রাজার ৫ উইকেট, তাইজুলের ঘূর্ণি
তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে বড় জয়ের পথে বিসিবি একাদশ।
ভারত সফরে দাপুটে ক্রিকেট খেলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। তৃতীয় দিন শেষে জাগিয়েছে ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা। দ্বিতীয় ইনিংসে ভালো করছেন তাইজুল ইসলাম।
প্রতিপক্ষ তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশে বেশিরভাগই অখ্যাত ক্রিকেটার। তাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এক ঝাঁক ক্রিকেটারকে নিয়ে গড়া বিসিবি একাদশের ভালো না করাই হতো অস্বাভাবিক বিষয়।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিন শেষে স্বাগতিক তামিল নাড়ুর দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ১৩৩ রান। ইনিংস পরাজয় এড়াতে ৪ উইকেট হাতে নিয়ে করতে হবে আরও ১২৩ রান।
ম্যাচের প্রথম ইনিংসে ৩৪৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বিসিবি একাদশ। জবাবে স্রেফ ৯৩ রানেই গুটিয়ে যায় তামিল নাড়ু একাদশ। ২৫৬ রানের বিশাল লিড থাকায় স্বাগতিকদের ফলো-অন করান বিসিবি একাদশের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
দ্বিতীয় দিনেই ৮২ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে তামিল নাড়ু। বৃহস্পতিবার ৬.৩ ওভার খেলে আর ১১ রান যোগ করতেই গুটিয়ে যায় তারা।
ডানহাতি পেসার রাজা ২৩ রানে পেয়েছেন ৫ উইকেট। বাঁহাতি স্পিনার তাইজুলে শিকার ৪০ রানে ৪ উইকেট।
ফলো-অনে পড়ে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দলীয় ১০০ রান পূরণ হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। অধিনায়ক বাবা ইন্দ্রজিতের ব্যাট থেকে এবার আসে স্রেফ ১৩ রান।
অজিত রামকে নিয়ে দিনের শেষ ভাগে আর বিপদ হতে দেননি উইকেটরক্ষক আদিত্য গণেশ। অবিচ্ছিন্ন জুটিতে ৩৫ রান যোগ করেছেন এ দুজন। আদিত্য ৪১ রানে অপরাজিত রয়েছেন।
দ্বিতীয় ইনিংসে তাইজুলের শিকার ৩ উইকেট। খালেদ পেয়েছেন ২টি।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
বিসিবি একাদশ ১ম ইনিংস: ১২৭ ওভারে ৩৪৯/৯ (ডিক্লে)
তামিল নাড়ু একাদশ ১ম ইনিংস: ৪৬.৫ ওভারে ৯৩ (আগেরদিন ৮২/৭) (সুনিল ১৩, অস্বিন ৪*, ভিগনেশ ৩, গোথাম ১; খালেদ ১০-৫-৯-১, তাইজুল ১৯-২-৪০-৪, ১০.৫-১-২৩-৫, নাইম ৭-১-১৫-০)
তামিল নাড়ু একাদশ ২য় ইনিংস: ৪৬ ওভারে ১৩৩/৬ (ফলো-অন) (চতুর্ভেদ ১, সূর্যপ্রকাশ ৮, কৌশিক ১৬, ইন্দ্রজিত ১৩, প্রদোষ ২৫, আদিত্য ৪১*, সুনিল ১২, অজিত ৯*; তাইজুল ১৯-৪-৫১-৩, খালেদ ৯-২-২৭-২, রাজা ৬-২-২৭-১, নাইম ১০-৩-২২-০, মিঠুন ২-১-৩-০)
