‘দুনিয়ার সবাই বোঝে, কিছু লোক বোঝে না’, বিসিবিকে ইঙ্গিত কোচ সালাউদ্দিনের
বিপিএলে ২০-২৫ কোটি টাকা খরচ করে একটি দলের প্রাপ্তি কতটা, প্রশ্ন তুললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ।
প্রসঙ্গটি পুরনো। আক্ষেপ-হাহাকার-সমালোচনাও নতুন কিছু নয়। আরেকটি ফাইনালের আগে সেই প্রশ্নটিই নতুন করে তুললেন মোহাম্মদ সালাউদ্দিন। বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে রাজস্ব ভাগাভাগির ব্যবস্থা না থাকা, আর্থিক কোনো কাঠামো গড়ে না তোলা, ফ্র্যাঞ্চাইজিগুলোর আয়ের সুনিশ্চিত পথ না রাখায় বিসিবির দিকেই তির ছুড়লেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ।
বিপিএলের ৯টি আসর হয়ে যাচ্ছে। তবে আর্থিক দিক থেকে এখনও পেশাদারিত্ব এখানে তেমন একটা নেই। প্রতি আসরে কোটি কোটি টাকা খরচ করলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর আয়ের উপযুক্ত কোনো পথ নেই। দলগুলির মালিকদের ব্যক্তিগত যোগাযোগ আর শীর্ষ কয়েকজন ক্রিকেটারের উদ্যোগ ও সম্পর্কের খাতিরে স্পন্সরশিপ থেকে কিছু অর্থ মেলে। এছাড়া আয়ের আর বড় কোনো উৎস নেই। টুর্নামেন্টের প্রাইজমানিও সামান্য।
ক্রিকেট বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগগুলো চলে রাজম্ব আয় ভাগাভাগির ভিত্তিতে। সেখান থেকে যথেষ্টই লাভবান হয় দলগুলি। কিন্তু বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো বছরের পর বছর চলছে লোকসান দিয়েই। অনেক আগ্রহ নিয়ে এখানে আসার পর লোকসান গুনে পরে সরে যাওয়া ফ্র্যাঞ্চাইজির সংখ্যা তাই কম নয়।
কুমিল্লা অবশ্য ২০১৫ আসর থেকে টিকে আছে এখনও। প্রতিবারই বেশ মোটা অঙ্কের টাকা খরচ করে তারা দল গড়ে। তিনবার শিরোপা জিতে তারা বিপিএলের সফলতম দল। তবে পেশাদারি কাঠামো না থাকার আক্ষেপ তাদের দল থেকেও এসেছে বারবার।
এবার মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, মইন আলির মতো তারকা ক্রিকেটারদের তারা দলে নিয়েছে আকাশছোঁয়া পারিশ্রমিকে। লিটন দাস, মুস্তাফিজুর রহমানের মতো দেশের শীর্ষ ক্রিকেটাররাও আছেন তাদের দলে। আনুষ্ঠানিক কোনো হিসাব না থাকলেও সংশ্লিষ্ট প্রায় সবারই জানা, বিপিএলের অন্য যে কোনো দলের চেয়ে অনেক বেশি খরচ করেছে কুমিল্লা।
সেই খরচের পরিমাণ কত, একটি ধারণাও পাওয়া গেল সালাউদ্দিনের কথায়। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর বিপিএলের পেশাদারি কাঠামোর ঘাটতির প্রশ্নে কুমিল্লা কোচ সেই পুরনো কথাও তুলে ধরলেন আবার।
“সিস্টেমটা দুনিয়ার সবাই বোঝে, কিছু লোক বোঝে না। ঠিক আছে? পুরো দুনিয়ায় এটা সবাই বোঝে যে একটা মানুষ যখন ২০-২৫ কোটি টাকা খরচ করছে, কোনো ইন্টারেস্ট ছাড়া, তার তো কিছু রিটার্ন লাগবে! এখন যাদের বোঝার, তারা যদি না বোঝে, তাহলে আসলে আমার বলে কোনো লাভ নেই।”
বিসিবির কর্তারা ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সংশ্লিষ্টরা অবশ্য বরাবরই বলে আসছেন, রাজস্ব ভাগাভাগির কোনো ভাবনা তাদের এখনও নেই। নিকট ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা সামান্যই।
