ওয়ানডে ম্যাচে ১১ ওভার করলেন কার্সন
একাদশ ওভার থেকে অবশ্য কোনো সাফল্য পাননি নিউ জিল্যান্ডের অফ স্পিনার।
আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ১১ ওভার বোলিং করে বিরল ঘটনার জন্ম দিলেন নিউ জিল্যান্ডের ইডেন কার্সন। ম্যাচ অফিসিয়ালদের বেখেয়ালে কোটার ১০ ওভার শেষ করেও বাড়তি এক ওভার হাত ঘোরালেন ২১ বছর বয়সী অফ স্পিনার।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে নিউ জিল্যান্ডের ম্যাচে দেখা যায় এমন কাণ্ড। দলের ১১৬ রানে জেতা ম্যাচে ১১ ওভারে ৪১ রান খরচায় ২ উইকেট নেন কার্সন।
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুর দিনগুলিতে খেলা হতো ৬০ ওভার করে। তখন প্রতি ম্যাচে একজন বোলার পেতেন ১২ ওভার বোলিংয়ের সুযোগ। সেই নিয়ম বদলে গেছে অনেক আগেই।
১৯৮৭ বিশ্বকাপ থেকে শুরু হয় ৫০ ওভার করে খেলা। তবে এরপরও বিভিন্ন সময়ে ৫৫ ওভারের ম্যাচ হয়েছে অনেকবার। ১৯৯৫ সালের মে মাসের পর থেকে ছেলেদের ক্রিকেটে স্থায়ীভাবে ৫০ ওভারে খেলা হয় ওয়ানডে ক্রিকেট।
১৯৯৩ সালে মেয়েদের ক্রিকেটে বন্ধ হয়ে যায় ৫০ ওভারের বেশি খেলা। তবে এরপরও অবশ্য আরও কয়েকবার এক ম্যাচে ১০ ওভারের বেশি বোলিংয়ের ঘটনা দেখা গেছে।
মেয়েদের ক্রিকেটে ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পূর্ণিমা রাও, ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার গায়ত্রি কারিয়াওয়াসাম ও ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের নিতু ডেভিড করেন ১১ ওভার।
স্থায়ীভাবে পঞ্চাশ ওভারে খেলা শুরুর পর ছেলেদের ক্রিকেটে একজন বোলারের ১০ ওভারের বেশি করার ঘটনা দেখা গেছে একবারই। সেটিতে জড়িয়ে আছে বাংলাদেশের নাম।
শ্রীলঙ্কায় হওয়া ২০০৪ সালের এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে নিজের কোটা শেষ করে একাদশ ওভার বোলিং করেন মোহাম্মদ রফিক। ওই ওভারের দ্বিতীয় বলে তিনি ফেরান হংকংয়ের শেষ ব্যাটসম্যান খালিদ খানকে। সব মিলিয়ে ১০.২ ওভারে ৩ মেডেনসহ ২১ রানে ধরেন ২ শিকার।
ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে প্রায় দুই দশক পর ঘটল এই ঘটনা।
অ্যামেলিয়া কার ও সোফি ডিভাইনের সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩২৯ রান করে নিউ জিল্যান্ড। স্বাগতিকদের রান তাড়ায় ৪৫ ওভারের মধ্যে কার্সন কোটার ১০ ওভার শেষ করেন।
নিজের প্রথম ওভারে হার্শিথা সামারাবিক্রমা ও নবম ওভারে কাভিশা দিলহারিকে ফেরান কার্সন। পরে ৪৭তম ওভারে ফের আক্রমণে এসে নিজের একাদশ ওভারটি করেন কার্সন। যা তখন বুঝতে পারেননি মাঠের কেউ কিংবা বাইরে থাকা অন্যান্য ম্যাচ অফিসিয়ালরাও।
সবার অলক্ষ্যে বাড়তি বোলিং করলেও ওই ওভার থেকে কোনো সাফল্য পাননি কার্সন। খরচ করেন স্রেফ ১ রান। ম্যাচ শেষে এই বিষয়ে দুই দলের প্রতিনিধি অথবা ম্যাচ অফিসিয়ালদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
