১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

পাওয়েল ও রাদারফোর্ডকে আইসিসির তিরস্কার

একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তাদের নামের পাশে।

পাওয়েল ও রাদারফোর্ডকে আইসিসির তিরস্কার

শেরফেন রাদারফোর্ড। ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 07:31 PM

Updated : 12 Oct 2026, 07:31 PM

আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন রভম্যান পাওয়েল ও শেরফেন রাদারফোর্ড। ওয়েস্ট ইন্ডিজের এই দুই ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

পাওয়েল ও রাদারফোর্ডের নামের পাশে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

গত শুক্রবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধির লেভেল-১ ভাঙেন দুই ক‍্যারিবিয়ান ক্রিকেটার। এর তিন দিন পর সোমবার শাস্তির কথা জানায় আইসিসি।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙেন পাওয়েল। যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটের সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম অপব্যবহারের কথা।’ আর ‘আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ’ করে ২.৮ ধারা ভাঙেন রাদারফোর্ড।

ইনিংসের ষষ্ঠ ওভারে মায়াঙ্ক ইয়াদাভের বলে বোল্ড হয়ে মেজাজ হারান পাওয়েল। আউট হওয়ার পর ব্যাট দিয়ে বলে আঘাত করেন তিনি। যা আইসিসির আচরণবিধি লঙ্ঘন।

আর ইনিংসের ১৩তম ওভারের একটি ডেলিভারি ওয়াইড না দেওয়ায় আম্পায়ারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে চিৎকার করেন রাদারফোর্ড।

নিজেদের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি প্রকাশ ভাটের দেওয়া শাস্তি মেনে নেন দুই ক্রিকেটারই। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

রাঁচির ওই ম্যাচে ভারতের ২৪৯ রান তাড়া করে জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ইন্দোরে রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে গেছে তারা।

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি আগামী রোববার, হায়দরাবাদে।