িত্ব। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়ো করে নয়। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করা হবে।”