গাম্ভির জানতেন, দলের প্রয়োজনের সময়ই জ্বলে উঠবেন স্যামসন
আগের কয়েকটি ম্যাচে সাঞ্জু স্যামসনকে একাদশে না রাখার সিদ্ধান্তের পেছনে ইতিবাচক দিক তুলে ধরলেন ভারতীয় কোচ গৌতাম গাম্ভির।
ম্যাচ শেষে করমর্দন পর্ব চলছিল। হাত মেলানোর পাশাপাশি সাঞ্জু স্যামসনের পিঠ চাপড়ে দিচ্ছিলেন কেউ কেউ। গৌতাম গাম্ভির শুধু এটুকুতেই শেষ করলেন না, তাকে বুকে জড়িয়েও রাখলেন বেশ কিছুক্ষণ। অসাধারণ ইনিংসে ভারতের ম্যাচ জেতানোর নায়ক তো কোচের কাছ থেকে এমন উষ্ণ আলিঙ্গন পেতেই পারেন!
ভারত এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের আগে বিদায় নিলে গাম্ভিরকে চাকরি হারাতে হতো অনেকটা নিশ্চিতভাবেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংসে দলকে জিতিয়ে বলা যায় কোচের চাকরিও আপাতত রক্ষা করলেন স্যামসন।
কোচের চাকরি বাঁচানোর চেয়েও বড় ব্যাপার ছিল আসলে আরও অনেক কিছু। কলকাতায় ঠাসা গ্যালারির সামনে যদি হেরে যেত ভারত, ঘরের মাঠের বিশ্বকাপে যদি তারা বিদায় নিত সেমির আগেই, ভয়ঙ্কর ট্র্যাজেডি আর মহাবিপর্যয় সেটিকে বলতেই হতো।
সেই লড়াইয়ে ভারত পেয়েছিল ১৯৫ রান টপকানোর কঠিন চ্যালেঞ্জ। আভিশেক শার্মা ব্যর্থ হন আরেকবার, ইশান কিশান ও সুরিয়াকুমা ইয়াদাভও সুবিধে করতে পারেননি খুব একটা। কোনো একজনের ব্যাটে বড় ইনিংস তাই জরুরি ছিল। সেই দাবি মিটিয়েছেন স্যামসন। দ্রুত রান তুলেছেন, উইকেট ধরে রেখেছেন, ক্যারিবিয়ানদের সামনে বাধার দেয়াল হয়েছেন এবং শেষ পর্যন্ত দলকে জিতিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।
ম্যাচের পর উচ্ছ্বসিত প্রশংসায় গাম্ভির বলললেন, এমন উপলক্ষের জন্যই নিজের সেরাটা জমা রেখেছিলেন স্যামসন।
“সে বিশ্বমানের ক্রিকেটার, আমরা সবাই জানি সে কতটা ভালো। পুরো ব্যাপারটি ছিল তার পাশে থাকার। দলের যখন সবচেয়ে প্রয়োজন ছিল তাকে... অবশ্যই সেই দিনটি ছিল আজকে… সে সামর্থ্যের সবটুকু মেলে ধরেছে। আমার মনে হয়েছে, ইনিংসজুড়ে কখনোই তার ব্যাটে তাড়া দেখা যায়নি। স্রেফ স্বাভাবিক ক্রিকেট শট খেলে গেছে, পেশির জোরে বল মারার চেষ্টা করেনি। তার প্রতিভাই এমন…।”
"সবসময়ই বলে এসেছি সে বিশ্বমানের ক্রিকেটার। আশা করি, এই ইনিংস থেকে সে জ্বলে উঠবে এবং এই ধরনের ইনিংস আরও অনেক দেখতে পারব আমরা।"
বিশ্বকাপের আগে স্যামসন ছিলেন অনেকটাই বিবর্ণ। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের ৫ ইনিংস মিলিয়ে রান করেন মাত্র ৪৬। বিশ্বকাপে এসে তাই জায়গাই হারান একাদশে। প্রথম দুই ম্যাচে তিনি ছিলেন ডাগআউটে বসে। পরে আভিশেক শার্মার অসুস্থতায় নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমে আউট হয় যান ৮ বলে ২২ রান করে।
পরে আভিশেক ফেরেন সুস্থ হয়ে। স্যামসন আবার ছিটকে পড়েন বাইরে। সুপার এইটে প্রথম ম্যাচ হেরে ভারত যখন খাদের কিনারায়, তখন আবার তাদের মনে পড়ে স্যামসনের কথা। ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে তাকে ফেরানো হয় একাদশে।। জিম্বাবুয়ের বিপক্ষে আউট হয়ে যান ১৫ বলে ২৪ রান করে। অবশেষে তার সেরাটা পাওয়া গেল কোয়ার্টার-ফাইনালে রূপ নেওয়া ম্যাচে।
গাম্ভিরের মতে, ওই কয়েক ম্যাচ একাদশের বাইরে রাখা স্যামসনের জন্যই আরও ভালো হয়েছে।
“নিউ জিল্যান্ডের সঙ্গে সিরিজটি কঠিন ছিল তার জন্য। কখনও কখনও কাউকে বিরতি দেওয়াও ভালো, কারণ চাওয়া থাকে চাপের পরিস্থিতি থেকে সে বেরিয়ে আসুক। আমরা সবসময়ই জানতাম, বিশ্বকাপে যখনই তাকে দরকার হবে আমাদের, সে এসে আমাদের জন্য নিজেকে মেলে ধরবে।”
সেমি-ফাইনালে পা রাখার পর এখন শিরোপা ধরে রাখা থেকে মাত্র দুই ধাপ দূরে ভারত। গত দুই ম্যাচে এই দল যেমন খেলেছে, বিশেষ করে ব্যাটিংয়ে, তাতে বলা যায়, টুর্নামেন্টের আসল সময়েই আপন রূপে ফিরছে ভারতীয় দল।
গাম্ভির যদিও এসব প্রচলিত কথাকে পাত্তা দেন না। এই যুগের কোচ হয়েও পরিসংখ্যান আর তথ্য-উপাত্তে বিশ্বাস নেই তার।
“দেশকে প্রতিনিধিত্ব করার প্রতিটি ম্যাচই জিততে হবে। এখানে সঠিক সময়ে জ্বলে ওঠার ব্যাপার বলে কিছু নেই। এটা সংক্ষিপ্ত একটি টুর্নামেন্ট, খুব দ্রুত আসে ও চলে যায়। কাজেই প্রতিটি ম্যাচেই নিজেদের সেরা দেওয়ার চেষ্টা করতে হবে।”
“সত্যি বলতে, উপাত্তে বিশ্বাস নেই আমার। এসব কখনও দেখিওনি। আমি এমনকি এটা জানিও না যে, এসব আসলে কী। এসবে কোনো আস্থা নেই আমার। আমি মনে করি, টি-টোয়েন্টি ক্রিকেটে মূল ব্যাপার হলো সহজাত প্রবৃত্তি এবং সেই প্রবৃত্তির ওপর ভরসা রাখা।”
দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুম্বাইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
