২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারুণ শুরু পেয়েও কাজে লাগাতে পারলেন না হৃদয়

তিনটি চমৎকার বাউন্ডারি মেরেই ফিরে গেলেন তরুণ এই ডানহাতি ব্যাটসম্যান।

দারুণ শুরু পেয়েও কাজে লাগাতে পারলেন না হৃদয়

লঙ্কা প্রিমিয়ার লিগে বি-লাভ ক্যান্ডির বিপক্ষে ২২ বলে ১৯ রান করেন জাফনা কিংসের তাওহিদ হৃদয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 09:23 PM

Updated : 06 Aug 2023, 12:59 PM

নতুন বল হাতে নিয়ে চমকে দিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শুরুতেই বিদায় করে দিলেন বিপজ্জনক রহমানউল্লাহ গুরবাজকে। তাই প্রথম ওভারেই নামতে হলো তাওহিদ হৃদয়কে। কঠিন পরিস্থিতিতে তিনটা চার মেরে দারুণ কিছুর আভাসও দিলেন তিনি। কিন্তু আশা জাগিয়েও পারলেন না ডানা মেলতে।

লঙ্কা প্রিমিয়ার লিগে শনিবার বি-লাভ ক্যান্ডির বিপক্ষে ২২ বলে ১৯ রান করে আউট হয়ে যনি হৃদয়। প্রথম ১৩ বলের মধ্যে দুই ওপেনারকে হারানো জাফনা কিংসের বিপদ বাড়ে তার বিদায়ে।

ক্রিজে গিয়ে ম্যাথিউসের প্রথম বল ছেড়ে দেন হৃদয়। তৃতীয় ওভারে দল হারায় আরেক ওপেনার চারিথ আসালঙ্কাকে। সেই ওভারেই ক্রিজ ছেড়ে বেরিয়ে দৃষ্টিনন্দন শটে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে রানের খাতা খোলেন হৃদয়।

মুজিব উর রহমানের পরের ওভারে পাঁচ বল খেলে নিতে পারেন কেবল একটি সিঙ্গেল। পর দুশমন্ত চামিরাকে পরপর দুটি চার মেরে ইঙ্গিত দেন গা ঝাড়া দেওয়ার। এরপর আর বেশি দূর টেনে নিতে পারেননি নিজের ইনিংস।

ভানিন্দু হাসারাঙ্গাকে সুইপ করে টাইমিং করতে পারেননি। ডিপ স্কয়ার লেগে ক্যাচ নেন চামিরা।

লঙ্কা প্রিমিয়ার লিগে এই প্রথম ২০ রানের আগে ফিরলেন হৃদয়। আগের তিন ইনিংসে তিনি করেছিলেন ৫৪, ২৪ ও অপরাজিত ৪৪।

জাফনা কিংস শেষ পর্যন্ত স্রেফ ১১৭ রান করে ম্যাচটি হেরে যায় ৮ উইকেটে। চার ম্যাচে তাদের জয়-পরাজয় সমান দুটি করে।