২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বিদায় জানালেন ওয়ানডে অভিষেকে দ. আফ্রিকার প্রথম সেঞ্চুরিয়ান

৪১ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন কলিন ইনগ্রাম।

বিদায় জানালেন ওয়ানডে অভিষেকে দ. আফ্রিকার প্রথম সেঞ্চুরিয়ান

কলিন ইনগ্রাম। ছবি: গ্ল‍্যামরগন ক্রিকেট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 06:53 PM

Updated : 22 Sep 2026, 06:53 PM

ঝলমলে অভিষেকের পরও আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি দিন খেলতে পারেননি কিপার-ব‍্যাটসম‍্যান কলিন ইনগ্রাম। তবে ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ সফল তিনি। দীর্ঘ পথচলা শেষে ৪১ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন দক্ষিণ আফ্রিকার এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান।

সামাজিক মাধ‍্যমে মঙ্গলবার এক পোস্টে অবসরের ঘোষণা দেন ইনগ্রাম।

“পেশাদার ক্রিকেট থেকে আমার বিদায়ের ঘোষণা দেওয়ার দিনটা অবশেষে চলেই এলো।”

দুই সপ্তাহ আগে গ্ল‍্যামরগনের হয়ে কাউন্টি চ‍্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ারের বিপক্ষে সবশেষ ম‍্যাচ খেলেন তিনি। এই সপ্তাহে এসেক্সের বিপক্ষে বিদায়ী ম‍্যাচ খেলতে পারেন তিনি।

দক্ষিণ আফ্রিকার দল ফ্রি স্ট‍েটের খেলোয়াড় ইনগ্রামের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় ২০০৪-০৫ মৌসুমে। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১০ সালের অক্টোবরে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে অভিষেক হয় তার। ২০১৩ সালের নভেম্বরে দেশের হয়ে শেষবার খেলেন তিনি।

ওয়ানডে অভিষেকে ব্লুমফন্টেইনে ১২৬ বলে খেলেন ১২৪ রানের ইনিংস। এই সংস্করণে অভিষেকে দক্ষিণ আফ্রিকার কোনো ব‍্যাটসম‍্যানের যা প্রথম সেঞ্চুরি। পরে পাকিস্তানের বিপক্ষে দুটি ভিন্ন সিরিজে করেন দুটি সেঞ্চুরি। এই সংস্করণে ৩১ ম‍্যাচে তিনটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৩২.৪২ গড়ে করেন ৮৪৩ রান।

টি-টোয়েন্টি খেলতে পেরেছেন কেবল ৯টি। ১২৯.৬২ স্ট্রাইক রেটে করেছেন ২১০ রান। তবে ফ্র‍্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে সফল বাঁহাতি এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। খেলেছেন বিপিএল, আইপিএল, বিবিএল, আইএলটি-টোয়েন্টি, সিপিএল, দা হান্ড্রেড, পিএসএল ও এসএটোয়েন্টিসহ নানা টুর্নামেন্টে। সব মিলিয়ে ৩৭৮ ম‍্যাচে ১৩৮.৫০ গড়ে তিনি করেছেন ৯ হাজার ১৭ রান।