ব্যাটিং বিপর্যয়ের পরও আশা ছাড়ছে না বাংলাদেশ
শেষ তিন দিনে দলকে লড়াই করার তাগিদ দিলেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ।
প্রথম দিন ছিল টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ৬ উইকেট তুলে নেওয়ার স্বস্তি। ২৪ ঘণ্টার ব্যবধানে তা বদলে গেল পুরোপুরি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচের দ্বিতীয় দিনেই পরাজয়ের চোখরাঙানি দেখছে বাংলাদেশ। তবে এখনই সব আশা শেষ হয়ে যায়নি বলে মনে করেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার বিপরীত চিত্র দেখা গেছে দুই দলের ব্যাটিংয়ে। শুরুতেই শ্রেয়াস আইয়ার ফেরার পর শেষ ৩ উইকেটে ১১১ রান যোগ করে ভারত। অষ্টম উইকেটে ৯২ রানের জুটি গড়েন কুলদিপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন।
ভারত ৪০৪ রানে থামার পর ব্যাটিংয়ে নেমে স্রেফ ১০২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দিনের শেষ ভাগে অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন ৩১ রান যোগ করেন। তবু ফলো-অন এড়াতে এখনও বাকি ৭২ রান।
ফলো-অন শেষ পর্যন্ত এড়ানো যাক কিংবা ভারত ফলো-অন না করাক, হারের খাদ খুঁড়ে ফেলেছে বাংলাদেশ। সামনের পথচলায় এখন থেকে উদ্ধার হওয়ার কাজটা কঠিন। ভারত এখনই এঁকে ফেলতে পারে জয়ের পথ।
দিনশেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। কিন্তু ৮ উইকেট পাওয়া দুই স্পিনার মিরাজ ও তাইজুল কিংবা স্পিনারদের সাফল্যের চেয়ে তাকে বেশি কথা বলতে হলো ব্যাটিং নিয়ে।
“৮ উইকেট হারিয়ে ফেলা হতাশাজনক। তবে এটা টেস্ট ক্রিকেট। এখনও তিন দিন বাকি রয়েছে। আমাদের লেগে থাকতে হবে এবং শক্ত লড়াই করতে হবে।”
“এখনও তিন দিনের খেলা বাকি আছে। তার মানে ২৭০ ওভার খেলা হবে। আমাদের এখন লড়তে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আমরা যদি বড় বড় জুটি পাই, বিশেষ করে শেষ দিকের ব্যাটসম্যানদের কাছ থেকে... তারা হয়তো এটি করতে পারে, নাও করতে পারে। তবে যাই হোক না কেন, আমাদের লড়তে হবে।”
হেরাথ তার জায়গা থেকে আশার কথা বললেন বটে। তবে কাজটি মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। দ্বিতীয় দিন শেষে ২৭১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। ভারতকে আবার ব্যাটিংয়ে নামাতেই করতে হবে অন্তত ৭২ রান।
সাম্প্রতিক ম্যাচগুলো বিবেচনায় নিলে বাংলাদেশকে ভারতের ফলো-অন করানোর সম্ভাবনা কমই বলা যায়। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্যরকমের ভালো বোলিং করে সফরকারীদের অল্পেই গুটিয়ে দিতে হবে। তাতে লক্ষ্য হয়তো রাখা যাবে দৃষ্টিসীমার মধ্যে।
এরপর আবার চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়া বা ম্যাচ বাঁচানোর দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। কিন্তু এর কোনোটিই দেখা যায়নি ম্যাচের প্রথম দুই ইনিংসে। শেষ তিন দিনে তাই আশায় বুক বাঁধার কাজটিও তাই বেশ কঠিন।
