২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটকে গেলেন পোপ

পিছিয়ে থাকা সিরিজের মাঝপথে দলের গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 06:28 PM

Updated : 04 Jul 2023, 06:58 PM

অ্যাশেজ সিরিজে এমনিতেই পিছিয়ে চাপে দল, এর মাঝে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। কাঁধের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী এই লড়াইয়ের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলটির টপ অর্ডার ব্যাটসম্যান অলি পোপ।

২৫ বছর বয়সী পোপের অ্যাশেজ শেষ হয়ে যাওয়ার কথা মঙ্গলবার বিবৃতিতে জানায় ইংল্যান্ড।

লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ফিল্ডিংয়ের সময় ঝাঁপিয়ে বল ধরার চেষ্টায় কাঁধে ব্যথা পান পোপ। তখনই মাঠ ছেড়ে উঠে যান তিনি। পরে অবশ্য ব্যাটিং করেন তিনি। তিনে নেমে খেলেন ৪২ রানের ইনিংস।

তৃতীয় দিনে আম্পায়ারদের জোরাজুরিতে ফিল্ডিংয়ে নামলে আরও বেড়ে যায় সমস্যা। তখনই তার পরের টেস্টে খেলা নিয়ে জাগে শঙ্কা। যদিও তৃতীয় ম্যাচের দলে তাকে ঠিকই রাখে ইংল্যান্ড। কিন্তু এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি।

গত সোমবার স্ক্যান করানো হয় পোপের। আগেও দুইবার কাঁধের চোটে পড়া এই ব্যাটসম্যানকে করাতে হবে অস্ত্রোপচার। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন তিনি।

পোপকে না পাওয়া ইংল্যান্ডের জন্য নিশ্চিতভাবে বড় ধাক্কা। ইংলিশ টেস্ট দলের সহ-অধিনায়ক তিনি। সঙ্গে ব্যাটিং লাইন আপের গুরুত্বপূর্ণ সদস্য।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ দুই ম্যাচে তেমন কিছু করতে পারেননি পোপ, তার ব্যাটিং গড় ছিল ২২.৫০। ক্যারিয়ারে ৩৮ টেস্টে ৪ সেঞ্চুরি ও ৩৪.৪৫ গড়ে ২ হাজার ১৩৬ রান করেছেন তিনি।

পোপের জায়গায় ইংল্যান্ডের একাদশে ফিরতে পারেন ড্যান লরেন্স। তার অবর্তমানে ব্যাটিংয়ে তিন নম্বরের দায়িত্বও নিতে পারেন তিনি। চার থেকে তিনে খেলতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট। হ্যারি ব্রুককেও এই পজিশনে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

আগামী বৃহস্পতিবার হেডিংলিতে শুরু ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। প্রথম ম্যাচ হেরে সিরিজে ২-০ তে পিছিয়ে আছে বেন স্টোকসের দল।