২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার উইকেট নেওয়ার পর এত বাজে অনুভূতি আগে হয়নি জ্যাম্পার

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই অস্ট্রেলিয়ার বিদায় নেওয়া মানতে পারছেন না এই লেগ স্পিনার।

চার উইকেট নেওয়ার পর এত বাজে অনুভূতি আগে হয়নি জ্যাম্পার
চার উইকেট নিয়েও বিষাদে ডুবে আছেন অ্যাডাম জ্যাম্পা। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 09:59 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

দারুণ বোলিংয়ে চার উইকেট। দলের বড় জয়। ম্যান অব দা ম্যাচের পুরস্কার। ম্যাচ থেকে এর চেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে! তবু মন ভীষণ ভার অ্যাডাম জ্যাম্পার। ম্যাচ থেকে সব পেলেও টুর্নামেন্ট থেকে যে কিছুই পাওয়া হয়নি! বিদায়ের আগে এই চার উইকেট তাই খুব একটা তৃপ্তির দোলা দিতে পারছে না অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের মনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ২১ রানে ৪ উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দেন জ্যাম্পা।

তবে ম্যাচটি ছিল স্রেফ নিয়ম রক্ষার। অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। ম্যাচ-সেরা হয়েও তাই জ্যাম্পার অনুভূতি তেতো।

“সত্যি বলতে, একদম শূন্য লাগছে। উইকেট পাওয়ার চেয়ে অবশ্যই পাওয়া ভালো। তবে চার উইকেট পাওয়ার পর আমার সবচেয়ে বাজে অনুভূতি হয়তো এটিই। কালকেই দেশের পথে উড়াল দিচ্ছি, সত্যি বলতে এরকম কিছু তো ভাবনায়ও ছিল না। কাজেই এই অনুভূতি বলার মতো নয়।”

২০০৯ আসরের পর এবারই প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা আর প্রাপ্তিকে এক বিন্দুতে মেলাতে না পারার গল্প তাদের জন্য নিয়মিতই। ওয়ানডে বিশ্বকাপে সবাইকে অনেকটা ছাড়িয়ে সফলতম দল টি-টোয়েন্টির বিশ্ব মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরতে পেরেছে একবারই। সংযুক্ত আরব আমিরাতে ২০২১ আসরে শিরোপা জয়ের পর গত দুটি বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলা হয়নি তাদের। এবার তো আরও আগেই শেষ পথচলা।

পেছন ফিরে তাকিয়ে জ্যাম্পার মনে হয়েছে, গত দুটি বিশ্বকাপে স্কোয়াডের শক্তি-সামর্থ্য অনুযায়ী আরও অনেক ভালো করা উচিত ছিল তাদের। দ্বিপাক্ষিক সিরিজগুলোয় ভালো খেলে বিশ্বকাপে এবারও এমন ব্যর্থতার কারণ তিনি বুঝে উঠতে পারছেন না।  

“এসব টুর্নামেন্টে ভালো ক্রিকেটার ও ভালো দল হিসেবে একটা পরিচিতি আছে আমাদের। তবে ২০২১ সালে জয়ের পর থেকে বিশ্বকাপে আমাদের ফলাফল হতাশাজনক। বিশেষ করে ২০২২ ও ২০২৪ সালে, ওই দুটি দলের আরেকটু এগিয়ে যাওয়া উচিত ছিল এবং শিরোপা জয়ের কাছাকাছি যাওয়া উচিত ছিল। এই টুর্নামেন্টগুলোর শেষে গিয়ে কী হয়, কেউ জানে না। গত দুটি বিশ্বকাপে আমাদের দল যেমন ছিল, সেদিক থেকে ফলাফল ছিল হতাশাজনক।”

“গত তিন দিন ধরে আসলে ভাবছি এই তিন বিশ্বকাপ আমাদের কেমন গেল… বিশেষ করে, বিশ্বকাপগুলোর মাঝের সময়টায় আমরা যেমন খেলেছি। আমরা সম্ভবত (র‌্যাঙ্কিংয়ের) দুই বা তিন নম্বর দল, ভারতের পরই। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে সবসময়ই আমরা ভারতের ঘাম ছুটিয়ে দিয়েছি। কখনও তারা আমাদেরকে হারায়, কখনও আমরা তাদেরকে। কাজেই দল হিসেবে আমরা ভালো। সেখানে এরকম ফলাফল….আসলে বোধগম্য নয়।”