আইপিএলে না যাওয়া নিয়ে সাকিব বললেন, ‘ফ্যামিলি ইমার্জেন্সি’
আইপিএলে যাওয়ার আগ্রহ থাকলেও পারিবারিক কারণে যেতে পারছেন না, বললেন বাংলাদেশ অধিনায়ক।
বিশ্বকাপের বছরে ভারতে আইপিএল খেলতে যেতে পারলে ভালো হতো, বিশ্বাস সাকিব আল হাসানের। তবে শেষ পর্যন্ত জরুরি পারিবারিক প্রয়োজনে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক।
এবারের আইপিএলে সাকিবের খেলা নিয়ে নানা রকম জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত কদিন আগে জানা যায়, এবারের আসরে খেলতে যাচ্ছেন না এই অলরাউন্ডার।
যদিও তিনিসহ আইপিএলে দল পাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটার অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছিলেন বেশ আগেই। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার আগে সাকিব ও লিটন কুমার দাসকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। লাল বলের চুক্তিতে ও টেস্ট স্কোয়াডে না থাকা মুস্তাফিজুর রহমান অবশ্য ছাড়পত্র পেয়ে যান আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই।
বিসিবি সভাপতি নাজমুল হাসান অনেক আগেই জানিয়েছিলেন, জাতীয় দলের খেলা থাকলে বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হবে না। এবার শুধু ঘরের মাঠের এই সিরিজই নয়, আগামী আসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে অনুষ্ঠেয় সিরিজের সময়ও আইপিএল থেকে ফিরতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হওয়ায় এখন লিটনের আইপিএলে যেতে বাধা নেই। তবে সাকিব আর এই মৌসুমে যাচ্ছেই না। কলকাতা নাইট রাইডার্স সম্প্রতি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাকিবকে না পাওয়া আর শ্রেয়াস আইয়ারের চোটের কারণে তারা দলে নিয়েছে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়কে।
বেশ কিছু দিন ধরে দেশের ক্রিকেটে তুমুল আলোচনার পর অবশেষে আইপিএলে না যাওয়া নিয়ে সাকিবের নিজের ভাবনা জানা গেল আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট শেষে। যেতে না পেরে মন খারাপ কি না, এই প্রশ্নে সাকিব চওড়া হাসিতে বললেন, “না…।”
পাশাপাশি তিনি যোগ করলেন পারিবারিক কারণের কথা।
“অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর, ভারতে খেলা। যদি যেতে পারতাম, ভালো হতো। কিন্তু যেহেতু ফ্যামেলি ইমার্জেন্সি, তো ফ্যামেলি ইমার্জেন্সি…।”
সম্পূরক প্রশ্নও উঠল, ‘তাহলে কি সাকিব নিজেই আইপিএলে যেতে চাননি?’ তিনি আবারও ছোট্ট করে বললেন, “ফ্যামেলি ইমার্জেন্সিই।”
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব চুক্তিবদ্ধ আছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আয়ারল্যান্ড সিরিজের ফাঁকে ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে একটি ম্যাচও খেলেছেন তিনি। আইপিএলে না যাওয়ায় এখন মোহামেডানের হয়ে তাকে দেখা যাবে কি না, এই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না তিনি, “সেটা সময়ই বলে দেবে, দেখি…।"
