Published : 07 Feb 2026, 08:14 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের সিদ্ধান্তে অবাক হয়েছেন সৌরভ গাঙ্গুলি। সাবেক ভারতীয় অধিনায়ক বলছেন, পাকিস্তানের এমন পদক্ষেপের কারণ বুঝতে পারছেন না তিনি।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে গত রোববার পাকিস্তান সরকার জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে আলাপে পাকিস্তানের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন ৫৩ বছর বয়সী সৌরভ।
“আমি জানি না পাকিস্তান কেন বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে না। এই প্রথম আমি শুনলাম যে, পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এরই মধ্যে বলেছেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়াতে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি না হওয়ায়, তাদের জায়গায় সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশাল অঙ্কের সম্ভাব্য আয় হারাবে আইসিসি। ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার পরপরই এই সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতির কথা জানিয়ে পাকিস্তানকে সতর্ক করে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবানও জানানো হয়।