২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউএফসি ফাইটারের মতো’ হয়ে বিশ্বকাপে যেতে চান রাসেল

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিটনেসের দিক থেকে সেরা অবস্থায় থাকতে চান ক্যারিবিয়ান অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 07:25 PM

Updated : 22 Dec 2023, 07:25 PM

দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ফেরার সিরিজে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন আন্দ্রে রাসেল। দলের সিরিজ জয়ে রেখেছেন বড় অবদান। ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডারের চোখ এখন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। বলেছেন, বিশ্বকাপে ফিটনেসের দিক থেকে ‘ইউএফসি ফাইটারের মতো’ হয়ে উঠতে চান তিনি। 

ঘরের মাঠে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচেই ব্যাটে-বলে দলের জয়ের নায়ক ছিলেন রাসেল। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ১৪ বলে ২৯ রানের ইনিংসে দলকে জিতিয়ে ফেরেন তিনি।

সিরিজে পাঁচ ম্যাচে ১৬৯.৩৫ স্ট্রাইক রেটে রাসেল করেন ১০৫ রান। হাত ঘুরিয়ে উইকেট নেন ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৭টি। 

ত্রিনিদাদে শেষ টি-টোয়েন্টির পর ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেন রাসেল। তার ফেরার ক্ষেত্রে ভূমিকা রাখা কোচ ড্যারেন স্যামির কথাও তুলে ধরেন তিনি। 

“সত্যি বলতে ফিরে আসা এবং ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেওয়ার জন্য ডাক পাওয়া অনেক বড় কিছু। আমি গত দুই বছর ধরে কাজ করেছি, দলে ডাক পাওয়ার অপেক্ষায় থেকেছি। ফিরে আসতে পেরে এবং সিরিজ জিততে পেরে আমি রোমাঞ্চিত।”

“কোচ আমাকে অনেক সমর্থন দিয়েছেন। আমি খুব খুশি। মনে হচ্ছে সিরিজ জয়ের মধ্য দিয়ে বড়, বড় একটি চ্যাম্পিয়নশিপ জিতেছি, আমার কাছে এটার গুরুত্ব এমনই।” 

আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব মঞ্চে নিজেকে একজন পেশাদার মিক্সড মার্শাল আর্টিস্টের মতো দেখতে চান রাসেল। 

“আমি আরও ভালো (শারীরিক) গঠনে থাকব। সত্যি বলতে দেখতে ইউএফসি ফাইটারের মতো হয়ে উঠব। আমার এখনও ক্রিকেটে অনেক কিছু দেওয়ার আছে এবং এটা ভালো। যখন ক্রিকেট খেলবেন, প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, শরীরও তখন সক্রিয় থাকবে এবং বিশ্বকাপের জন্য শুধু ঘরে বসে থাকা লাগবে না।”