বিশ্বকাপে ২৫০-৩০০ রান কেন হয় না? যা বললেন বাটলার
বিশ্বকাপ শুরুর আগে তিনশ রানের দলীয় সংগ্রহ নিয়ে আলোচনা হলেও, প্রথম ১২ ম্যাচে আড়াইশ রানও দেখা যায়নি।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আলোচনায় ছিল তিনশ রান। বৈশ্বিক আসরে প্রথমবার তিনশ রানের দলীয় সংগ্রহ দেখা যাবে বলে আশা প্রকাশ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। কিন্তু প্রথম ১২ ম্যাচে তিনশ দূরে থাক, আড়াইশ রানও দেখা যায়নি। জস বাটলারের মতে, দ্বিপাক্ষিক সিরিজের তুলনায় এই ধরনের বড় টুর্নামেন্টে চাপ থাকে বেশি, তাতে কমে যায় বড় স্কোরের সম্ভাবনা।
২০ দলের এই বিশ্বকাপে প্রথম ১২ ম্যাচে দুইশ ছোঁয়া দলীয় সংগ্রহ দেখা গেছে দুইবার। এর একটি টেস্ট খেলুড়ে দলের। আসরের তৃতীয় দিন আহমেদাবাদে কানাডার বিপক্ষে ২১৩ রান করে দক্ষিণ আফ্রিকা। একই দিন ইতালির বিপক্ষে ২০৭ রান করে স্কটল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ৯ আসর মিলিয়ে আড়াইশ ছোঁয়া দলীয় সংগ্রহ দেখা গেছে স্রেফ একবার। সেই ২০০৭ সালে উদ্বোধনী আসরে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা করেছিল ২৬০ রান। আর কেউ ২৩০ রানের বেশি করতে পারেনি।
ওই ৯ আসরে ৩১৭ ম্যাচে দুইশ বা এর বেশি রানের সংগ্রহ দেখা যায় মাত্র ১৮ বার। এবার বিশ্বকাপ হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে ২৫০ রানের স্কোর দেখা যায় প্রায় নিয়মিতই। শুধু ২০২৫ সালের আইপিএলেই ৭৩টি পূর্ণাঙ্গ ম্যাচে দুইশর বেশি রানের স্কোর দেখা যায় মোট ৫২ বার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। আগের দিন বাটলার বিশ্বকাপে বড় স্কোর না হওয়া নিয়ে তার ভাবনা তুলে ধরেন।
“আমার মনে হয় ৩০০ ও ২৫০, (বিশ্বকাপে) এমন স্কোরের সম্ভাবনা এখনও খুব কম… ভারতজুড়ে আগে অনেকবার খেলার পর, আমার মনে হয় এমন কিছু ম্যাচ হতে পারে, যেগুলোতে এভাবে (আগ্রাসী ব্যাটিং) খেলা হতে পারে।”
“তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচও হয় এবং আমার মনে হয়, দ্বিপাক্ষিক সিরিজে দেখতে পাবেন... আর আমার মনে হয় বিশ্বকাপে সচরাচর দলগুলো একটু বেশি নিরাপদ পথ বেছে নেয়, হয়তো তেমন একটা ঝুঁকি নেয় না। আমি হয়তো ভুল হতে পারি, কিন্তু আমার মনে হয় বিষয়টি এমনই।”
