সূর্যকুমারের এক নম্বর হওয়ার নেপথ্যে
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখা আরও কঠিন হবে বলে মনে করেন ভারতের এই বিস্ফোরক ব্যাটসম্যান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার যাদবের অভিষেকের এখনও ২০ মাস হয়নি। এই সময়েই বিধ্বংসী ব্যাটিং আর দারুণ ধারাবাহিকতায় তিনি এখন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে। বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়া সূর্যকুমার তুলে ধরলেন এক নম্বর হওয়ার রহস্য। বললেন, টিম ম্যানেজমেন্ট থেকে স্বাধীনভাবে খেলার সবুজ সংকেত পেয়ে তার এই প্রস্ফুটিত হওয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ফিফটির পর গত বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে পেছনে ফেলে শীর্ষে ওঠেন সূর্যকুমার।
গত বছরের মার্চে টি-টোয়েন্টি দিয়েই তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৮ টি-টোয়েন্টি খেলে রান ১ হাজার ২০৯। স্ট্রাইক রেট ১৭৭.২৭। ১১টি ফিফটির সঙ্গে সেঞ্চুরি আছে একটি।
৩২ বছর বয়সী এই ব্যাটসম্যানের শটের পরিধি অনেক। মাঠের যে কোনো প্রান্তে বল পাঠাতে পারেন। তার ব্যাটিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের মতে, এবি ডি ভিলিয়ার্সের মতোই ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান সূর্যকুমার।
রানের এমন ধারাবাহিকতায় র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রসদ জানতে চাইলে আইসিসির ওয়েবসাইটে শুক্রবার সূর্যকুমার বলেন, এখানে বড় কৃতিত্ব ভারতের টিম ম্যানেজমেন্টের।
“টিম ম্যানেজমেন্ট থেকে স্বাধীনতা পাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্য বড় অনুপ্রেরণা। কারণ, যে পজিশনে (বেশিরভাগ ক্ষেত্রেই ৪ নম্বরে) আমি ব্যাট করি, সেখানে ব্যাট করতে নামলে অনেক চাপ থাকে।”
“আমি মনে করি, তারা আমাকে যেভাবে সামলেছে, ভয়ডরহীনভাবে খেলার সবুজ সংকেত দিয়েছে, তা বড় ব্যাপার। দলে যে অবস্থায়ই থাকি না কেন, আমি উপভোগ করি, এমনকি আউট হয়ে গেলেও। ১০ বারের মধ্যে যদি আমি ৭ বার সফল হই, তাহলে কেন ইতিবাচক থাকব না?”
পেশাদার ক্রিকেটে সূর্যকুমারের অভিষেক ২০১০ সালে। রঞ্জি ট্রফিতে অভিষেক ইনিংসেই মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন ৮৯ বলে ৭৩ রানের দারুণ ইনিংস। এরপর ভারতের ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ মেলে ১১ বছর পর। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে আহমেদাবাদে তার অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে।
এই বছর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২৭ ইনিংসে রান ৯৬৫। ৮টি ফিফটির সঙ্গে সেঞ্চুরি একটি। স্ট্রাইক রেট চোখধাঁধানো, ১৮৩.৮০।
র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা তার কঠোর পরিশ্রম ফসল, বললেন সূর্যকুমার। তবে এই অবস্থান ধরে রাখা আরও কঠিন হবে বলে মনে করেন তিনি।
"(র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পেরে) আমি খুবই খুশি। কঠোর পরিশ্রম করতে হয়েছে। শীর্ষে ওঠা খুব কঠিন ছিল, কিন্তু আমি মনে করি এই অবস্থান ধরে রাখা আরও কঠিন হবে, চ্যালেঞ্জিং হবে। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।”
বিশ্বকাপে তিনি প্রথম ম্যাচে ১৫ রানে আউট হলেও পরের দুই ম্যাচে করেন ২৫ বলে ৫১ ও ৪০ বলে ৬৮। সবশেষ বাংলাদেশের বিপক্ষে খেলেন ১৬ বলে ৩০ রানের ইনিংস। বললেন, এই সংস্করণে চ্যালেঞ্জটা হয় তার নিজের সঙ্গেই।
“আমার নিজের খেলা এবং টি-টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে যা শিখেছি তা হলো, ৭ ওভারের পর থেকে ১৫ ওভার পর্যন্ত প্রতিপক্ষ দলগুলো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। সেই সময়ে আমি নিজেকে চ্যালেঞ্জ করি এবং খেলাটির লাগাম নেওয়ার চেষ্টা করি।”
"আমি ভালো স্ট্রাইক রেট নিয়ে এবং রান রেট ভালো রেখে ব্যাট করি যাতে আমার দল ও ব্যাটারদের জন্য খেলা শেষ করা সহজ হয়ে যায়।”
