২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সিরিজ জয়ের ‘সেরা সুযোগ’ দেখছেন কামিন্স

গত বছর পাকিস্তানে গিয়ে সিরিজ জয়ের ধারাবাহিকতায় এবার ভারতেও সিরিজ জিততে চান অস্ট্রেলিয়ান অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 11:32 AM

Updated : 09 Jan 2023, 08:12 PM

অস্ট্রেলিয়ান গ্রীষ্ম এবার দারুণ কাটল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। পাঁচ টেস্টের চারটি জিতেছে তারা বেশ দাপটে। প্রকৃতি বাধা না হয়ে দাঁড়ালে আরেকটিতেও জয় ধরা দিত অনেকটা নিশ্চিতভাবেই। তবে আসল চ্যালেঞ্জ এখন তাদের সামনে। আগামী মাসেই ভারত সফর। যেখানে তারা সিরিজ জিততে পারে না দীর্ঘদিন। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের মতে, সেই খরা কাটানোর উপযুক্ত সময় এখনই।

আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুর টেস্ট দিয়ে শুরু ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই। চার ম্যাচ সিরিজের পরের তিনটি দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে।

অনেক দিন ধরেই ট্রফি নিজেদের কাছে রাখতে পেরেছে ভারত। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সিরিজ জিতেছিল নিজেদের মাঠে। ২০১৭ সালে দেশের মাঠে সিরিজ জিতে ভারত আবার ট্রফি নিয়ে যায় নিজেদের কাছে। এরপর দুই দফায় অস্ট্রেলিয়ায় গিয়েও তারা ধরে রাখে ট্রফি। ২০১৮-১৯ ও ২০২০-২১ মৌসুমে দারুণ পারফর‌ম্যান্সে তারা পিঠেপিঠি সিরিজ জিতে নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে।

অস্ট্রেলিয়ার জন্য এমন সাফল্যের নজির দেখতে হলে যেতে হবে অনেক পেছনে। ভারতে তারা সবশেষ সিরিজ জিতেছে সেই ২০০৪ সালে। ভারত সফরের ৬৬ বছরের ইতিহাসে তারা সেখানে সিরিজ জিততে পেরেছে স্রেফ চারবার। গত ৫৩ বছরে জিততে পেরেছে স্রেফ একবারই।

২০০৪ সালের ওই সফরের পর আরও চার দফায় ভারতে গিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ জয় তো বহুদূর, এই চার সফরে মোট ১৪ টেস্ট খেলে তারা ম্যাচ জিততে পেরেছে মোটে একটি।

এবার কাজটি সহজ হবে না মোটেও। তবে অস্ট্রেলিয়া দলও এখন দারুণ ছন্দে আছে। শুধু দেশের মাঠে নয়, সাম্প্রতিক সময়ে সাফল্য পেয়েছে তারা দেশের বাইরেও। গত বছর পাকিস্তানে গিয়ে সিরিজ জিতে এসেছে কামিন্সের দল, সিরিজ ড্র করেছে শ্রীলঙ্কায়।

সব মিলিয়ে এবার ভারতে ভালো করতে তারা আত্মবিশ্বাসী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে বললেন কামিন্স।

“আমার মনে হয়, সম্ভাব্য সেরা সুযোগটাই আমরা নিজেদের দিয়েছি। দারুণ এক গ্রীষ্ম কাটালাম আমরা।  আমার মনে হচ্ছে, আমরা খুব ভালোভাবে মানিয়ে নিতে পারছি (বিভিন্ন কন্ডিশনে)। গত বছর শ্রীলঙ্কা ও পাকিস্তানের অভিজ্ঞতা আমাদেরকে ভারত সফরের জন্যও বেশ ভালো অবস্থায় পৌঁছে দিয়েছে।”

“আগামী কয়েক সপ্তাহে আমরা সুযোগ পাব গত এক বছরের পারফরম্যান্সে ফিরে তাকাতে। এরপর তরতাজা ও ক্ষুধার্ত হয়ে সেখানে (ভারতে) যাব। আমার মনে হয়, যতটা বেশি সম্ভব, ততটাই সুযোগ এবার আছে আমাদের।”