২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ আয়ারল্যান্ডের

বাছাই পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বিধ্বস্ত হয়ে শেষ হয়ে গেল আইরিশদের ওয়ানডে বিশ্বকাপে খেলার আশা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 08:56 PM

Updated : 25 Jun 2023, 09:00 PM

ওয়ানডে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না আয়ারল্যান্ডের। বাঁচা-মরার ম্যাচে প্রতিপক্ষকে অল্পতে আটকে রাখতে পারলেন না বোলাররা। রান তাড়ায় ব্যাটসম্যানরা করলেন আরও হতাশ। শ্রীলঙ্কার বিপক্ষে বিধ্বস্ত হয়ে শেষ হয়ে গেল আইরিশদের বিশ্বকাপে খেলার স্বপ্ন।

বুলাওয়ায়োতে রোববার ২০২৩ বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে ১৩৩ রানের বড় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ৩২৫ রান তাড়ায় দুইশও করতে পারেনি আইরিশরা, থামে ১৯২ রানে।

‘বি’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করা স্কটল্যান্ড, ওমানের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও হারের তেতো স্বাদ পেল আয়ারল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে সব মিলিয়ে পাঁচ ওয়ানডের সবকটি হারল তারা।

ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জাগিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করতে পারেনি তারা। সুপার লিগ শেষ করে ১১ নম্বরে থেকে। এবার বাছাইয়ে এখন পর্যন্ত পয়েন্টের খাতাই খুলতে পারেনি তারা।

এ নিয়ে টানা দুটি বিশ্বকাপে খেলতে পারছে না আয়ারল্যান্ড। ২০১৯ আসরের বাছাই থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের বড় পুঁজি এনে দেওয়ার কারিগর দিমুথ করুনারত্নে। ইনিংস শুরু করতে নেমে প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ৮ চারে ১০৩ রান করেন তিনি।

শতকের সম্ভাবনা জাগান সাদিরা সামারাবিক্রমাও। কিন্তু শেষ পর্যন্ত তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পাওয়া হয়নি তার। চারে নেমে ৪টি চারে ৮২ রানে থামেন তিনি। এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভা খেলেন ৪২ রানের অপরাজিত ইনিংস।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ শিকার ধরেন মার্ক অ্যাডায়ার। তিন উইকেট নেন ব্যারি ম্যাককার্থির।

রান তাড়ায় আইরিশরা নিয়মিত বিরতিতে হারায় উইকেট। চল্লিশের ঘরে যেতে পারেননি কেউ। ১ ছক্কা ও ৪টি চারে সর্বোচ্চ ৩৯ রান করেন কার্টিস ক্যাম্পার। ত্রিশ স্পর্শ করেন আর কেবল হ্যারি টেক্টর, ১ ছক্কা ও ৩ চারে ৩৩।

আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার কাজটি করেন মূলত ভানিন্দু হাসারাঙ্গা। ৭৯ রানে ৫ উইকেট নেন লঙ্কান এই লেগ স্পিনার।

এতে ওয়ানডেতে দারুণ এক কীর্তি গড়েন তিনি। ইতিহাসের দ্বিতীয় ওয়ানডে বোলার হিসেবে টানা তিন ম্যাচে ধরেন পাঁচটি করে শিকার। ১৯৯০ সালে এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের ওয়াকার ইউনিস।