২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে ভবিষ্যৎ ‘জানা নেই’ উইলিয়ামসনের

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে স্পষ্ট জবাব দেননি নিউ জিল্যান্ড অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 04:02 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

দুই বছর পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কিনা স্পষ্ট করেননি কেন উইলিয়ামসন। এই সংস্করণে জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ এখনও ‘জানা নেই’ নিউ জিল্যান্ড অধিনায়কের। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা একদমই ভালো কাটেনি উইলিয়ামসনের। চার ম্যাচের তিনটিতে রান করতে পেরেছেন কেবল ২৮, সর্বোচ্চ অপরাজিত ১৮। বিশ্ব মঞ্চে তার মানের একজনের এমন পারফরম্যান্স বড্ড বেমানান।

দল হিসেবে নিউ জিল্যান্ডও বিশ্বকাপে ব্যর্থ। নিজেদের প্রথম ম্যাচেই তারা হেরে যায় আফগানিস্তানের বিপক্ষে। পরের ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষেও পেরে ওঠেনি দলটি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হওয়ার পর শেষ দুই ম্যাচে প্রত‍্যাশিত বড় জয় পায় উগান্ডা ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে। 

এবারের আসরটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রেন্ট বোল্টের শেষ, এরই মধ্যে ঘোষণা দিয়েছেন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ পেসার। তবে এই সংস্করণে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি উইলিয়ামস।

পাপুয়া নিউ গিনির বিপক্ষে মঙ্গলবার কিউইদের জয়ের পর সংবাদ সম্মেলনে উইলিয়ামসনকে জিজ্ঞাস করা হয়, ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা? উত্তরে তারকা এই ব্যাটসম্যান বলেন, “আমি জানি না।”

“এখন ও তখনের মধ্যে অনেক সময় আছে। তাই এটি দল হিসেবে সংগঠিত হওয়ার বিষয়। মূলত পরের বছর লাল বলের ক্রিকেট খেলব। তাই বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটের অন্য সংস্করণে ফেরার। এরপর আমরা দেখব বিষয়গুলি কোথায় গিয়ে দাঁড়ায়।”

এখন পর্যন্ত নিউ জিল্যান্ডের হয়ে ৯৩ টি-টোয়েন্টি খেলে ২ হাজার ৫৭৫ রান করেছেন উইলিয়ামসন। সেঞ্চুরি নেই, ফিফটি ১৮টি। স্ট্রাইক রেট ১২৩.০৮ ও ব্যাটিং গড় ৩৩.৪৪।