২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়সওয়াল-দুবের খুনে ইনিংসে আফগানদের উড়িয়ে সিরিজ ভারতের

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

জয়সওয়াল-দুবের খুনে ইনিংসে আফগানদের উড়িয়ে সিরিজ ভারতের

৪২ বলে ৯২ রানের জুটিতে ভারতের জয়ের ভিত গড়ে দেন শিভাম দুবে (বাঁয়ে) ও ইয়াশাসবি জয়সওয়াল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 10:42 PM

Updated : 14 Jan 2024, 11:59 PM

গুলবাদিন নাইবের ঝড়ো ফিফটি ও বাকিদের টুকটাক অবদানে লড়ার মতো পুঁজি গড়েছিল আফগানিস্তান। কিন্তু তাদের বোলারদের লড়াইয়ের কোনো সুযোগই দিলেন না ইয়াশাসবি জয়সওয়াল ও শিভাম দুবে। ব্যাটকে তরবারি বানিয়ে ফারুকি-মুজিবদের রীতিমতো করলেন কচুকাটা। দুইজনের তাণ্ডবে আফগানদের উড়িয়ে দিল ভারত।

ইন্দোরে রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে রোহিত শার্মার দল। সফরকারীদের ১৭২ রান তারা পেরিয়ে গেছে ২৬ বল বাকি থাকতে।

টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজটিও জিতে নিল স্বাগতিকরা।

প্রথম ম্যাচে অপরাজিত ফিফটিতে দলকে জেতানো দুবে এবারও ফেরেন জয় সঙ্গে নিয়ে। খেলেন ৪ ছক্কা ও ৫ চারে ৩২ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস। তার সঙ্গে ৪২ বলে ৯২ রানের জুটি গড়েন দলে ফেরা জয়সওয়াল। ৬টি ছক্কা ও ৫টি চারে ৩৪ বলে ৬৮ রান করেন তিনি।

ম্যাচের প্রথম ভাগে ব্যাট হাতে আলো ছড়ানো নাইব করেন ৪ ছক্কা ও ৫ চারে ৩৫ বলে ৫৭ রান। আফগানদের আর কেউ করতে পারেননি ২৫ রানও।

সবাইকে ছাপিয়ে ম্যাচ সেরা অবশ্য ব্যাটিং সহায়ক উইকেটে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নেওয়া আকসার প্যাটেল।

হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে ২০ রান তোলে আফগানিস্তান। আগ্রাসী শুরু করা রহমানউল্লাহ গুরবাজকে বেশিক্ষণ টিকতে দেননি রাভি বিষ্ণই।

ক্রিজে গিয়েই ঝড় তোলেন নাইব। মুকেশ কুমারকে দুই চারের পর বিষ্ণইকে টানা তিন বলে মারেন এক ছক্কা ও দুই চার। পরপর দুই ওভারে ইব্রাহিম জাদরান ও আজমাতউল্লাহ ওমারজাইকে হারানোর চাপ দলের ওপর পড়তে দেননি তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সচল রাখেন রানের চাকা। ২৮ বলে ফিফটি করা ব্যাটসম্যানকে থামিয়ে ভারত শিবিরে স্বস্তি ফেরান আকসার।

লেগ স্পিনার বিষ্ণইকে দুই ছক্কা ও এক চার মেরে ২১ বলে ২৩ রান করে ফেরেন প্রথম ১৫ বলে ৬ রান করা নাজিবউল্লাহ জাদরান। শেষ দিকে কারিম জানাতের ১০ বলে ২০ রান ও মুজিব উর রহমানের দুটি করে ছক্কা-চারে ৯ বলে ২১ রানে ভালো অবস্থায় পৌঁছায় আফগানরা।

রান তাড়ায় পঞ্চম বলে রোহিতকে হারায় ভারত। প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার কীর্তি গড়ার দিন 'গোল্ডেন ডাক' এর তেতো স্বাদ পান তিনি। আগের ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি ভারত অধিনায়ক।

তাতে অবশ্য ভাটা পড়েনি স্বাগতিকদের রানের গতিতে। ১৪ মাস পর দলে ফেরা ভিরাট কোহলি দ্বিতীয় ওভারেই দুই চার মারেন মুজিবকে। ফাজালহাক ফারুকিকে দুই ছক্কা মারা জয়সওয়াল টানা তিন চার হাঁকান আফগান রহস্য স্পিনারের পরের ওভারে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ভারতীয় হিসেবে ১২ হাজারের ক্লাবে পা রাখতে কোহলির দরকার ছিল ৩৫ রান। কিন্তু ২৯ রানে ফেরায় অপেক্ষা বাড়ল ভারতীয় মহাতারকার।

ছন্দ খুঁজে পেতে সময় লাগেনি দুবের। নুর আহমেদকে ছক্কায় ডানা মেলা বাঁহাতি ব্যাটসম্যান টানা তিন ছক্কা মারেন মোহাম্মাদ নবিকে। নাভিন-উল-হাককে তিন চার মেরে ২২ বলে পা রাখেন পঞ্চাশে। এর মাঝে ২৭ বলে ফিফটি করা জয়সওয়াল নুরকে এক চারের সঙ্গে মারেন দুই ছক্কা।

জানাতের ওভারে জয়সওয়াল ও জিতেশ শার্মা ফিরলেও জিততে কোনো সমস্যা হয়নি ভারতের। দুবে ও রিঙ্কু সিং মিলে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন দলকে।

বেঙ্গালুরুতে আগামী বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৭২ (গুরবাজ ১৪, ইব্রাহিম ৮, নাইব ৫৭, ওমারজাই ২, নবি ১৪, নাজিবউল্লাহ ২৩, জানাত ২০, মুজিব ২১, নুর ১, নাভিন ১*, ফারুকি ০; আর্শদিপ ৪-০-৩২-৩, মুকেশ ২-০-২১-০, বিষ্ণই ৪-০-৩৯-২, আকসার ৪-০-১৭-২, দুবে ৩-০-৩৬-১, ওয়াশিংটন ৩-০-২৩-০)

ভারত: ১৫.৪ ওভারে ১৭৩/৪ (জয়সওয়াল ৬৮, রোহিত ০, কোহলি ২৯, দুবে ৬৩*, জিতেশ ০, রিঙ্কু ৯*; ফারুকি ৩.৪-০-২৮-১, মুজিব ২-০-৩২-০, নাভিন ৩-০-৩৩-১, নুর ৩-০-৩৫-০, নবি ২-০-৩০-০, জানাত ২-০-১৩-২)

ফল: ভারত ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আকসার প্যাটেল

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-০তে এগিয়ে ভারত