১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘পুরান নেই, রাসেল নেই’, তবে উইন্ডিজকে নিয়ে আশা আছে বিশপের

নিকোলাস পুরান, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটাররা না থাকলেও ওয়েস্ট ইন্ডিজ দলে গভীরতা অনেক, বলছেন সাবেক পেসার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

‘পুরান নেই, রাসেল নেই’, তবে উইন্ডিজকে নিয়ে আশা আছে বিশপের
নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেলকে দেখা যায় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয়। ছবি: আবু ধাবি টি-টেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 12:22 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় বোলারদের আতঙ্ক নিকোলাস পুরান। ২২ গজ মাতিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে। কিন্তু বিশ্বকাপের মঞ্চেই তিনি নেই। আন্দ্রে রাসেলের তো সময়ও ফুরিয়ে গেছে। তারা না থাকলেও অবশ্য ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে আশা আছে ইয়ান বিশপের। তবে সাবেক এই ফাস্ট বোলার ও ধারাভাষ্যকার চিন্তিত ক্যারিবিয়ানদের বোলিং নিয়ে।

গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আন্দ্রে রাসেল। খুব বিস্ময়কর সেটি ছিল না। তবে সত্যিকারের চমকটা ছিল পুরানের। গত জুনে মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। অথচ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় চুটিয়ে খেলছেন তিনি। এই বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের বড় ভরসা হতে পারতেন এই কিপার-ব্যাটার।

টুর্নামেন্ট শুরুর আগে জিওস্টার মিডিয়া ডে আয়োজনে বিশপকে জিজ্ঞেস করা হলো পুরানের না থাকা নিয়ে। তার প্রতিক্রিয়া হলো মিশ্র। 

“পুরানের মানের যে কোনো ক্রিকেটারের অভাবই অনুভূত হবে। এটা নিয়ে কোনো সংশয়ই নেই। তবে শুধু ওয়েস্ট ইন্ডিজই নয়, অন্য অনেক দলেই আমরা যেমন দেখে থাকি, পুরো ব্যাপারটা হলো, পরবর্তী ক্রিকেটারকে নিয়ে।”

“ওয়েস্ট ইন্ডিজ এমন দল, যারা অনেক বাউন্ডারি মারতে পারে, দলটির গভীরতা অনেক, রোমারিও শেফার্ডের মতো একজন ব্যাটিংয়ে নামে অনেক নিচে। অশ্যই পুরান নেই, আন্দ্রে রাসেল নেই। কিন্তু আমি আশা করব, ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মান দারুণভাবে তুলে ধরবে।”

বিশপের ধারণা, পুরানের ঘাটতি অন্য ব্যাটাররা পুষিয়ে নিতে পারবেন। কিন্তু এই দলকে ভালো কিছু করতে হলে জ্বলে উঠতে হবে বোলিং আক্রমণকে। 

“এই দলের ভাগ্য নির্ধারকগুলোর একটি হবে বোলিং। কারণ, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের দিকে তাকালে দেখতে পাবেন, তাদেরও অনেক পাওয়ার হিটার আছে। অনেক দলেরই আছে এটা। কাজেই আমার মনে হয়, এমন ব্যাটিংয়ের সঙ্গে বোলিং গভীরতা যোগ করতে পারবে যে দল, তারাই বিশ্বকাপ জিততে পারে।”

“ওয়েস্ট ইন্ডিজ এই ক্ষেত্রে এমন কার্যকর বোলিং গড়ে তুলতে পারেনি, এই পর্যায়ে যেমন কিছুর প্রত্যাশা তাদের ছিল। সেদিকে চোখ রাখতেই হবে। ব্যাটিং নিয়ে ভাবনা তাই জরুরি নয়। পুরান ছাড়াও তারা ঠিকঠাক চালিয়ে নেবে। কিন্তু বোলিং কেমন করবে?”