১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপেই অসাধারণ ইনিংস খেলবে আভিশেক, নিশ্চিত দু প্লেসি

আভিশেক শার্মাকে বাইরের আলোচনায় কান দিতে মানা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 08:59 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

চার ম্যাচ খেলে স্রেফ ১৫ রান! টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জালে বন্দি আভিশেক শার্মাকে নিয়ে চলছে তোলপাড়। তার ব্যাটিংয়ের নানা দিক নিয়ে হচ্ছে বিশ্লেষণ। নানা ধরনের পরামর্শ পাচ্ছেনও তিনি। তবে ভারতীয় ওপেনারকে ব্যাটিং নিয়ে বলার মতো নতুন কিছু দেখছেন না ফাফ দু প্লেসি। এসবে কান না দিয়ে নিজের খেলায় মনোযোগ দিলে এই বিশ্বকাপেই চমৎকার ইনিংস উপহার দেবেন আভিশেক, নিশ্চিত দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক।

বিশ্বকাপের আগে থেকেই আভিশেক ছিলেন আলোচনায়। বিশ্ব মঞ্চে দুর্দান্ত সব ইনিংস খেলবেন তিনি, প্রত্যাশা ছিল বেশিরভাগেরই। কিন্তু আসর শুরু হতেই দেখা গেল ভিন্ন চিত্র।

নিজের প্রথম বিশ্বকাপের প্রথম তিন ইনিংসে রানের খাতা খুলতে পারেননি আভিশেক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচে অবশ্য সেই রান খরা কাটিয়েছেন তিনি। কিন্তু খেলতে পারেননি বড় ইনিংস। একটি ছক্কা ও দুটি চারে ১৫ রান করেই ড্রেসিং রুমের পথ ধরেন বাঁহাতি ব্যাটসম্যান।

দু প্লেসির মতে, আভিশেককে নিয়ে দারুণ সব পরিকল্পনা করছে প্রতিপক্ষরা। তার শক্তির জায়গা অফ সাইডে ফিল্ডার রেখে বোলিং করা হচ্ছে। সঙ্গে একের পর এক স্লোয়ারে তাকে পরাস্ত করছে বোলাররা।

আভিশেককে প্রতিপক্ষের পরিকল্পনা আগে বুঝতে বলেছেন দু প্লেসি। এরপর সেই অনুযায়ী ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন তিনি। ইএসপিএনক্রিকইনফোর টাইমআউটে দু প্লেসি বলেন, সবার আগে বাইরের আলোচনা থেকে নিজেকে দূরে রাখতে হবে আভিশেককে।

“এই মুহূর্তে বিশ্বের সবাই তাকে নিয়ে কথা বলছে। হাজারটা মতামত, পঞ্চাশের বেশি কোচ। তার কীভাবে ব্যাট করা উচিত সবাই নিজেদের উপদেশ দিতে চাইবে। আর ২৫ বছর বয়সী একজনের জন্য এটা বেশ কঠিন পরিস্থিতি, যখন সে নিজের প্রথম বিশ্বকাপ খেলছে, তার ওপর যখন অনেক প্রত্যাশা। গত বছর সে দাপট দেখিয়েছে, সব জায়গায় বোলারদের তুলাধুনা করেছে।”

“গত দুই-তিনটা আইপিএলে সে অবিশ্বাস্য ছিল। বোলারদের কচুকাটা করেছে। সে নতুন প্রজন্মের টি-টোয়েন্টি ক্রিকেটার, যারা রক্ষণাত্মক ব্যাটিংয়ের কথা চিন্তা করে না। তার হাতে আক্রমণের জন্য অনেক বেশি শট রয়েছে। তার জন্য এখন মূল প্রশ্ন হলো-কীভাবে সে বাইরের আলোচনা থেকে নিজেকে দূরে রাখবে? কীভাবে নিজের শক্তি ও সামর্থ্য, নিজের খেলায় মনোযোগ ধরে রাখবে এবং যতটা সম্ভব মাথাকে পরিষ্কার রাখবে? কারণ একজন যখন এই অবস্থায় থাকে, তখন অনেক কথা হয়। আমার কোনো সন্দেহ নেই যে, তাকে আরও কয়েকটা ইনিংস সুযোগ দিলে সে ঘুরে দাঁড়াবে এবং বিশ্বকাপের যেকোনো এক পরাজয়ে অসাধারণ একটি ইনিংস উপহার দিবে।”

গত দেড় বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে যিনি বোলারদের আতঙ্ক, বিশ্বকাপের আগের সিরিজেও বিধ্বংসী দুটি ইনিংস খেলেছেন, সেই ব্যাটসম্যান এখন রান করতে ভুগছেন। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান কবে নিজেকে মেলে ধরেন, সেটা দেখার অপেক্ষায় ভারত।