২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব পিচ এমন হলে আমার অ‍্যাশেজ সিরিজ শেষ’

সিরিজের বাকি টেস্টগুলোর উইকেট প্রথম টেস্টের মতো হলে এবারের অ্যাশেজে নিজের ভালো করার সম্ভাবনা দেখছেন না টেস্ট ইতিহাসের সফলতম পেসার জিমি অ্যান্ডারসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 03:49 PM

Updated : 23 Jun 2023, 04:58 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে একেবারেই নিষ্প্রভ ছিলেন জেমস অ্যান্ডারসন। চেনা আঙিনায় খেলা হলেও ইংলিশ অভিজ্ঞ পেসারের কোনো চেষ্টাই কাজ করেনি এই ম্যাচে। এর পেছনে এজবাস্টনের ‘নিষ্প্রাণ’ পিচকে দায় দিলেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার। একই সঙ্গে বললেন, অ্যাশেজ সিরিজের বাকি ম্যাচগুলোর উইকেট এমন হলে, ইংল্যান্ডকে সহায়তা করা কঠিন হবে তার জন্য।  

অ্যাশেজ সিরিজ শুরুর আগে কিউরেটরদের ‘ব্যাটিং সহায়ক ও গতিময় উইকেট’ তৈরি করতে বলেছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। কিন্তু এজবাস্টনের উইকেটে পেসারদের জন্য ছিল না কোনো সহায়তা। উইকেট ছিল মন্থর। ইংল্যান্ডের আরেক অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডও এই পিচকে বলেছেন ‘প্রাণহীন।’

ব্রড অবশ্য এই পিচেই কিছুটা সাফল‍্য পান। দুই ইনিংসেই তিনটি করে শিকার ধরেন তিনি। কিন্তু ম্যাচে তেমন কোনো ভূমিকাই রাখতে পারেননি অ্যান্ডারসন। দুই ইনিংসে ১০৯ রান দিয়ে তার শিকার ছিল স্রেফ একটি, প্রথমভাগে অ্যালেক্স কেয়ারিকে বোল্ড। 

অথচ এজবাস্টনে সবচেয়ে বেশি টেস্ট উইকেট অ্যান্ডারসনের। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ধরেছেন ৫২টি শিকার। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনবার। 

অ্যান্ডারসনের পারফরম্যান্স ছাড়াই অবশ্য এজবাস্টন টেস্টে জয়ের সম্ভাবনা জাগায় ইংল্যান্ড। রোমাঞ্চ, উত্তেজনায় ঠাসা ম্যাচটি শেষ পর্যন্ত যদিও ২ উইকেটে জিতে সিরিজে এগিয়ে এখন অস্ট্রেলিয়া।

ডেইলি টেলিগ্রাফে নিজের কলামে অ্যান্ডারসন লেখেন, এজবাস্টনের পিচ তাকে কোনো ধরনের সহায়তাই করেনি।

“সব পিচ যদি এমন হয় (এজবাস্টনের মতো নিষ্প্রাণ) তাহলে আমার অ্যাশেজ সিরিজ শেষ। ওই পিচটি আমাকে দুর্বল করে দিয়েছে। সেখানে তেমন কোনো সুইং পাওয়া যায়নি। রিভার্স সুইং, সিম মুভমেন্ট, বাউন্স, পেস কিছুই ছিল না।” 

“কয়েক বছর ধরে নিজের দক্ষতাকে শাণিত করার চেষ্টা করেছি, যেন যে কোনো কন্ডিশনে বল করতে পারি। কিন্তু এখানে যা কিছুই চেষ্টা করেছি, কোনো পার্থক্য দেখা যায়নি। মনে হচ্ছিল, আমি কঠিন একটি লড়াই করছি। কিছুটা মলিনতাও ছিল, তবে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি। জানি, দলকে আরও দেওয়ার আছে আমার এবং অবদান রাখার জায়গা আছে। আমি লর্ডসে সেটা পূরণ করতে চাই।” 

আগামী বুধবার লর্ডসে শুরু অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট।