বুমরাহকে আইসিসির তিরস্কার
একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে ভারতের এই অভিজ্ঞ পেসারের নামের পাশে।
আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে ভারতের এই অভিজ্ঞ পেসারকে।
বুমরাহর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন রোববার আইসিসির আচরণবিধি ভাঙেন বুমরাহ। কাণ্ডটি ঘটে ইংলিশদের দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারে। সিঙ্গেল নেওয়ার সময় অলি পোপের পথে ইচ্ছাকৃতভাবে দাঁড়ান ভারতীয় পেসার। যা ছিল নিয়ম বহির্ভূত। এতে দুজনের সঙ্গে অপ্রীতিকর সংঘর্ষ ঘটে।
এই ঘটনা নজর এড়ায়নি ম্যাচের আম্পায়ারদের। চার আম্পায়ার বুমরাহর এই আচরণের বিরুদ্ধে অভিযোগ করেন।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন বুমরাহ। এতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ইংলিশদের বিপক্ষে ম্যাচটি ২৮ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে আছে ভারত। ম্যাচের প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়া বুমরাহ দ্বিতীয়ভাগে ধরেন ৪ শিকার।
আগামী শুক্রবার বিশাখাপাত্নামে শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট।
