নিজের রান আউটে দলের সর্বনাশ দেখছেন বাংলাদেশ অধিনায়ক
ভারতের বিপক্ষে ম্যাচ হারার পর নিজের আউটের পাশাপাশি অভিজ্ঞ ব্যাটারদের ইনিংস বড় করতে না পারাকেও দায় দিলেন তিনি।
নিগার সুলতানার দাবি, কলটা অন্য প্রান্তের ব্যাটারের ছিল। নইলে তিনি ক্রিজ ছেড়ে বের হতেন না। কিন্তু ভুলটা তো হয়েই গেছে! ম্যাচের ভাগ্যও অনেকটা যেন লেখা হয়ে গেছে ওই মুহূর্তেই। ভারতের বিপক্ষে ম্যাচে হারার পর নিজের ওই রান আউট নিয়ে আক্ষেপ ঝরল বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে।
কোনো দলের স্রেফ একজন ব্যাটারের আউটে এতটা হাহুতাশ এমনিতে বিস্ময় জাগাতে পারে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটাই একরকম সত্যি। নিগার অল্প রানে আউট হওয়া মানে দলের ভালো স্কোরের সম্ভাবনাও একরকম শেষ হয়ে যাওয়া।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে আরেকবার ফুটে উঠেছে সেই সত্যিটুকু। নিগার রান আউট হয়েছেন ২ রানে। বাংলাদেশ ২০ ওভারে তুলতে পেরেছে মোটে ১১৪ রান। শক্তিশালী ভারতের সামনে মোটেও যথেষ্ট হয়নি এই পুঁজি। ৭ উইকেটের জয়ে রোববার তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ভারত।
এই ম্যাচ দিয়ে প্রায় ১১ বছর পর মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট ফিরল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। কিন্তু বাংলাদেশ পারল মনে রাখার মতো কিছু করতে।
নিগারের ওই আউট বাংলাদেশ ইনিংসের দশম ওভারে। বাইরে থেকে যা দেখা গেছে, পয়েন্টের দিকে বল ঠেলেই তিনি ছুট লাগান। অপরপ্রান্ত থেকে সোবহানা মোস্তারি তাকে ফেরত পাঠান। কিন্তু ফেরার সময় পাননি নিগার। আউট হয়ে ফেরার সময় মাঠে ব্যাট ছুড়ে মারেন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন, নিজের প্রতি হতাশা থেকেই অমন প্রতিক্রিয়া ছিল। এই ব্যাটিং লাইন আপে নিজের ভূমিকাটা তার জানা আছে ভালোভাবেই। নিজের প্রতি বিশ্বাসও প্রবল। কিন্তু ওভাবে আউট হয়ে যাওয়াতেই দল প্রত্যাশিত স্কোর পায়নি, অকপটেই বললেন তিনি।
“মূলত কলটা নন-স্ট্রাইকারের ছিল। ও আমাকে কল করায় বের হয়ে গেছি। এখন হয়ে গেছে (আউট)… দুর্ভাগ্যজনকভাবে। আমি জানি আমার উইকেটের মূল্যটা কী। ওই জায়গাটাতে আমি খেললে দল আরেকটু ভালো কিছু পেত আমার কাছ থেকে। আমি জানি ব্যাটার হিসেবে ভূমিকা কী। করতে পারিনি, নিজের ওপর হতাশ ছিলম।”
“আমি যেখানে ব্যাটিং করি, আমার যে দায়িত্বটা থাকে, ইনিংস বিল্ড আপ করি, ফিনিশও করি। সেক্ষেত্রে বলব যে, (ওই আউট) ওয়ান অব দা কী পয়েন্ট হতে পারে, ম্যাচে কম রান করার ক্ষেত্রে।”
তবে তিনি আউট হয়ে যাওয়ার পর অন্যরা কেন দায়িত্ব পালন করতে পারেননি, সেই প্রশ্নও তুলছেন নিগার।
“বাকি ব্যাটাররাও তো ছিল। মিডল অর্ডার আমার কাছে মনে হয় যে, ওখানে বেশি বল ডট হয়ে গেছে। উইকেট কিন্তু একটু নিচু ও ধীরগতির ছিল। টার্নও ছিল। আর ২০-২৫ রান যদি করতে পারতাম আমরা, অন্তত ১৪০ যদি করতে পারতাম, যেটা লক্ষ্য ছিল, এটা পারলে হয়তো আরেকটি কঠিন হতো ওদের জন্য।”
একটা দলের ব্যাটিং একজনের ওপর এতটা নির্ভর করলে এরকম হতাশাময় দিন নিয়মিতই আসতে পারে। অথচ এই ম্যাচের একাদশেই ছিলেন শামিমা সুলতানা, সোবহানা মোস্তারির মতো অভিজ্ঞ ব্যাটাররা। পঞ্চাশটির বেশি টি-টোয়েন্টি খেলা শামিমা এ দিন আউট হয়ে যান ১৭ রান করে। গত ৫ বছর ধরে দলের সঙ্গে থাকা সোবহানা ৩৩ বল খেলেও করতে পারেন স্রেফ ২৩ রান।
থিতু হয়েও উইকেট বিলিয়ে আসা, কার্যকর ইনিংস খেলতে না পারা, বাংলাদেশের অনেক অভিজ্ঞ ব্যাটারের সমস্যা এটি। রুমানা আহমেদ, ফারজানা হকের মতো অভিজ্ঞরা তো দলের বাইরেই ছিটকে গেছেন ধারাবাহিকতার অভাবে।
এখানে দায়টা এই ব্যাটারদেরই দিচ্ছেন নিগার। অভিজ্ঞ হলেও এই ব্যাটারদের ম্যাচ সচেতনতায় ঘাটতি দেখছেন তিনি। নিজেদের উদ্যোগেই তা কাটিয়ে উঠতে হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
“আমার কাছে মনে হয়, স্কিল তো আছে। স্কিলফুল তারা। অবশ্যই সম্ভাবনা আছে। তাই তো জাতীয় দলে তারা খেলছে অনেকদিন ধরে। সমস্যাটা হচ্ছে, যখন একটা ব্যাটার ভালো একটা শুরু পায়, সে কেন ২৫-এর পরে আউট হবে! তাকে ইনিংসটা অবশ্যই টেনে নিতে হবে। শট সিলেকশনের প্রতি আরেকটু চিন্তাভাবনা করতে হবে। আমার মনে হয়, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে ব্যক্তিগতভাবেই।”
“পরিস্থিতি কী দাবি করছে, অনেক সময় আমরা দেখছি না। আমার কাছে মনে হয়, মনোযোগের ঘাটতিও হতে পারে, এরকম যে, ‘আমার মতো খেলে গেলাম।’ এমন কিছু হতে পারে। এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি….স্কিল থাকলে কেন পারফরম্যান্স হবে না! এটা আমাদের সবারই প্রশ্ন। আমার কাছে মনে হয়, যত দ্রুত ঘুরে দাঁড়ানো যায়… সিরিজ যেন ওদেরকে না দেই, সেই লক্ষ্য থাকবে পরের ম্যাচে।”
