Published : 05 Mar 2026, 11:49 AM
স্পিন দিয়ে ইংল্যান্ডকে কুপোকাত? সেসব দিন এখন অতীত। ভারতের তেমন কোনো পরিকল্পনা থাকলে সতর্কবার্তাও জানিয়ে রাখলেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের অধিনায়ক উল্টো স্পিনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভারতের দিকেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুম্বাইয়ে ভারতের মুখোমুখি হবেন ব্রুকরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট টি-টোয়েন্টিতে এমনিতে ব্যাটিং সহায়কই থাকে। তবে কখনও কখনও সেখানে স্পিনও ধরে বেশ। কিছুটা মন্থর বা স্পিন সহায়ক উইকেট হলে বিপাকে পড়তে পারে ইংল্যান্ড, এমন ধারণা সাধারণ্যে আছে।
তবে ম্যাচের আগে সেই ধারণা উড়িয়ে দিলেন ব্রুক। বিশ্বকাপের কাপে শ্রীলঙ্কায় গিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ ও ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উদাহরণ তুলে ধরলেন ইংলিশ অধিনায়ক।
“আমার মনে হয়, ইংল্যান্ডের স্পিন খেলা নিয়ে সবসময়ই নেতিবাচক ধারণা ধরে রাখা হয়, যা প্রাপ্য নয় মোটেও। শ্রীলঙ্কায় গিয়ে আমরা টানা ছয় ম্যাচ (পাঁচ ম্যাচ) জিতেছি এমন দলের বিপক্ষে, যারা নিজেদের কন্ডিশনে খুবই ভালো দল। টার্নিং পিচে খেলতে আত্মবিশ্বাসের কমতি নেই আমাদের।”
এবারের বিশ্বকাপে অবশ্য খুব ভালো ফর্মে নেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। সেরা ১০ রান স্কোরারের তালিকায় আছেন কেবল ব্রুক। সেটিও পাকিস্তানের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরিটির সৌজন্যে।
তার পরও তারা সেমি-ফাইনালে পৌঁছে গেছে প্রয়োজনের সময় কেউ না কেউ দাঁড়িয়ে যাওয়ায় এবং তাদের দুর্দান্ত স্পিন আক্রমণের সৌজন্যে। এই বিশ্বকাপে ইংলিশ স্পিনারদের পারফরম্যান্স এখনও পর্যন্ত অসাধারণ। ৭ ম্যাচে ওভারপ্রতি আটের কম রানে ১১ উইকেট নিয়েছেন আদিল রাশিদ। তার কাছে এমন পারফরম্যান্স প্রত্যাশিতই। কিন্তু চমকে দিয়েছেন অন্যরা। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে লিয়াম ডসন ১০ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৭.৩০ রান দিয়ে। চার ম্যাচে ম্যান অব দা ম্যাচ হওয়া অলরাউন্ডার উইল জ্যাকস অফ স্পিনে নিয়েছেন ৭ উইকেট। সবশেস ম্যাচটিতে সুযোগ পেয়ে ২ উইকেট নিয়েছেন রেহান আহমেদ।
নিজেদের শক্তির সেই বার্তা দিয়ে রাখলেন ব্রুক।
“আমাদের দারুণ সব স্পিনারও আছে। এই টুর্নামেন্টে আমাদের স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে এবং সেই চ্যালেঞ্জও সামলাতে হবে ভারতকে।”
স্পিন আক্রমণে সমৃদ্ধ ভারতও। যদিও গত কয়েকটি ম্যাচে সেরা চেহারায় নেই ভারুন চক্রবর্তি। তবে ছন্দ পেলে তিনি ভোগাতে পারেন সব ব্যাটসম্যানকেই।
তাকে সমীহ জানিয়েই ভালো করার প্রত্যয় শোনালেন ব্রুক।
“ভারত সবসময়ই ভালো স্পিনার উপহার দিয়েছে এবং এই টুর্নামেন্টে আসার আগে থেকেই সেটা আমরা মেনে নিয়েছি। চক্রবর্তি অবশ্যই বিশ্বের সেরা স্পিনারদের একজন এবং আমি চেষ্টা করব তার বিপক্ষে সেরাটা দিতে এবং যত বেশি সম্ভব রান করতে।”