২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ, পাকিস্তানকে গালিগালাজ করে”

পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা কখনও ভারতকে নিয়ে বাজে কিছু বলে না, দাবি মোহাম্মাদ আমিরের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 11:34 AM

Updated : 26 Aug 2026, 03:00 PM

ভারত-পাকিস্তানের মাঠের লড়াই শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। তবে মাঠের বাইরের খেলা চলছেই। যে খেলার নাম কথার লড়াই। মন্তব্য, পাল্টা মন্তব্য বা জবাব, সেটির রেশ থেকে নানা শাখাপ্রশাখায় ছড়িয়ে পড়া চলছেই। মোহাম্মাদ আমির এবার যেমন তোপ দাগালেন ভারতের সাবেক ক্রিকেটারদের প্রতি। পাকিস্তানের এই পেসারের মতে, ভারতের সাবেকরা অন্যের মতামতকে শ্রদ্ধা করেন না ও পাকিস্তানকে অপমান করেন।

সাস্প্রতিক সময়ে আমিরের দুটি মন্তব্য তুমুল আলোচনার জন্ম দিয়েছে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান আভিশেক শার্মাকে তিনি বলেছেন ‘স্রেফ একজন স্লগার, প্রপার ব্যাটসম্যান নয়’ এবং বলেছেন, সুপার এইট উতরে সেমি-ফাইনালে যেতে পারবে না ভারত। দুটি মন্তব্যই দফায় দফায় করেছেন তিনি ‘হারনা মানা হ্যায়’ শোতে।

তার সেই মন্তব্য অনুমিতভাবেই ঝড় তুলেছে ভারতের ক্রিকেট আঙিনায়। ভারতে সামাজিক মাধ্যমে আমিরকে তুলাধুনা করা হয়েছে। ভারতের সাবেক ক্রিকেটাররাও চুপ করে নেই। তবে সেসব নিয়েও ওই একই শোতে আবার আমির বলেছেন, তার ভাবনায় তিনি অটল।

আলোচিত সেই টিভি শোতেই এবার ভারতীয়দের প্রতিক্রিয়া নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানালেন আমির। 

“আমি স্রেফ নিজের মতামত দিয়েছি। ভারত যখন ভালো খেলে, সবসময় প্রশংসা করেছি। আগেও বলেছি, সবারই উচিত অন্যের মতামতকে সম্মান করা। ভারতের কিছু সাবেক ক্রিকেটার যে ধরনের কথা বলে… এত বাজে ভাষা তারা ব্যবহার করে! পাকিস্তানকে গালিগালাজ করে তারা। আমরা কখনোই তা করি। একটি উদাহরণ দেখান যে আমি কখনও ভারতকে নিয়ে বাজে কিছু বলেছি কি না…।”

আভিশেককে নিয়ে মন্তব্যের পেছনে স্রেফ ক্রিকেটীয় কারণ ছিল বলেই আবার তুলে ধরলেন বাঁহাতি এই পেসার। 

“আভিশেকের ব্যাপারে আমি বলেছি যে, তার ডিফেন্সিভ কৌশল সেই। একজন ক্রিকেটার, যে বল ঠেকাতে পারে না, তাকে (স্লগার ছাড়া) আর কী বলব আমি! সে যদি বলের লাইন আসতে না পারে এবং ডিফেন্স করতে না পারে, তাহলে তাকে কি বলব, আমাকে বলে দিন।”

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানোর নায়ক এই পেসার বললেন, ভারতের সাবেকদের উচিত অন্যের মতামতকে সম্মান করতে শেখা। 

“আরেকজনের মতামতকে শ্রদ্ধা করতে শিখুন। দুনিয়াতে এত এত মানুষ, সবার মত তো একরকম হবে না। খেলাটি আমরা খেলেছি, জানি কীভাবে কী হয়।। দক্ষিণ আফ্রিকা ও ভারত যেভাবে খেলছে এই টুর্নামেন্টে, আমার মতে দক্ষিণ আফ্রিকা এখন শ্রেয়তর।”