১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার আশায় সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান

দুই চির প্রতিদ্বন্দ্বীর আলোচিত এই ম্যাচ যেন বৃষ্টিতে ভেসে যায়, সেই প্রার্থনা করবেন তিনি।

ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার আশায় সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আট ম্যাচের সাতটিই হেরেছে পাকিস্তান। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 09:31 AM

Updated : 26 Aug 2026, 02:57 PM

কয়েকদিনের অনিশ্চয়তার পর বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দলের সমর্থকরা অধীর হয়ে অপেক্ষা করছেন ম্যাচটির জন্য। তবে অন্তত একজন আছেন, যিনি চান না এই ম্যাচ হোক। ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার প্রার্থনা করবেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলি। 

বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। অনেক টানাপোড়েনের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। কলম্বোয় রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এই ম্যাচ।

দুই চির প্রতিদ্বন্দ্বী দলের এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী সম্পর্কে জিজ্ঞেস করা হলে বাসিত ‘এ-স্পোর্টস’কে বলেন, “আমার প্রার্থনা আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আট ম্যাচের সাতটিই হেরেছে পাকিস্তান। বাসিত জোর দিয়ে বললেন, পাকিস্তান ম্যাচ হেরে যাবে এই ভয়ে তিনি ভীত নন। তিনি বৃষ্টির আশা করছেন, যেন দুই দলই একটি করে পয়েন্ট পায়।

পূর্ণাঙ্গ ম্যাচ চান কি না, সঞ্চালকের এমন প্রশ্নে বাসিতের উত্তর, “আমি বৃষ্টি চাই।”

এমনিতে এই ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন বিকাল থেকে কলম্বোয় বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। যার কারণে টস হতে দেরি কিংবা ওভার কমিয়ে খেলা হতে পারে। রাত ৮টার পর আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনাও রয়েছে।