রেহানের রেকর্ড গড়া বোলিংয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার দুয়ারে ইংল্যান্ড
টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের রেহান, যার শেকড় পাকিস্তানেই।
এই ম্যাচের একাদশে জায়গা পেয়েই রেকর্ড বইয়ে নাম উঠে গেছে রেহান আহমেদের। তবে স্রেফ মাঠে নামার আনুষ্ঠানিকতার রেকর্ডে তৃপ্ত হলেন না তিনি। বাবার জন্মভূমি পাকিস্তানে স্মরণীয় বোলিংয়ে ইতিহাস গড়লেন ইংলিশ স্পিনার। ১৮ বছর বয়সী লেগ স্পিনারের ৫ উইকেট ইংল্যান্ডকে পৌঁছে দিল অনন্য এক জয়ের মঞ্চ।
টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন রেহান। তাতে নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে প্রথমবার তিন ম্যাচের সিরিজ হোয়াইটওয়াশড হওয়ার খুব কাছে পাকিস্তান।
করাচি টেস্ট জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন আর স্রেফ ৫৫ রান। উইকেট আছে এখনও ৮টি।
নাটকীয় তৃতীয় দিনে এই পতনের দিকে এগিয়ে যায় পাকিস্তান। ১০ উইকেট হাতে নিয়ে দিন শুরু করা দল গুটিয়ে যায় ২১৬ রানে।
পাকিস্তানের টপ অর্ডারে ছোবল দেন জ্যাক লিচ। পরে আক্রমণে এসে উইকেট শিকারে তাকে ছাড়িয়ে যান রেহান। ৫ উইকেট নেন তিনি ৪৮ রানে।
১৮ বছর ১২৬ দিন বয়সে এমন বোলিং করে তিনি ছাড়িয়ে যান প্যাট কামিন্সের রেকর্ড। ২০১১ সালে অভিষেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলে কামিন্স ১৮ বছর ১৯৩ দিন বয়সে। বয়সের রেকর্ডের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় টেস্ট শুরু দিনটি।
রেহানের বাবা নাইম আহমেদের জন্ম পাকিস্তানে। তিনিও ছিলেন ক্রিকেটার, পেস বোলিং অলরাউন্ডার। শীর্ষ পর্যায়ে অবশ্য খেলতে পারেননি। পরে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। ২০০৪ সালের অগাস্টে রেহানের জন্ম নটিংহ্যামে।
ইংল্যান্ডেই বেড়ে ওঠা রেহান ইতিহাসে নাম লেখালেন তার শেকড়ে ফিরে। ৫ উইকেট পূর্ণ করে তিনি যখন সিজদা দিচ্ছেন উইকেটে, গ্যালারিতে তখন উচ্ছ্বাসে ভাসছেন বাবা নাইম।
চোখধাঁধানো কিংবা জাদুকরি লেগ স্পিনের প্রদর্শনী যে রেহান মেলে ধরেছেন, এমন নয়। পাকিস্তানি ব্যাটসম্যানদের দায়ও ছিল বেশ। তবে সব মিলিয়ে টার্ন, গুগলি মিলিয়ে প্রথাগত লেগ স্পিনে উজ্জ্বল ভবিষ্যতের আভাস তিনি মেলে ধরেছেন।
কোনো উইকেট না হারিয়ে ২১ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। শান মাসুদ ও আব্দুল্লাহ শফিকের জুটি দলকে পেরিয়ে নিয়ে যায় ফিফটি।
দিনের প্রথম ওভারেই জো রুটকে তিনটি বাউন্ডারিতে শুরু করেন মাসুদ। রুটের পরের ওভারে দারুণ এক ছক্কাও মারেন তিনি। প্রথম ইনিংসের ঘাটতি ঘুচিয়ে লিড পেয়ে যায় পাকিস্তান।
সেই মাসুদই পরে আত্মঘাতী শটে ডেকে আনেন নিজের ও দলের বিপদ। লিচকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি ২৪ রানে। খুলে যায় উইকেটের দুয়ার।
ওই ওভারেই লিচ আদায় করে নেন একটি উইকেট। বিদায়টা বিষাদময় হয় আজহার আলির। লিচের ফ্লাইটে বিভ্রান্ত হয়ে তিনি বোল্ড হয়ে যান। ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংসে রান করতে না পারলেও গোটা দল থেকে ‘গার্ড অব অনার’ পাওয়ার সম্মান পেয়ে শেষবারের মতো মাঠ ছাড়েন তিনি।
পরের ওভারেই লিচ দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ করে দেন থিতু হওয়া শফিককে (২৬)।
বিনা উইকেটে ৫৩ থেকে পাকিস্তানের রান হঠাৎ হয়ে যায় ৩ উইকেটে ৫৪। সেখান থেকে দলকে নেন বাবর আজম ও সাউদ শাকিল। লাঞ্চের আগে-পরে মিলিয়ে শতরানের জুটি গড়েন তারা। ফিফটি করেন দুজনই।
লাঞ্চের আগে বলই হাতে পাননি রেহান। দিনের খেলা ৪০ ওভারের বেশি হওয়ার পর তাকে আক্রমণে আনেন বেন স্টোকস। সাফল্য মেলে হাতেনাতে। প্রথম ওভারেই উইকেট পেয়ে যান তিনি। দায় যদিও বেশি ব্যাটসম্যান বাবরের। ৫৪ রানে থাকা পাকিস্তানি অধিনায়ক শর্ট বলে পুল করে তুলে দেন শর্ট মিড উইকেটের হাতে।
অফ স্টাম্প ঘেঁষা টার্নিং বলে রেহানের পরের শিকার মোহাম্মদ রিজওয়াদ। একটু পর তাকে সুইপ করতে গিয়েই উইকেট উপহার দিয়ে ফেরেন ৫৩ রান করা শাকিল।
অভিষেক সিরিজটা বেশ ভালো কাটল বাঁহাতি এই ব্যাটসম্যানের। ৩ টেস্টে ৪ ফিফটিতে তার রান ৫৭.৬৬ গড়ে ৩৪৬।
এরপর পাকিস্তানের লোয়ার মিডল অর্ডারে কেউ দাঁড়াতে পারেননি। বিপজ্জনক ফাহিম আশরাফকে দারুণ টার্নিং ডেলিভারিতে ফেরান রুট। নুমান আলি থামে মার্ক উডের গতিতে।
শেষ দিকে আরও দুটি উইকেট নেন রেহান। শেষ বাধা হয়ে থাকা আঘা সালমানকে (২১) ফিরিয়ে তিনি পূর্ণ করেন ৫ উইকেট ও রেকর্ড।
রান তাড়ায় নেমে ইংল্যান্ড শুরু করে টি-টোয়েন্টির গতিতে। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ১০ ওভারেই তোলেন ৮০ রান!
৭ চারে ৪১ রান করা ক্রলিকে ফিরিয়ে ৮৭ রানে এই জুটি ভাঙেন লেগ স্পিনার আবরার আহমেদ। ইংল্যান্ড তিনে নামিয়ে দেয় রেহানকে।
এমনিতে লেগ স্পিনার হলেও তার ব্যাটের হাতও ভালো। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অলরাউন্ডারই ছিলেন। স্রেফ তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে একটি সেঞ্চুরিও আছে তার। প্রথম বলে বাউন্ডারিতে শুরু করেন তিনিও। তবে বেশি দূর যেতে পারেননি। ১০ রানে কাটা পড়েন আবরারের স্পিনে।
৩৮ বলে ফিফটি ছুঁয়ে দিন শেষ করেন ডাকেট। শেষ দিনে তারা মাঠে নামবেন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আনুষ্ঠানিকতা সারতে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৩০৪
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫৪
পাকিস্তান ২য় ইনিংস: (আগের দিন ২১/০) ৭৪.৫ ওভারে ২১৬ (শফিক ২৬, মাসুদ ২৪, আজহার ০, বাবর ৫৪, শাকিল ৫৩, রিজওয়ান ৭, সালমান ২১, ফাহিম ১, নুমান ১৫, ওয়াসিম ২, আবরার ১*; লিচ ২৬-৬-৭২-৩, রুট ৭-১-৩১-১, রেহান ১৪.৫-১-৪৮-৫, উড ১২-৩-২৫-১, রবিনসন ৭-১-১৩-০, স্টোকস ৮-৩-২০-০)।
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ১৬৭) ১৭ ওভারে ১১২/২ (ক্রলি ৪১, ডাকেট ৫০*, রেহান ১০, স্টোকস ১০*; আবরার ৬-০-৪৩-২, নুমান ৫-০-৩৮-০, ওয়াসিম ৪-০-১৭-০, ফাহিম ২-০-১৩-০)
