১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিহাব-আহরারের দারুণ জুটিতে বাংলাদেশের যুবাদের প্রথম জয়

যুব বিশ্বকাপে বলে-ব্যাটে দারুণ পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ।

শিহাব-আহরারের দারুণ জুটিতে বাংলাদেশের যুবাদের প্রথম জয়

আসরে টানা দ্বিতীয় ফিফটিতে ৫৪ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা মোহাম্মদ শিহাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 09:35 PM

Updated : 22 Jan 2024, 10:42 PM

নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখলেন বোলাররা। রান তাড়ায় নব্বই ছোঁয়া উদ্বোধনী জুটিতে ভিত গড়ে দিলেন আশিকুর রহমান ও আদিল বিন সিদ্দিক। মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারালেও চমৎকার এক জুটিতে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিলেন মোহাম্মদ শিহাব ও আহরার আমিন। বলে-ব্যাটে দারুণ পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে উড়িয়ে যুব বিশ্বকাপে প্রথম জয় পেল বাংলাদেশ।

ব্লুমফন্টেইনে সোমবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৩৬ রানের লক্ষ্য ১৯ বল হাতে রেখে পেরিয়ে গেছে তারা।

পঞ্চম উইকেটে ১১৬ বলে অবিচ্ছিন্ন ১০৯ রানের জুটিতে দলের জয় নিয়ে ফেরেন শিহাব ও আহরার। আসরে টানা দ্বিতীয় ফিফটিতে ৫৪ বলে ৫ চারে ৫৫ রান করে ম্যাচের সেরা শিহাব। ৬৩ বলে ৩ চার ও এক ছক্কায় ৪৫ রান করেন আহরার।

বল হাতে এই ম্যাচেও বাংলাদেশের সফলতম বোলার মারুফ মৃধা। বাঁহাতি এই পেসার প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেটের পর এবার ৪৫ রানে নেন ২টি। আরেক পেসার শেখ পারভেজের প্রাপ্তিও ২ উইকেট, ৫৪ রান দিয়ে।

দুই বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি ৯ ওভারে ২৭ রানে ও রাফি উজ্জামান রাফি ৪২ রানে ধরেন একটি করে শিকার।

আয়ারল্যান্ডের কিয়ান হিলটনের ১১৩ বলে ৯০ ছাড়া ত্রিশ ছুঁতে পারেন আর কেবল জর্ডান নেইল (৩১)।

আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৬টি যুব ওয়ানডে খেলে সবগুলোতেই জিতল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হেরেছিল ৮৪ রানে। ২৫২ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চাশ করতেই সেদিন হারিয়েছিল ৪ উইকেট। এবার রান তাড়ায় শুরুটা হয় দারুণ। সতর্ক শুরু করেন আশিকুর ও আদিল। বাউন্ডারির চেয়ে প্রান্ত বদল করে রান তোলার দিকেই বেশি মনোযোগ দেন তারা।

প্রথম ১০ ওভারে আসে ৫৩ রান, ১৯ ওভারে ৯০। সেখান থেকে ১৩০ পর্যন্ত যেতে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

আদিলকে (৬৩ বলে ৩ চারে ৩৬) ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন ম্যাথু ওয়েলডন। আশিকুর ফেরেন ফিফটি থেকে ৬ রান দূরে থাকতে। এলবিডব্লিউ হন তিনি ৬০ বলে ৩ চারে ৪৪ রানের ইনিংস খেলে।

পরের দুই ব্যাটসম্যান চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম বিদায় নেন পরপর দুই ওভারে। তখন বেশ চাপে বাংলাদেশ।

সেই চাপ জেঁকে বসতে দেননি শিহাব ও আহরার। শুরুতে সময় নেন দুজন। দেখেশুনে খেলে এগিয়ে নেন দলকে। আহরার পরে হাঁকান দারুণ এক ছক্কা।

ওয়েলডনের তিন বলের মধ্যে দুটি বাউন্ডারিতে শিহাব ফিফটি পূর্ণ করেন ৫৩ বলে। এক বল পর দারুণ কাভার ড্রাইভে চার মেরে ম্যাচের ইতি টেনে দেন আহরার।

শেষের মতো শুরুটাও এ দিন ভালো হয় বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম পাঁচ ওভারে আয়ারল্যান্ড করে ২৪ রান। ষষ্ঠ ওভারে রায়ান হান্টারকে ফিরিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন মারুফ।

তিনে নামা গ্যাভিন রুলস্টনকে টিকতে দেননি পারভেজ। রাফি চমৎকার এক ডেলিভারিতে বোল্ড করে দেন জর্ডান নেইলকে। অধিনায়ক ফিলিপাস রক্সকে বোল্ড করে দ্বিতীয় শিকার ধরেন পারভেজ।

তখন ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে আয়ারল্যান্ড। সেখান থেকে ইনিংস সেরা ৮১ রানের জুটিতে দলকে এগিয়ে নেন হিলটন ও স্কট ম্যাকবেথ। ৫৩ বলে ২৭ রান করা ম্যাকবেথকে ফিরিয়ে মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙেন অধিনায়ক মাহফুজুর।

৭৩ বলে ফিফটি করে এগিয়ে যান হিলটন। ষষ্ঠ উইকেটে জন ম্যাকন্যালির সঙ্গে ৪৩ রানের আরেকটি কার্যকর জুটিতে দলের স্কোর দুইশ পার করেন ১৮ বছর বয়সী ব্যাটসম্যান। শেষের আগের ওভারে হিলটনকে থামান মারুফ। শেষ ওভারে ২ উইকেট হারালেও আইরিশরা পায় ১০ রান।

সেই পুঁজি যথেষ্ট হলো না তাদের জন্য। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আসর শুরুর পর প্রথম হারের স্বাদ পেল আয়ারল্যান্ড।

গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৩৫/৮ (জর্ডান ৩১, হান্টার, রুলস্টন ৫, হিলটন ৯০, রক্স ১৩, ম্যাকবেথ ২৭, ম্যাকন্যালি ২৩, কারসন ৭*, রাইলি ১, উইলসন ০*; রোহানাত ১০-১-৪৫-১, মারুফ ৮-০-৪৫-২, পারভেজ ১০-১-৫৪-২, রাফি ৯-০-৪২-১, মাহফুজুর ৯-১-২৭-১, আহরার ১-০-৫-০, আরিফুল ৩-১-১০-০)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৫ ওভারে ২৩৯/৪ (আশিকুর ৪৪, আদিল ৩৬, রিজওয়ান ২১, আরিফুল ১৩, আহরার ৪৫*, শিহাব ৫৫*; উইলসন ৫-০-২৫-০, রাইলি ৬-০-৩৭-০, ম্যাকন্যালি ৭-১-২৩-১, কারসন ৯-০-৪৩-০, ম্যাকবেথ ১০-০-৪১-২, ওয়েলডন ৬.৫-০-৪৬-১, জর্ডান ৩-০-১৮-০)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ শিহাব