২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭ বছর বয়সে বিশ্বকাপ রাঙিয়ে স্বপ্নের ঘোরে যুক্তরাষ্ট্রের পেসার

ভারত-পাকিস্তান দুই দলের বিপক্ষেই ঠিক ২৫ রানে ৪ উইকেট শিকার করেছেন তিনি, মোট ১১ উইকেট নিয়ে আপাতত তিনি চলতি বিশ্বকাপের সফলতম বোলার।

৩৭ বছর বয়সে বিশ্বকাপ রাঙিয়ে স্বপ্নের ঘোরে যুক্তরাষ্ট্রের পেসার
এই বিশ্বকাপের বিস্ময় শাডলি ফন স্কলভাইক। ছবি: ইউএসএ ক্রিকেট ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 12:09 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

চার ম্যাচ খেলেই উইকেট নেই একটিও। হতাশ হয়েছিলেন শাডলি ফন স্কলভাইক, তবে একটি তৃপ্তি ছিল মনের কোণে। বিশ্বকাপ তো খেলতে পারলেন! একটি বিশ্বকাপ খেলতে পারার আশা নিয়েই দক্ষিণ আফ্রিকা ছেড়ে পাড়ি জমিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রে। লক্ষ্য পূরণ করতে পেরেই তিনি ছিলেন খুশি। সেই ফন স্কল্কভাইক এবার দ্বিতীয় বিশ্বকাপও খেলছেন এবং স্রেফ অংশ নিচ্ছে না, মাতিয়ে যাচ্ছেন ম্যাচের পর ম্যাচ।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স সম্ভবত ফন স্কল্কভাইকের। কত খ্যাতিমান ও দুর্দান্ত সব বোলার খেলছেন এই আসরে। তবে আপাতত উইকেট শিকারের তালিকার অন্যদেরকে অনেকটা ছাড়িয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্রের ৩৭ বছর বয়সী এই পেসার। ৩ ম্যাচে তার শিকার ১১ উইকেট। টুর্নামেন্টের প্রথম ৭ দিন শেষে ৭ উইকেটের বেশি নেই আর কারও।

এবারের আসরে যুক্তরাষ্ট্রের প্রথম দুটি ম্যাচই ছিল কঠিন পরীক্ষার। প্রথম ম্যাচে তারা শুরুতেই নাড়িয়ে দিয়েছিল ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ এবং সেখানে কেন্দ্রীয় চরিত্র ছিলেন স্কল্কভাইক। এক ওভারেই উইকেট নেন তিনটি! 

ভারত পরে সামলে নিলেও স্কল্কভাইক ম্যাচ শেষ করেন ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নিয়ে। প্রথমবারের মতো ম্যাচে ৪ উইকেটের স্বাদ পান এই সংস্করণে। 

পরের ম্যাচ ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে। ২০ ওভারে বেশ ভালো ব্যাট করেন ১৯০ রান তুলে ফেলে পাকিস্তান। কিন্তু স্কল্কভাইক ঠিক আগের ম্যাচের রূপেই। বোলিং বিশ্লেষণ হুবুহু একই, ৪-০-২৫-৪!

সময় দারুণ কাটছে ফন স্কলভাইকের। ছবি: ইউএসএ ক্রিকেট ফেইসবুক।

সময় দারুণ কাটছে ফন স্কলভাইকের

নেদারল্যান্ডসের বিপক্ষে শুক্রবার নিজের প্রথম ওভারেই দেখা পান উইকেটের। সতীর্থ দুই স্পিনার হার্মিত সিং ও মোহাম্মাদ মহসিনের দারুণ বোলিংয়ে এই ম্যাচে আর ৪ ওভার বোলিং করতে হয়নি স্কল্কভাইককে। তবে ২.৫ ওভার বোলিং করেই শিকার করেন ৩ উইকেট।

গত বিশ্বকাপে কানাডা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড, কোনো দলের বিপক্ষেই কোনো উইকেটের স্বাদ তিনি পাননি। এবার প্রথম ৩ ম্যাচেই ১১ উইকেট!

ক্রিকেট বিশ্বকে যেমন চমকে দিয়েছেন তিনি, তার নিজের কাছেও সব মিলিয়ে মনে হচ্ছে পরাবাস্তব অনুভূতি। 

“এটাকে বাস্তব মনে হচ্ছে না। সত্যিই মনে হচ্ছে যেন স্বপ্নের ঘোরে আছি এবং সম্ভবত আমার ক্রিকেট জীবনের সবচেয়ে অদ্ভুত অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছি। উচ্ছ্বসিত নই বললে মিথ্যে বলা হবে।”

“ব্যাপারটা পুরোপুরি হজম করতে পারছি না। সকালে ঘুম থেকে ওঠার পর আমার স্ত্রী বলছে, ‘বিশ্বাস করতে পারছো?’ গোটা জীবনে সম্ভবত সবচেয়ে বেশি ম্যাসেজ পাচ্ছি এখন। হোয়াটসঅ্যাপে মনে হয় ৩৪০টির মতো পেয়েছি, ইনস্টাগ্রামে একশর বেশি। দুর্ভাগ্যজনকভাবে সেসব দেখার সময় করে উঠতে পারিনি এখনও।”

সেই ম্যাসেজগুলোর অনেকগুলোই তার পুরোনো বন্ধুদের, যেখানে আছেন অনেক তারকা ক্রিকেটারও। একজন যেমন রিজা হেনড্রিকস। স্কল্কভাইকের ঘনিষ্ঠ বন্ধু এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। দুজন একই স্কুলে পড়েছেন, একই সঙ্গে বেড়ে উঠেছেন।

হ্যাঁ, স্কল্কভাইক মূলত দক্ষিণ আফ্রিকারই। জন্ম ও বেড়ে ওঠা তার কেপ টাউনে। পড়াশোনা করেছেন বিখ্যাত ওয়াইনবার্গ হাই স্কুলে, যে স্কুল থেকেই উঠে এসেছেন জ্যাক ক্যালিস, অ্যালাম ল্যাম্ব, রিচার্ড লেভি, কাইল ভেরেইনা, ডেভিড বেডিংহ্যামের মতো ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন এই তো কয়েক বছর আগ পর্যন্তও। ৯৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২৩৯টি। রান করেছেন আড়াই হাজারের বেশি।

৩ ম্যাচে ১১ বার এমন উদযাপনে মেতে উঠেছেন ফন স্কলভাইক। ছবি: ইউএসএ ক্রিকেট ফেইসবুক।

৩ ম্যাচে ১১ বার এমন উদযাপনে মেতে উঠেছেন ফন স্কলভাইক

নিজ দেশে ক্যারিয়ার যখন গোধূলিতে, তখন যুক্তরাষ্ট্রে যান তিনি মাইনর লিগে খেলতে। সেখানেই দেখতে পান নতুন সম্ভাবনার সূর্য। বিভিন্ন দেশ থেকেই মাইনর লিগে খেলতে ক্রিকেটাররা তখন ভিড় করছিলেন যুক্তরাষ্ট্রে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ তারা। বিশ্বকাপের জন্য ভালো দল গড়ার চেষ্টায় ছিল তারা। সেটিই দুয়ার খুলে দেয় স্কল্কভাইকের জন্য। বিশ্বকাপের ঠিক আগে জায়গা করে নেন দলে।

বিশ্বকাপের আগে কানাডা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভালো পারফর্ম করেন। কিন্তু বিশ্বকাপে পারেননি প্রত্যাশা পূরণ করতে। এখন পেছন ফিরে তাকিয়ে তিনি বললেন, বিশ্বকাপ খেলতে পারাটাই ছিল তার বড় প্রাপ্তি। 

“আমি এখানে এসেছিলাম যুক্তরাষ্ট্রের হয়ে স্রেফ একটি বিশ্বকাপ খেলার চেষ্টা করতে এবং ২০২৪ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নেই। বিশ্বকাপের আগে ট্রায়ালে সৌভাগ্যবশত ভালো করেছিলাম এবং সেটি ছিল দারুণ। সত্যি বলতে, এরপর সেভাবে ভাবতেও পারিনি যে দ্বিতীয় বিশ্বকাপের সম্ভাবনা আছে। কারণ কখনোই এত দূরেরটা ভাবি না আমি।”

ভাবতে না পারা সেই আসরেই তিনি এখন আলোচিত নাম। উইকেট সংখ্যাতেই কেবল নয়, গুরুত্বপূর্ণ সব শিকার তিনি ধরেছেন। ভারতের বিপক্ষে আউট করেছেন ইশান কিষান, তিলাক ভার্মা, শিবাম দুবেকে, পাকিস্তানের সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাদাব খান ও ফাহিম আশরাফকে। 

তবে নাম দেখে তার বাড়তি আলোড়ন নেই, তিনি এক্ষেত্রে ক্রিকেটের সেই পুরোনো দর্শনের অনুসারী। 

“আমার বাবা পুরোনো ঘরানার। তিনি আমাকে শিক্ষা দিয়েছিলেন, ‘নামের দিকে তাকিয়ো না, খেলায় মন দাও, বলের দিকে চোখ রাখো ও হিট করো। ব্যাপারটি মূলত এই।’ আমিও সেটিই মনে চলি। কার বিপক্ষে খেলা, তা গুরুত্বপূর্ণ নয়। নিজের কাজটা স্রেফ করে যেতে হবে, উইকেটের জন্য ক্ষুধার্ত থাকাটাই আসল।”

এই ৩৭ বছর বয়সে এমন পারফরম্যান্সে তিনি নিজেও দারুণ উজ্জীবিত। সহসা থামছেন না তো বটেই, আগামী তিন বছরেও অবসরের ইচ্ছে তার নেই। 

“সত্যি বলতে, আমি খেলা চালিয়ে যেতে চাই সবসময়। তবে সেটা তো আর সম্ভব না। এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেইনি (অবসর নিয়ে), কারণ সৌভাগ্যবশত শরীর খুব ভালো অবস্থায় আছে, সবকিছু ভালো এগোচ্ছে। জিম করতে ভালো লাগে আমার, ফিটনেস ট্রেনিং উপভোগ করি, কাজেই শরীর যতদিন চায়, চালিয়ে যেতে চাই, লড়াই করতে চাই এবং এই পর্যায়ে ভালো খেলে যেতে চাই। বয়সের কোনো সংখ্যা ঠিক করিনি আমি, তবে মনে হয় না ৪০ বছরের আগে অবসরে যাচ্ছি।” 

এখন তিনি যুক্তরাষ্ট্রেই থাকেন পাকাপাকিভাবে। সিয়াটলে নিজেদের মতো ছোট্ট দুনিয়া বানিয়ে নিয়েছেন। লেক, পাহাড়, নদী আর সবুজ প্রকৃতি মিলিয়ে কেপ টাউনের সঙ্গে অনেক মিল পেয়েছেন বলে আপন করে নিয়েছেন তিনি সিয়াটলকে। 

এবারের বিশ্বকাপে তিনি নিজে যেমন চমকে দিয়েছেন, তেমনি যুক্তরাষ্ট্রের ক্রিকেট নিয়েও দারুণ চমক জাগানিয়া তথ্য জানিয়ে রাখলেন। 

“লোকে যতটা ভালো, এর চেয়েও অনেক বেশি ক্রিকেট হয় যুক্তরাষ্ট্রে। সিয়াটলে স্রেফ আমাদের লিগের কথাই যদি বলি, ৫টি ডিভিশন আছে সেখানে, প্রতি ডিভিশনে বড়দের দল ৮টি করে। সিয়াটলে ১০ মাইল এলাকার মধ্যে ৫টি ক্রিকেট একাডেমি আছে এবং প্রতিটি একাডেমিতে অন্তত ১৭০ জন করে ক্রিকেটার আছে, যাদের বয়স ৫ থেকে শুরু করে ১৯ বছর পর্যন্ত। স্কিলের দিক থেকে চোখধাঁধানো পরিমাণের প্রতিভা উঠে আসছে।”