ফারজানা-নিগারদের মানসিকতা ও ফিটনেসে ঘাটতি দেখছেন কোচ
বড় ইনিংস খেলার পথে এসবকে মূল বাধা বলে মনে করেন কোচ হাশান তিলাকারাত্নে।
বড় কিছুর সম্ভাবনা জাগিয়ে অল্পেই থেমে যাওয়া মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের প্রায় নিয়মিত চিত্র। ব্যাটিংয়ে ভালো শুরুর পর সেটি টেনে নিতে না পারার মাশুল গুনতে হয় হরহামেশাই। ব্যাটারদের স্কিলের ঘাটতি অবশ্য খুব একটা দেখছেন না হাশান তিলাকারাত্নে। তবে প্রধান কোচের মতে, মানসিকতা ও ফিটনেসের দিক থেকে পিছিয়ে বাংলাদেশের মেয়েরা।
মেয়েদের ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতা সবসময়ই বাংলাদেশের মাথাব্যথার জায়গা। গত বছর ঘরের মাঠে এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর কোচ বদলেও উন্নতি হয়নি ব্যাটিং পারফরম্যান্সে। ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারছেন না মুর্শিদা খাতুন, শারমিন আক্তার, ফারজানা হক, নিগার সুলতানারা। রুমানা আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটার ফর্ম হারিয়ে দলের বাইরে, দলে অনিয়মিত শামীমা সুলতানা।
সবশেষ উদাহরণ ভারতের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডে। অল্প রানেই ৩ উইকেট হারানোর পর চাপ সামাল দেন ফারজানা ও রিতু মনি। দুজন মিলে গড়েন ৬৮ রানের জুটি। পরিস্থিতি যখন মনে হচ্ছিল অনুকূলে, তখনই স্টাম্পড হন ফারজানা। ফিফটির সম্ভাবনা জাগিয়ে ৪৭ রানে ফিরতে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে।
রিতুও পারেননি ইনিংস বড় করতে। তিনি স্টাম্পড হন ২৭ রান করে। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরো ব্যাটিং লাইন-আপ। বাংলাদেশ হেরে যায় বড় ব্যবধানে।
মিরপুরে শেষ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ব্যাটিংয়ের এই দিক নিয়ে দুর্ভাবনা আড়াল করলেন না বাংলাদেশ কোচও।
“ব্যাটিং একটি বড় চিন্তার কারণ। ওরা উইকেটে থিতু হয়ে আউট হয়ে যাচ্ছে। সবচেয়ে কঠিন কাজ হলো, থিতু হওয়া। ভালো শুরু পাওয়ার পর, উইকেট ছুড়ে আসা উচিত নয়। দ্বিতীয় ম্যাচে ২৯ ওভার শেষে ৩ উইকেটে ১০৩ রান, মনে হচ্ছিল, আমরা চাহিদার সমান্তরালেই আছি।”
“ওই সময় দূর্ভাগ্যবশত (ফারজানা হক) পিংকির উইকেট আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তো হ্যাঁ, আমরা ব্যাটিং নিয়ে ভাবছি। বড় চিন্তার জায়গা হলো অনেক বেশি ডট বল খেলা। এছাড়া প্রথম পাওয়ার প্লেতেও আমরা অনেক পিছিয়ে থাকছি। আমাদের আলোচনা হয়েছে। আমি নিশ্চিত, তারা আগামীকাল ভালো পারফরম্যান্স নিয়ে ঘুরে দাঁড়াবে।”
পাওয়ার প্লেতে তেমন ভালো শুরু না পাওয়ার বড় দায় বর্তায় মুর্শিদা খাতুনের কাঁধে। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ স্ট্রোকসমৃদ্ধ ব্যাটার হিসেবে আবির্ভাব হলেও, সাম্প্রতিক সময়ে যেন নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন বাঁহাতি ওপেনার।
দ্বিতীয় ওয়ানডেতে তিনি করেন ১৯ বলে ১২ রান। প্রথম ম্যাচে ১৩ রান করতে খেলেন ৩০ বল। পারফরম্যান্সে কিছুটা ঘাটতি দেখা দিলেও, মুর্শিদার সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই বাংলাদেশের কোচের। তবে তার ব্যাটিংয়ে কাজ করার জায়গাও দেখিয়ে দিলেন তিলাকারাত্নে।
“(মুর্শিদা) আমাদের দলে টেকনিক্যালি শুদ্ধ ব্যাটারদের একজন। প্রথম ম্যাচে সে ভালো শুরু পাওয়ার পর উইকেট ছুড়ে এসেছে। এসব জায়গা ধরেই আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই। এসবের উন্নতির জন্য তাদের ওপর ধৈর্য ধরতে হবে। আমরা সেই সময় বিনিয়োগ করছি। আমি নিশ্চিত, তারা ভালো করবে।”
ইনিংস বড় করতে না পারা অবশ্য শুধু ফারজানা-মুর্শিদার ব্যক্তিগত সমস্যা নয়। অথবা এই ম্যাচ বা এই সিরিজ থেকেই নয় এই ঘাটতি। ২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এই সময়ে স্রেফ ৬টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলতে পেরেছেন ব্যাটাররা।
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৫৬ ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের ফিফটি ২৬টি। সেঞ্চুরির কাছে যেতে পারেননি এখনও একজনও। ২০১৩ সালের ভারত সফরে সালমা খাতুন ও রুমানা আহমেদের ৭৫ রান এখনও বাংলাদেশের সর্বোচ্চ।
চলতি বছর তিন ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের নেই কোনো ফিফটি।
ব্যাটারদের বড় ইনিংস খেলতে না পারার পেছনে মূল সমস্যার জায়গাটা ধরতে পেরেছেন তিলাকারাত্নে।
“আমার মনে হয়, ব্যাটাররা টেকনিক্যালি ভালো। কাছ থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যায়, তারা যে টেকনিক্যালি ভালো। তবে তাদের মানসিকতা বড় ইনিংস খেলার জন্য প্রস্তুত নয়। তাদের সঙ্গে এটি নিয়ে কাজ করতে হবে।”
“এছাড়া ফিটনেসও গড়পড়তার নিচে। আমাদের এখন নতুন ট্রেনার (প্রধান ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ইয়ান ডুরান্ট) আছে, ইংল্যান্ড থেকে এসেছে। সে কাজ করছে। এই সিরিজের পর একটা ৬ সপ্তাহের ফিটনেস ক্যাম্প হবে। আমি নিশ্চিত, তাদের (ফিটনেস) ঠিক হবে।”
