এভাবে অ্যাশেজ ধরে রাখতে চাননি কামিন্স
অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত হলেও শেষ টেস্ট জিতে পরিষ্কার ব্যবধানে সিরিজ জিতেই উদযাপন করতে চান অস্ট্রেলিয়ান অধিনায়ক।
চার বছর আগের ইংল্যান্ড সফরে চতুর্থ টেস্ট শেষে ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজ ধরে রাখার উৎসবে মেতে উঠেছিল অস্ট্রেলিয়া। এবারও চতুর্থ টেস্ট শেষে সেই একই মাঠে নিশ্চিত হয়ে গেল অ্যাশেজ ধরে রাখা। তবে বড় কোনো উদযাপন এবার করেননি অস্ট্রেলিয়ানরা। ফল পক্ষে এলেও ধরন যে পছন্দ হয়নি প্যাট কামিন্সের! অস্ট্রেলিয়ান অধিনায়ক জানিয়ে দিলেন, পরের টেস্টের জন্য উদযাপন তুলে রাখতে চান তারা।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের শেষ দিনটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় নিশ্চিত হয়ে যায়, সিরিজ আর হারছে না অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই টেস্টে এজবাস্টন ও লর্ডসে জয়ের পর কামিন্সরা হেরে যান হেডিংলি টেস্টে। ওল্ড ট্র্যাফোর্ডেও ইংলিশদের দাপুটে পারফরম্যান্সে তিন দিন পরই হারের শঙ্কায় পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে চতুর্থ দিন থেকে বাগড়া দেয় বৃষ্টি।
চতুর্থ দিনে খেলা হতে পারে কেবল ৩০ ওভার। শেষ দিনে হয়নি একটি বলও। নাগালে গিয়েও তাই দূরে সরে যায় ইংল্যান্ডের জয়।
চার বছর আগে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডকে ১৮৫ রানে হারিয়ে অ্যাশেজ ধরে রাখা উদযাপন করেছিল অস্ট্রেলিয়া। এবার বৃষ্টির সৌজন্যে ড্র। ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া কামিন্সের প্রতিক্রিয়ায় তাই থাকল মিশ্র অনুভূতির প্রকাশ
“অ্যাশেজ ধরে রাখতে পারা দারুণ। তবে অবশ্যই এই ধরনের পরিস্থিতির মধ্যে আমরা এটা চাইনি। খানিকটা তাই অদ্ভুতুড়ে লাগছে…। বৃষ্টি হয়তো আমাদের সহায়তা করেছে। তবে ফলাফল আমাদের জন্য দারুণ।”
“দল হিসেবে আমরা গর্বিত যে ধরে রাখতে পেরেছি (অ্যাশেজ), তবে এই সপ্তাহটি আমাদের খুব ভালো যায়নি। অ্যাশেজ ধরে রেখে ভালো লাগছে। কিন্তু আমরা জানি, পরের সপ্তাহে বেশ কিছু কাজ আমাদের বাকি আছে।”
পুরোপুরি তৃপ্ত নন বলেই উদযাপন সেভাবে করছে না অস্ট্রেলিয়ানরা। বৃহস্পতিবার ওভালে শুরু সিরিজের শেষ টেস্ট। ওই ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জয়কে সঙ্গী করে দেশে ফিরতে চান কামিন্স।
“আমার মনে হয় না, বড় কোনো উদযাপন হবে। হয়তো পরস্পরের পিঠ চাপড়ে দেওয়া হবে খানিকটা। অনেক কষ্ট করার পরই এই অবস্থানে আমরা আসতে পেরেছি যে, এখানে ড্রয়ের পরও অ্যাশেজ ধরে রাখতে পারছি। তবে তিন দিন পরই আরেকটি টেস্ট ম্যাচ আছে, আমাদের পূর্ণ মনোযোগ সেদিকে।”
“২০১৯ সালে অ্যাশেজ ধরে রাখা দলটির অনেকেই আছেন এবার এবং আমাদের সবারই মনে হয়েছে ‘ঠিক আছে।’ তবে আমরা যা অর্জন করতে এখানে এসেছিলাম, তা এখনও ধরতে পারিনি। আজকে যা হয়েছে, তাতে পরের সপ্তাহ নিয়ে আমাদের ভাবনা বদলাচ্ছে না। এই ম্যাচ জিতেই আমরা নিশ্চিত করতে চাই যেন সরাসরি জিততে পারি (সিরিজ)।”
২০১৯ সালে অ্যাশেজ ধরে রাখলেও শেষ টেস্ট হেরে যাওয়ায় শেষ পর্যন্ত সিরিজ ড্র করে ফিরতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। ইংল্যান্ডে সিরিজ জিততে পারেনি তারা সেই ২০০১ সালের পর থেকে। সেই খরা ঘোচানোর আরেকটি সুযোগ পরের টেস্টে।
